০৮:৫৪ পি.এম
আগামী ২৫ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদের উদ্দেশ্যে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়ন করবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, বিমান এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে। বর্তমানে, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত রয়েছে।
সৌদি আরবের ঢাকা-রিয়াদ রুট চালু না হওয়ায় বিপাকে পড়েছেন অপেক্ষমাণ যাত্রীরা। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ফলে দূরদূরান্ত থেকে যাত্রীরা বিমানবন্দরে এসে খোঁজ নিচ্ছেন। কিছু যাত্রী প্রবাসীদের জন্য অপেক্ষমাণ টার্মিনালে বসে আছেন, তাদের চোখেমুখে আতঙ্ক দেখা যাচ্ছে। যেতে না পারলে কাজের শেষ ভরসাও শেষ হয়ে যাবে। ইয়েমেন থেকে হুথিদের হামলার পর গত কয়েক দিনে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে, ট্রাভেল এজেন্সিগুলো সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে টিকিটপ্রতি ওয়ানওয়ের অতিরিক্ত ভাড়া ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোও একইভাবে বাড়তি ভাড়া আদায় করছে। নিরুপায় হয়ে যাত্রীরা এই অতিরিক্ত টাকা দিয়েই রিয়াদে যেতে প্রস্তুত।
আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, রিয়াদ রুট এখনও বন্ধ রয়েছে। তবে যাত্রীরা বিকল্প রুটে জেদ্দা হয়ে রিয়াদ বাইরোডে যেতে চাইলে তাদের টিকিট পরিবর্তন করে দেওয়া হচ্ছে। রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় চলতি মাসের ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। কিন্তু বর্তমানে এই সময়সীমা বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন করে টিকিট বুকিং ও সর্বশেষ তথ্য জানার জন্য বিমানবন্দরে যাওয়ার আগে সেলস কাউন্টার বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিমান সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদগামী সব ফ্লাইট আগামী ২৫ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিমানের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটসমূহ যথারীতি চালু রয়েছে। আটকে পড়া যাত্রীদের জন্য জেদ্দা রুটে বিমান অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে। বিমানের সেফটি অ্যাকশন গ্রুপ নিয়মিত বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। জেদ্দার পাশাপাশি দাম্মাম রুটে বিমান ফ্লাইট পরিচালনা করছে। প্রয়োজনে যাত্রীরা দাম্মাম গিয়ে বাইরোডে অথবা ট্রেনেও রিয়াদ যেতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ বোয়িং ৭৭৭ ব্যবহার করা হচ্ছে।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্যান্য ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ ইরানের জেনারেলের
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।
জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
উল্লিখিত রুটসমূহে ফ্লাইট পরিচালনা ও সময়সূচিসংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ক্রয়, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে
এদিকে, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটে যাত্রীর সংখ্যা ছিল ২০ হাজার ২৫৪ জন।
বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৬১টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৫টি রয়েছে।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৮টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি।
আরও পড়ুন: শিক্ষকদের জন্য জরুরি বার্তা দিলেন মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন