ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৭:৫৩ পি.এম
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া এলাকায় সরকারি রাস্তার পাশে থাকা বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রি ও কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেলাল হোসেন আকন ও মো. হালিমসহ কয়েকজন মিলে সরকারি এসব গাছ আব্দুল আলিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। গতকাল বুধবার গাছ ক্রেতা আব্দুল আলিম চারজন শ্রমিককে গাছ কাটতে পাঠায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পুলিশ বেলায়েত খান নামে এক শ্রমিককে আটক করে এবং বাকি শ্রমিকেরা পালিয়ে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। আটক বেলায়েত খান দাবি করেন, তিনি নির্দোষ। আব্দুল আলিম তাকেসহ অন্য শ্রমিকদের দিনমজুর হিসেবে গাছ কাটার জন্য পাঠিয়েছিলেন। গাছ কেনাবেচার বিষয়ে তিনি কিছুই জানেন না।
অভিযানের পর কেটে ফেলা সরকারি গাছগুলো জব্দ করা হয়েছে। তবে ঘটনার দিন সরকারি ছুটি থাকায় এ বিষয়ে স্থানীয় বন বিভাগের কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিরা এবং গাছ ক্রেতা আব্দুল আলিম পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগে করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে। এজাহারে বলা হয়েছে, বাড়ি ফেরার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং দলটির কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ছালাম শেখকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এ ঘটনায় নোমান হোসেন মৃধাসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বৃদ্ধকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যান নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কারকাজ পরিদর্শন করেছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী। এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, দোয়া মাহফিলে অংশগ্রহণ, অসুস্থ শিশুর পরিবারের পাশে দাঁড়ানো এবং একটি মসজিদে গভীর নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে নিয়ামতি ইউনিয়নের পোরাচিনা গ্রামে গিয়ে তিনি ব্যক্তিগত অর্থায়নে চলমান সড়ক সংস্কারকাজ পরিদর্শন করেন। এর মধ্যে বিহারীপুর মাদ্রাসা থেকে দফাদার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এবং ছোট পুয়াটা থেকে পোরাচিনা শিকদার বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কারকাজ রয়েছে।
সোহেল ফরাজীর আগমন উপলক্ষে বিকেল ৩টায় স্থানীয়দের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ জুলহাস মৃধা, মন্নান শিকদার, জব্বার মৃধা ও অ্যাডভোকেট মাসুম হাওলাদারসহ শত শত স্থানীয় বাসিন্দা অংশ নেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত ব্যক্তিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় সোহেল ফরাজী পোরাচিনা গ্রামসহ নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তিনি।
পরে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে পোরাচিনা শিকদার বাড়ি জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় মসজিদে পানি সরবরাহের সুবিধার্থে একটি গভীর নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া পোরাচিনা গ্রামের বাসিন্দা তাজেম শিকদারের অসুস্থ ছোট ছেলে হুমায়ূন শিকদার ও তাঁর পরিবারের খোঁজখবর নেন সোহেল ফরাজী। পাশাপাশি পরিবারটির হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন তিনি।
ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তার প্রতিশ্রুতি এবং অসুস্থ শিশুর পরিবারের পাশে দাঁড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ সনাতন ধর্মাবলম্বীদের জন্য সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী। এই বিশেষ দিনটিতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
বুধবার (২১ অক্টোবর) বিপাশা বসু তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তিনি লাল রংয়ের শাড়িতে সজ্জিত হয়ে হাজির হয়েছেন। তার শারদীয় সাজ ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
বাঙালি এই অভিনেত্রী বিজয়া দশমীতে ভক্তদের উদ্দেশ্যে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিজয়া’।
শারদীয় দুর্গাপূজায় অংশগ্রহণের পর বিপাশা শুধুমাত্র নিজের ছবি প্রকাশ করেননি, বরং স্বামী ভারতীয় অভিনেতা ও মডেল করণ সিং গ্রোভার এবং একমাত্র কন্যাসন্তান দেবীর সঙ্গেও ছবি শেয়ার করেছেন। সুখী এই পরিবারকে দেখে নেটিজেনরাও নায়িকাকে শুভ কামনা জানাচ্ছেন।
২০০১ সালে আব্বাস মাস্তান পরিচালিত থ্রিলার চলচ্চিত্র ‘আজনবি’-এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বিপাশা বসু। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় ২০১৬ সালের ৩০ এপ্রিল তিনি ভালোবেসে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। ২০২২ সালে এই জুটির সংসারে কন্যা সন্তানের আগমন ঘটে। বর্তমানে সিনেমা জগত থেকে দূরে সরে স্বামী, সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানে প্রথমবারের মতো একটি দেশব্যাপী প্রতিনিধিত্বমূলক মানসিক স্বাস্থ্য জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, দেশটির প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন শনাক্তযোগ্য মানসিক ও আচরণগত সমস্যায় ভুগছেন। এই জরিপটি লাখ লাখ মানুষের ওপর প্রভাব ফেলা একটি বড় জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জকে সামনে এনেছে।
পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটি (পিপিএস)-এর প্রতিনিধিত্বকারী গবেষকদের মতে, এই ফলাফলগুলো পাকিস্তানে এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় ও সর্বাঙ্গীণ মানসিক স্বাস্থ্য-বিষয়ক গবেষণা থেকে এসেছে।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এই গবেষণাটি পাঁচ বছর ধরে পরিচালিত হয়েছে। গবেষণার নেতৃত্ব দেন করাচির হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজা-উর-রহমান। এতে যুক্তরাজ্যের ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুল, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এবং পাকিস্তানের বিভিন্ন মনোরোগ চিকিৎসা প্রতিষ্ঠান সহযোগিতা করেছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় পাকিস্তানের চারটি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশটির মানসিক স্বাস্থ্য পরিস্থিতির একটি জাতীয় প্রতিনিধিত্বমূলক চিত্র পাওয়া গেছে।
গবেষণায় দেখা গেছে, পাকিস্তানের ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক বর্তমানে মানসিক ও আচরণগত সমস্যায় ভুগছেন। আর জীবনের কোনো না কোনো সময়ে এ ধরনের সমস্যায় আক্রান্ত হয়েছেন ৩৮ শতাংশ প্রাপ্তবয়স্ক।
প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের ক্ষেত্রে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মানদণ্ড পূরণ হয়েছে। প্রতি ১০ জনেরও বেশি প্রাপ্তবয়স্কের মধ্যে বিষণ্নতা দেখা গেছে। অন্যদিকে ছয় শতাংশ মানুষ জানিয়েছেন যে গত এক মাসে তাদের মনে আত্মহত্যার চিন্তা এসেছিল।
গবেষকেরা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য সামাজিক বৈষম্যও শনাক্ত করেছেন। বয়স্ক ব্যক্তি, কম শিক্ষিত ও নিম্ন আয়ের মানুষ, বেকার এবং স্বামী বা স্ত্রী মারা গেছেন কিংবা বিবাহবিচ্ছেদ হয়েছে বা আলাদা থাকছে – এমন ব্যক্তিদের মধ্যে মানসিক সমস্যার হার বেশি পাওয়া গেছে।
মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক এবং কাজ করার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক রাজা-উর-রহমান মন্তব্য করেন, ‘পাকিস্তানে কার্যকর মানসিক স্বাস্থ্যনীতি ও সেবা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় তথ্যপ্রমাণ এই জরিপে পাওয়া গেছে। এতে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, কোথায় সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন এবং চিকিৎসাসেবার অপূর্ণ চাহিদা কতটা বড় তা চিহ্নিত করা হয়েছে।’
তিনি জানান, জরিপটি পরিচালনার জন্য গবেষকেরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ও পদ্ধতি ব্যবহার করেছেন। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জরিপের জন্য এলাকাগুলো নির্ধারণ এবং নমুনার আকার ঠিক করতে সহায়তা করেছে।
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে এই গবেষণাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে এটি বড় পরিসরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য গবেষণা পরিচালনার ক্ষেত্রে দেশটির ক্রমবর্ধমান সক্ষমতাও তুলে ধরেছে।
সূত্র: দ্য ডন
তালাশ বিডি/মিডিয়া লিঃ