ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে


নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামত করার সময় আগুন লাগার ঘটনায় দায়ের করা মামলায় তার পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে আদালত কারাগারে পাঠিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) এবং টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান আদালতে আসামিদের হাজির করে তাদের কারাগারে রাখার আবেদন করেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলামের বক্তব্য, গাড়িটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়নি।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তিনি বলেন, "২০০৮ সালে মান্নার মৃত্যুর পর গাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। সেটি মেরামতের সময় যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে।" আজ তাদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে গাড়িটি রাখা ছিল। ওই ভবনের একটি ফ্ল্যাটে মান্নার স্ত্রী বসবাস করেন। গাড়ি থেকে তেল পড়ার কারণে ভবন কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। পরে মান্নার স্ত্রী ব্যবস্থাপক মামুনকে গাড়িটি বাইরে কোনো ওয়ার্কশপে নিয়ে মেরামত করার নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়েছে, সেই নির্দেশনা অনুসরণ না করে সোমবার মামুন টেকনিশিয়ান সোহেলকে নিয়ে ভবনের গ্যারেজেই গাড়ি মেরামতের কাজ শুরু করেন। সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। পাশের একটি ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া আগুনে ভবনের গ্যারেজ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা ও গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ভবনের কয়েকটি অংশের কাচও ভেঙে যায়। এ ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

ঘটনার পর ভবনটির ব্যবস্থাপক মো. গাজি মানিক মিয়া মঙ্গলবার সকালে ভাটারা থানায় মামলা করেন। পরে বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন ও সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, গাড়িটি প্রায় দেড় বছর ধরে পড়ে ছিল। বাইরে নিয়ে মেরামতের কথা থাকলেও মেকানিক ডেকে ভবনের গ্যারেজেই কাজ শুরু করা হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড় এলাকায় জমি সংক্রান্ত একটি দীর্ঘস্থায়ী বিরোধের কারণে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে দ্রুত বিচার ও আইনি প্রতিকার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে মো. জামরুল ইসলাম শান্ত লিখিত বক্তব্যে জানান, তাদের পারিবারিক বসতভিটার জমিটি ২০০৪ সালে তার মায়ের নামে এবং পরবর্তীতে ২০১৩ সাল থেকে তিনি বৈধ মালিক হিসেবে বসবাস করে আসছেন। জমিটি নিয়ে প্রতিপক্ষ মতিয়ার রহমানের সঙ্গে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে এবং আদালতে মামলা চলছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে কোনো আদালতের নোটিশ বা প্রশাসনিক অনুমতি ছাড়াই খোকন, মতিয়ার, সিরাজ, রবি, ছায়ের ও এনামুলসহ প্রায় ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং নগদ ৫ লাখ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও ২টি পালিত গরু লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, হামলায় প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা ঈশ্বরদী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন, তবে অভিযোগ করা সত্ত্বেও থানার এসআই হাফিজুল ইসলাম তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আইনকে সম্মান জানিয়ে পরিবারটি বর্তমানে ন্যায়বিচারের অপেক্ষায় খোলা আকাশের নিচে অবস্থান করছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান এ বিষয়ে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা থানায় এজাহার বা লিখিত অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু

ইসরায়েলের নির্বাচনে একক দল হিসেবে এগিয়ে থাকার পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অনুভব করছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি মন্তব্য করেছেন যে, দেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ডানপন্থী সরকার গঠন করা অত্যন্ত জরুরি। একইসাথে, নেতানিয়াহু বলেছেন যে, ইসরায়েলের অস্তিত্বের বিরোধী আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠন করা উচিত নয় এবং এটি লজ্জাজনক বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পশ্চিম জেরুজালেমে নিজের দল লিকুদের প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে নেতানিয়াহু এসব কথা বলেন। নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর প্রাথমিক ফল প্রকাশের সময় তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু জানান, নির্বাচনের প্রকৃত ফল জানতে আরও এক থেকে দুই দিন অপেক্ষা করতে হবে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, লিকুদ ইসরায়েলের সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসবে।

ভোট গণনার অর্ধেকের বেশি সম্পন্ন হওয়ার পর প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৬টি আসন পেতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৯টি আসন পেতে পারে। তবে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে লিকুদ পার্টি এককভাবে প্রায় ২৭টি আসন পেতে পারে বলে দেশটির ১২ ও ১৩ নম্বর টেলিভিশন চ্যানেলের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আইজেনকোটের ইয়াশার পার্টি ২১টি আসন পেতে পারে।

বক্তব্যে নেতানিয়াহু ২০২২ সালে বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার পর তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি দাবি করেন, তার সরকারের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।

নেতানিয়াহু বলেন, হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ, রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে নির্মূল করা হয়েছে।

তিনি আরও বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছে ইসরায়েল। ইরানের হুমকি মোকাবিলা করে দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তার ভাষায়, ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল এবং ইসরায়েল আরও শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করে ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।

সাবেক ইসরায়েলি কূটনীতিক অ্যালন পিনকাসের মতে, নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলকে সরকার গঠনের জন্য এমন জোট করতে হতে পারে, যা রাজনৈতিকভাবে অস্বস্তিকর। তবে বিরোধী শিবিরের ভোটাররা নেতানিয়াহুর জোটের সঙ্গে সমঝোতা মেনে নিতে চাইবেন না বলে তিনি মনে করেন।

আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, বক্তব্যে নেতানিয়াহু নিজের দলের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী ভাব দেখানোর চেষ্টা করেছেন। তার মতে, সরকার গঠনের মতো জোট নিশ্চিত করতে না পারার বিষয়টি আড়াল করতেই সবচেয়ে বড় দল হওয়ার সম্ভাবনাকে সামনে আনছেন নেতানিয়াহু।

বিশ্লেষক ড্যান পেরির মতে, বুথফেরত জরিপ প্রকাশের পর পরিস্থিতিকে নিজের পক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ফলে, লিকুদ একক দল হিসেবে এগিয়ে থাকলেও, নেতানিয়াহু শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কি না, তা জোটের সমীকরণ ও অন্যান্য দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে ১৮টি ভারতীয় কম্বলসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোহাম্মদ নূর ‎: সুনামগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


সুনামগঞ্জে ১৮টি ভারতীয় কম্বলসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮টি ভারতীয় কম্বলসহ মো. সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন জামাল স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মুকুল খাঁন, এএসআই (নিরস্ত্র) মো. খাদেমুল ইসলাম ও কনস্টেবল দিপক মুন্ডা অভিযানে অংশ নেন।
‎
‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় কম্বল বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে।
‎
‎অভিযানে তাঁর হেফাজত থেকে ১৮টি কম্বল জব্দ করা হয়। প্রতিটি কম্বলের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা হিসেবে জব্দ করা কম্বলগুলোর মোট মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
‎
‎
‎ এ বিষয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, অপরাধ দমন ও অবৈধ পণ্য পরিবহন রোধে জেলা গোয়েন্দা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

শোরাফ উদ্দিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফয়জুল কোরআন ইসলামী একাডেমির হিফজ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ওমর ফারুক। সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি হোসাইন মাহমুদ।

এ বছর একাডেমি থেকে পাঁচজন শিক্ষার্থী পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। তারা হলেন—হাফেজ আব্দুর রহমান, হাফেজ মেহেদী হাসান মিনহাজ, হাফেজ মেরাজুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান ও হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম। তাদের মধ্যে তিনজন যথাক্রমে ৮ মাস ১০ দিন, ১১ মাস ১০ দিন ও ১১ মাস ২০ দিনে হিফজ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের ফুল, পাগড়ি, সনদ ও সম্মাননা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাদের অভিভাবকদেরও ক্রেস্ট প্রদান করা হয়। কোরআন তিলাওয়াত, ইসলামি গজল এবং শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষায় পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, এ বছরসহ একাডেমি থেকে মোট ১৭ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছেন। অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান। শিক্ষার্থীদের এ অর্জনে অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসাহ দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%