১২:৪০ পি.এম
বলিউড অভিনেত্রী টাবু ৫৫তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন। তার জন্মদিন উপলক্ষে দক্ষিণী সিনেমা ‘কিং১০০’-এ অভিনেত্রীর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছে নির্মাতারা। এতে তাকে ‘মহন্তী ঝাঁসি রানি’ চরিত্রে দেখা গেছে। প্রকাশিত ভিডিওতে চরিত্রটির রাজকীয় পারিবারিক পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং দৃঢ় ব্যক্তিত্বের আভাস পাওয়া যায়।
বুধবার (৪ নভেম্বর) টাবুর জন্মদিনে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অন্নপূর্ণা স্টুডিওস সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ করে। পোস্টারের পাশাপাশি একটি ঝলক ভিডিওও প্রকাশ করা হয়। ভিডিওতে টাবুকে গম্ভীর ও প্রভাবশালী এক চরিত্রে উপস্থাপন করা হয়েছে। পোস্টারের সঙ্গে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি তার পর্দায় উপস্থিতি ও অভিনয়ের তীব্রতার প্রশংসা করেছে।
কেমন টাবুর নতুন চরিত্র?
আরও পড়ুন: থাইল্যান্ডে স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম
ঝলকে ‘মহন্তী ঝাঁসি রানি’কে এমন একজন হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি বিশ্বাস করেন পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে—একদল পরিশ্রমে বিশ্বাসী এবং অন্যদল ভাগ্যে। ভাগ্যের ওপর নির্ভরশীল মানুষদের প্রতি তার অসন্তোষ প্রকাশ পেয়েছে। ভিডিওতে তার সংলাপ ও উপস্থিতি থেকে চরিত্রটির দৃঢ় মনোভাবের পরিচয় পাওয়া যায়।
এছাড়া, ভিডিওতে চরিত্রটি একটি রাজপরিবারের সদস্য এবং রাজনীতির সঙ্গে যুক্ত—এমন ইঙ্গিতও রয়েছে। তবে গল্পে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কিংবা নাগার্জুনের চরিত্রের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।
নাগার্জুনের শুভেচ্ছা
টাবুর জন্মদিনে ছবিটির সহশিল্পী নাগার্জুনও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রীর চরিত্রের পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় টাবু। ‘নিন্নে পেল্লাদাতা’ সিনেমার পান্ডুকে পৃথিবী কখনো ভুলবে না। আর এবার ‘মহন্তী ঝাঁসি রানি’ হিসেবেও তিনি আমাদের স্মৃতিতে জায়গা করে নেবেন। তুমি এই ছবিকে বিশেষ করে তুলেছ।’
আরও পড়ুন: শিল্পীদের ব্যক্তিগত সময়েও গোপন ক্যামেরা, সতর্ক করলেন রেশমা আহমেদ
নাগার্জুনের এই বার্তায় টাবুর সঙ্গে তার দীর্ঘদিনের পর্দার সম্পর্কের কথাও উঠে এসেছে। এর আগে দুজনকে একসঙ্গে দেখা গেছে ‘নিন্নে পেল্লাদাতা’ ও ‘আবিদা মা আবিদে’ সিনেমায়। প্রায় ২৮ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা।
নাগার্জুনের শততম সিনেমা ‘কিং১০০’
‘কিং১০০’ নাগার্জুনের অভিনয়জীবনের শততম সিনেমা। এ কারণেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে। চলতি বছরের আগস্টে অভিনেতার জন্মদিনে সিনেমাটির নাম ঘোষণা করা হয়। একই সময় প্রকাশ করা হয়েছিল তার চরিত্রের প্রথম ঝলক। সেখানে অর্থ ও পরিচয় নিয়ে নাগার্জুনের চরিত্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
এ ছবিতে নাগার্জুনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টাবু। সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করেছেন আর এ কার্তিক। প্রযোজনায় রয়েছে অন্নপূর্ণা স্টুডিওস। সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ, চিত্রগ্রহণে রাজা মহাদেবন এবং সম্পাদনায় নবীন নূলি।
আরও পড়ুন: পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি
‘কিং১০০’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন