ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি


নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন মধ্যডানপন্থি ন্যাশনাল পার্টি এগিয়ে রয়েছে। এই দলটি এখন পর্যন্ত ৩০ দশমিক ৮১ শতাংশ ভোট অর্জন করেছে। তাদের পেছনে রয়েছে বিরোধী মধ্যবামপন্থি লেবার পার্টি, যাদের প্রাপ্ত ভোটের পরিমাণ ২৯ দশমিক ৯৯ শতাংশ। ফলে দুই দলের মধ্যে ব্যবধান অত্যন্ত সামান্য রয়েছে।

শনিবার দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত প্রাথমিক ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। কমিশন একই সঙ্গে জানিয়েছে, মধ্যপন্থি অপারচুনিটি পার্টি সংসদে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করবে।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয় এবং এটি চলতে থাকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। গ্রিনিচ মান সময় অনুযায়ী, শুক্রবার রাত ৮টায় ভোট শুরু হয়ে শনিবার সকাল ৬টায় শেষ হয়।

আরও পড়ুন: মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত ফলাফলে পরিস্থিতি কোন দিকে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব দিবস নানা আয়োজনে পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


জাতীয় বিপ্লব দিবস নানা আয়োজনে পালিত

পাবনার বেড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, রুনাল্ট চাকমা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম সেলিম রেজা হাবিব, মাননীয় সংসদ সদস্য ৬৯ পাবনা-২। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নুরের মাইশা খান, উপজেলা বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার, বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের পটভূমি ও গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশের সিপাহী ও জনতা একত্রিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ‘ফাইনাল কাণ্ডে’ আর্জেন্টাইন তারকা মলিনার শাস্তি কমল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


বিশ্বকাপ ‘ফাইনাল কাণ্ডে’ আর্জেন্টাইন তারকা মলিনার শাস্তি কমল

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর লড়াই ও শিরোপা নির্ধারণী ম্যাচের পর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও অসদাচরণের কারণে বড়সড় শাস্তির মুখে পড়া আর্জেন্টিনার তিন ফুটবলারের মধ্যে দুজনের শাস্তির রায় পুনর্বিবেচনা করেছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে ফিফার আপিল বিভাগে আর্জেন্টিনার রাইট-ব্যাক নাহুয়েল মলিনার শাস্তি কমানো হয়েছে, তবে অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ সুনির্দিষ্ট আবেদনের পরিপ্রেক্ষিতে মলিনার ওপর আরোপিত শাস্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে মলিনাকে ৭ ম্যাচের নিষিদ্ধের পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করেছিল ফিফা। তবে আপিলের পর সেই শাস্তি কমিয়ে ৪ ম্যাচে নামিয়ে আনা হয়েছে এবং জরিমানার অঙ্ক ৯০ হাজার ডলার থেকে কমিয়ে ৬০ হাজার ডলারে নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, উত্তেজনাকর সেই ফাইনাল ম্যাচে উদযাপনের সময় স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার অপরাধে শাস্তি পেয়েছিলেন এই ডিফেন্ডার।

তবে মলিনার কপাল খুললেও ফিফার কঠোর রায়ের বেড়াজাল থেকে মুক্ত হতে পারেননি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। স্প্যানিশ খেলোয়াড়দের আনন্দ উদযাপনের ঠিক মাঝখানে গিয়ে এরিক গার্সিয়াকে ধাক্কা ও শারীরিক আঘাত করার পাশাপাশি তরুণ তারকা গাভির সঙ্গেও হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই গুরুতর অপরাধে ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলারের আর্থিক জরিমানা বহাল রাখা হয়েছে।

শুধু পারেদেসের শাস্তিই নয়, এর পাশাপাশি গ্যালারি থেকে আসা বৈষম্যমূলক ও আপত্তিকর স্লোগানের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ওপর ফিফার ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলারের বিশাল জরিমানার সিদ্ধান্তেও অনড় রয়েছে ফিফা।

এদিকে পারেদেসের কঠোর নিষেধাজ্ঞা এবং বর্ণবাদী স্লোগানের দায়ে করা এই বিশাল জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে হার মানতে নারাজ এএফএ। ফিফার এমন একপেশে সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে সংস্থাটি। এএফএ জানিয়েছে, ফিফার দেওয়া রায়গুলোর বিস্তারিত আইনি কারণ ও নথি হাতে পাওয়ার পরপরই তারা সিএএস-এ আপিল করবে। তাদের দৃঢ় বিশ্বাস, এই আপিলের পক্ষে পর্যাপ্ত তথ্যগত ও বলিষ্ঠ আইনি যুক্তি ও প্রমাণ রয়েছে।

এর আগে ফিফার প্রাথমিক নিষেধাজ্ঞা অনুযায়ী, থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে ঘুষি মারার অপরাধে আর্জেন্টিনার কোচিং স্টাফের অন্যতম সদস্য ও সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অবশ্য ইতিমধ্যে আগের আন্তর্জাতিক ফিফা উইন্ডোজেই ওই কোচ ও ফুটবলারের নিষেধাজ্ঞার মেয়াদ সফলভাবে শেষ হয়েছে।

উল্লেখ্য, লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথমবার মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। আগামী ১৩ নভেম্বর রাজধানী বুয়েন্স আয়ার্সে উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে মহারণে লড়বে আলবিসেলেস্তেরা। এরপর আগামী ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বসেরারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমরার নিয়ত করে ইহরাম পরা অবস্থায় ইন্তেকাল, মক্কায় যেতে পারলেন না তুর্কি ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ওমরার নিয়ত করে ইহরাম পরা অবস্থায় ইন্তেকাল, মক্কায় যেতে পারলেন না তুর্কি ইমাম

পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কার দিকে যাত্রা শুরু করেছিলেন ৬৮ বছর বয়সী তুর্কি অবসরপ্রাপ্ত ইমাম আবদুল্লাহ ওজকান। কিন্তু সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে ওঠার পূর্বেই কনিয়া বিমানবন্দরে নামাজরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হৃদয়বিদারক এই ঘটনা ঘটে যখন তিনি সঙ্গী ওমরাহযাত্রীদের নিয়ে বিদায়ী দোয়া পরিচালনা করছিলেন ইহরাম পরা অবস্থায়।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) ভোরে কনিয়ার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। আবদুল্লাহ ওজকান ছিলেন কনিয়া প্রদেশের বেইশেহির জেলার একজন অবসরপ্রাপ্ত ইমাম এবং তিনি একটি হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৮০ জনের একটি দলের সঙ্গে সৌদি আরব যাচ্ছিলেন আবদুল্লাহ ওজকান। রাত ২টার দিকে ভ্রমণের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বিমানবন্দরে সমবেত হন তাঁরা। এ সময় তিনি যাত্রীদের নিয়ে বিদায়ী নামাজ ও দোয়া পরিচালনা করেন।

নামাজ শেষে কালিমায়ে শাহাদাত, তালবিয়া এবং মহানবী হজরত মুহাম্মদ ﷺ-এর প্রতি দরুদ পাঠ করার সময় হঠাৎ তাঁর কণ্ঠস্বর দুর্বল হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দরুদ পাঠের শেষ পর্যায়ে তিনি সামনের দিকে ঢলে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় আশপাশে থাকা ওমরাহযাত্রীরা দ্রুত তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও হৃদ্‌যন্ত্র সচল করার চেষ্টা (সিপিআর) চালান। পরে জরুরি সেবাকর্মীরা তাকে সেলচুক বিশ্ববিদ্যালয় মেডিকেল ফ্যাকাল্টি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সেখানে তাঁর মৃত্যু ঘটে।

তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট চিকিৎসাগত কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আবদুল্লাহ ওজকানের সঙ্গে প্রায় ১৫ বছর ধরে কাজ করেছেন ইসমাইল গুমুশ। ঘটনার সময় তিনিও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি জানান, মৃত্যুর আগে ওজকানের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। গুমুশ বলেন, নামাজ শেষ করার পর মহানবী সা.-এর প্রতি দরুদ পাঠ করার সময় তাঁর কণ্ঠস্বর ধীরে ধীরে দুর্বল হয়ে আসে এবং এরপর তিনি সামনের দিকে পড়ে যান।

বেইশেহিরের মুফতি এনেস আকতাশ আবদুল্লাহ ওজকানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে ধর্মীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের কাছে সম্মানিত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন।

শুক্রবার বেইশেহির জেলার চারশি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বেইশেহির কবরস্থানে দাফন করা হয়। জানাজায় পরিবারের সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ইহরাম পরে যাত্রা শুরু করলেও আবদুল্লাহ ওজকান মক্কায় পৌঁছাতে পারেননি। বিদায়ী দোয়া পরিচালনার সময়েই থেমে গেল তাঁর জীবনের পথচলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালে ২ ঈদে কতদিন ছুটি, জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


২০২৭ সালে ২ ঈদে কতদিন ছুটি, জানা গেল

২০২৭ সালে দুই ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ছুটির সুবিধা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটি থাকবে। অন্যদিকে, ঈদুল আজহায় ছুটির সংখ্যা হবে ছয় দিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর পূর্বে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। ফলে ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

ঈদুল আজহার দিনও সাধারণ ছুটি থাকবে। এর আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে ঈদুল আজহায় মোট ছয় দিন ছুটি পাওয়া যাবে।

দুই ঈদ মিলিয়ে আগামী বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মোট ১১ দিন ছুটি উপভোগ করবেন।

২০২৭ সালের ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে ১০ মার্চ, বুধবার হতে পারে। ঈদুল আজহা হতে পারে ১৭ মে, সোমবার। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।

এসব ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে দুই দিন। এর মধ্যে বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%