০৯:৩৩ পি.এম
ফুটবল বিশ্বকাপ–২০২৬-কে নিয়ে সারা দেশের সঙ্গে সীমান্তবর্তী জেলা শেরপুরেও ফুটবল উন্মাদনার ঢেউ উঠেছে। শহরগুলো থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বিভিন্ন স্থানে প্রিয় দলের প্রতি সমর্থকদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের সময় শেরপুর সরকারি কলেজ মাঠে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাজিলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা ও বাঁশি নিয়ে সমর্থকেরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। শেরপুর সরকারি কলেজের ব্রাজিল ফ্যানদের উদ্যোগে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণির তিন শতাধিক ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
শোভাযাত্রায় ঢাক-ঢোল, স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস এবং আশপাশের এলাকা। সমর্থকদের উজ্জ্বল উপস্থিতি ও উৎসাহে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রায় অংশ নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও ব্রাজিলের একজন সমর্থক নাঈম হাসান উজ্জ্বল বলেন, "ব্রাজিল সবসময়ই শৈল্পিক ফুটবলের জন্য পরিচিত। আমরা আশা করছি, দলটি এবারের বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স উপহার দেবে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।"
শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা জানান, "ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। এবারের দলটিও অত্যন্ত শক্তিশালী। আমরা বিশ্বাস করি, ব্রাজিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে ‘হেক্সা’ পূরণ করবে।"
অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে মেহের জাকির হোসেন, খান অপু ও আব্দুল আলিম জানিয়েছেন যে, ব্রাজিলের সম্ভাব্য ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সামনে রেখেই এই আয়োজন করা হয়েছে। তারা বললেন, "এ ধরনের আয়োজন শুধু ফুটবলপ্রেমীদের মিলনমেলাই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।"
আরও পড়ুন: রাজৈরে পরকীয়ায় বাধা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বিশ্বকাপকে ঘিরে শেরপুরে ফুটবলপ্রেমীদের এই প্রাণবন্ত অংশগ্রহণ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন