১১:১৯ পি.এম
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
তবে স্থানীয়দের দাবি, গ্যাসভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার সময় প্রতিষ্ঠানের ভেতরে আটজন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন