১০:০৪ পি.এম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : উবার এবং ওয়েমোর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে, তাদের স্বচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ শিগগিরই বাজারে আনার সংকেত দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা।
নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ইলন মাস্কের প্রতিষ্ঠিত কোম্পানিটি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণামূলক ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় একটি আয়োজনে সাইবারক্যাবে “বিশেষ প্রবেশাধিকার” পাওয়ার সুযোগের কথা উল্লেখ করা হয়েছে।
এই কোম্পানিটি তাদের ওয়েবসাইটে আয়োজিত একটি লটারিতে অংশ নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ জেতার প্রচারণা চালিয়েছে। এ বিষয়ে তারা বলেছে, ‘অস্টিনে আমাদের সাইবারক্যাব রোবোট্যাক্সির উদ্বোধন উদযাপন করছি—আর আপনিও সেখানে থাকতে পারেন।’
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
২০২৪ সালের অক্টোবরে প্রথমবার উন্মোচিত সোনালি রঙের এই গাড়িতে দুইজন যাত্রী বসতে সক্ষম হবে। এটি টেসলার প্রথম গাড়ি, যার মধ্যে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই।
সে সময় মাস্ক বলেছিলেন, কোম্পানিটি ২০২৭ সালের আগেই স্বচালিত এসব গাড়ির উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে এবং ব্যক্তিগত ক্রেতাদের কাছে ৩০ হাজার ডলারের কম দামে গাড়িগুলো বিক্রি করা হবে।
মার্কিন প্রযুক্তিবিষয়ক প্রকাশনা দ্য ইনফরমেশন চলতি সপ্তাহে জানিয়েছে, টেসলার কর্মীদের বলা হয়েছে যে প্রথমে জনসাধারণের চলাচলের রাস্তায় কর্মীদের জন্য সাইবারক্যাবের যাত্রা চালু হবে। এর পর গাড়িগুলোকে অস্টিনে টেসলার রোবোট্যাক্সি সেবার বহরে যুক্ত করা হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার ভক্তরা বেশ কয়েকটি পার্কিং এলাকায় বিপুলসংখ্যক সাইবারক্যাব দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। এতে গাড়িটির উদ্বোধন আসন্ন—এমন গুঞ্জন আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
গত বছর টেসলা অস্টিনে তাদের মডেল ওয়াই এসইউভি ব্যবহার করে স্বচালিত গাড়ির কার্যক্রম শুরু করে। পরে ‘রোবোট্যাক্সি’ সেবাটি ধীরে ধীরে টেক্সাস, ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে সম্প্রসারিত করা হয়।
তবে অঙ্গরাজ্যগুলোর আইনে অনেক গাড়িতে প্রয়োজনে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একজন মানব তত্ত্বাবধায়ক বা চালক রাখা বাধ্যতামূলক।
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের স্বচালিত গাড়ি বিষয়ক সহযোগী প্রতিষ্ঠান ওয়েমো বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে তাদের সেবা পরিচালনা করছে।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন