প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপি মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে, এ কথা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ।
রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেন।
তিনি উল্লেখ করেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে। সব ধর্ম, বর্ণ ও মত-পথের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়ন করতে শুরু হয়েছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে, মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। এজন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরার জন্য বলা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনকি তার নিজ পরিবারও এই কার্ডের আওতাভুক্ত হবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।
প্রেস সচিব বলেন, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, তার সফল বাস্তবায়ন নিশ্চয়ই হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে মতভেদ ও কিছু বিভাজন থাকা স্বাভাবিক ঘটনা। তবে, তা অবশ্যই দলের ও দেশের স্বার্থের বাইরে যাওয়া উচিত নয়। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে কিছুটা বিভেদ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কিন্তু তিনি আশাবাদী যে অচিরেই এই বিভেদ কাটবে। এজন্য সবাইকে কিছুটা সময় ও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, আপনারা প্রত্যেকেই দলের দুর্দিনে দলের সঙ্গে ছিলেন এবং আন্দোলন-সংগ্রাম করেছেন। তাই এখন ধৈর্য ধরুন। সামনে আমাদের ভালো সময় আসছে। সারাদিন যা-ই বলা হোক, দিনশেষে দলের স্বার্থে সবাই এক হয়ে থাকা প্রয়োজন।
সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেহলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসী মোল্লা, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আবদুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু এবং পৌর ছাত্রদলের আশিক পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন