০৪:৩৩ পি.এম
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত ও সংগ্রামী জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে থাকা আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মোঃ শাহিন, এবং ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, ভৈরব পৌর জামাতে আমীর মাওলানা মুছা মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল।
আলোচনা সভায় বক্তরা বলেন, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব আরও জোরদার করার দাবি জানান বক্তারা।
আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি,জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানজুড়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন