ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: ভূমিমন্ত্রী মিনু


জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী, ৫ আগস্ট, ২০২৬ : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক দীপ্ত প্রত্যয়। জাতি এই দিবসটিকে মহান মুক্তিযুদ্ধ, ৫২-র ভাষা আন্দোলন এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের মতোই চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

ভূমিমন্ত্রী শহীদদের পরিবারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন কোনোভাবে তাঁদের অসম্মানিত বা নির্যাতিত না হয়, তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, সরকার শহীদের সন্তানদের লেখাপড়া ও পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে এবং প্রয়োজনে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে আজ জাতি বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ পেয়েছে। তিনি সম্প্রতি মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের উদাহরণ টেনে বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

রাজশাহীর উন্নয়নে এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো রক্ষায় তার দৃঢ় অববস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, নেসকো বা অন্য কোনো প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নিতে দেওয়া হবে না। তিনি দেশে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান এবং বলেন, আর কোনো প্রতিহিংসা নয়, আগুন বা ভাঙচুর নয়, সবাইকে মিলে দেশ গড়তে হবে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন শহীদ সাকিব আঞ্জুমের বাবা মাইনুল হক, শহীদ আবু রায়হানের বাবা মুসলেম আলী ও শহীদ মিনারুলের স্ত্রী নুরেসান ও আহত জুলাই যোদ্ধারা।

শহীদের স্বজনরা তাঁদের বক্তব্যে বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা দরকার। সেই সাথে শহীদ ও আহতদের পরিবারের পাশে সবসময় দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেন।

আলোচনা সভায় অন্যান্য জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারকে শুভেচ্ছা উপহার এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রীসহ অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন। পরিদর্শনকালে, তিনি জাদুঘরের সংরক্ষিত একটি লাল টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা বিতর্কিত ফোনালাপ শোনেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের প্রকৃত রূপ উন্মোচন করবে। আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বকে জাতীয় স্মৃতিতে ধারণ করার ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক উদ্যোগ। ফ্যাসিবাদের সময়ে গুম ও খুনকে স্বাভাবিক একটি বিষয় বানিয়ে ফেলা হয়েছিল।’

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময়, তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আলোকচিত্র, সংগৃহীত স্মারক, দলিলপত্র এবং শহীদদের স্মৃতিচিহ্ন পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে, গ্যালারিতে রক্ষিত লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ড তিনি শোনেন।

জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে আন্দোলন ও গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়, ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগ এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা ও গবেষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনটি জানাচ্ছে, আজ বুধবার (৫ আগস্ট) ইয়াহইয়া সারি এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ এবং ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতির অংশ হিসেবে ইয়ানবু উপকূলের বিপরীতে লোহিত সাগরের উত্তরাঞ্চলে ‘ওয়াফা’ নামে একটি সৌদি তেলবাহী ট্যাংকারে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও দাবি করেন যে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জানাচ্ছেন, গত ২২ জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে কার্যকর হওয়া নৌ অবরোধের ফলস্বরূপ এখন পর্যন্ত আটটি সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে ২৯টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

ইয়াহইয়া সারি বলেন, লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, সৌদি আরবগামী সব সামুদ্রিক রুট কার্যত বন্ধ করে দেওয়ার লক্ষ্যে এসব অভিযান আরও জোরদার করা হবে।

তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর যে দাবি করা হচ্ছে, সেই বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া হামলার ঘটনা, ক্ষয়ক্ষতি বা ট্যাংকারে আঘাত হানার দাবি স্বাধীনভাবে যাচাই করার পথ খোলা নেই।

ইয়েমেনের রাজধানী সানায় কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের পরই লোহিত সাগরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, আজ বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানী সানাজুড়ে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়েমেন নেট দাবি করেছে, সৌদি যুদ্ধবিমান সানার আকাশে উড়তে দেখা যাওয়ার একই সময়ে শহরে কয়েকটি তীব্র বিস্ফোরণ ঘটে।

এদিকে কয়েকটি আরব সংবাদমাধ্যম জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দর ও শিল্পাঞ্চলেও আজ বুধবার ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরাক নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেবেল আলি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে এখনও কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানোর দাবি করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ‘স্থানীয় সময় দুপুরের দিকে চালানো এই হামলায় ড্রোনটি নিখুঁতভাবে তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

তিনি আরও জানান, সৌদি আরব সম্প্রতি ড্রোন ব্যবহার করে ইয়েমেনের সা’দা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এরই পাল্টা জবাব হিসেবে এ ধরনের হামলা বিমানবন্দরে করা হয়েছে।

সেই সঙ্গে হুতি মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করা হলে তা কোনোভাবেই শাস্তিহীন বা জবাব ছাড়া পার পাবে না।

সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি বিমান হামলার জেরে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ফলে ২০২২ সাল থেকে দুই পক্ষের মধ্যে চলমান অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভঙ্গ হয়ে গেছে। এরপর হামলা পাল্টা হামলা এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

এর ফলস্বরূপ গত ২০ জুলাই হুথিরা লোহিত সাগরে সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করে। এই অবরোধের অংশ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী সৌদি আরবের ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি তেলবাহী ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে থাকে গোষ্ঠীটি।

জবাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত ২৪ ও ২৫ জুলাই হুথি-নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদাহ এবং কামারান দ্বীপে ব্যাপক বিমান হামলা চালায়।

পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি বিমান হামলার পরপরই দেশটির লোহিত সাগর তীরবর্তী শহর ইয়ানবু ও জিজানে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো-এর স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে হুতিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

খুলনার তেরখাদায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ রাজু মোল্লা (৫৮) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার বসুন্দরীতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটির দাদা তাকে খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। এরপর শিশুটি বাড়ির পাশের একটি দোকানে চকোবিন কিনতে গিয়েছিল। এ সময় দোকানদার রাজু মোল্লা শিশুটিকে একটি প্যাকেটের পরিবর্তে দুটি প্যাকেট চকোবিন দিতে চাইলে শিশুটি একটি প্যাকেট নেওয়ার কথা জানায়। এই সময়ে অভিযুক্ত কৌশলে শিশুটিকে দোকানসংলগ্ন একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এই ঘটনার সময়ে পাশের বাড়ির এক কিশোরী দোকানে ডিম কিনতে গিয়ে ডাকাডাকি করেন। একপর্যায়ে যখন দোকানদার ঘর থেকে বেরিয়ে আসেন, তখন শিশুটি অসংলগ্ন পোশাক পরিধানে ঘর থেকে বেরিয়ে চলে যায়। পরে জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত রাজু মোল্লা আটক করে পুলিশে সোপর্দ করে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দেশে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হাম রোগী হিসেবে ৯৫৯ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বিস্তারিতভাবে জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিহত পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে, এ সময়ে পরীক্ষায় কারো হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামের কারণে মারা গেছেন ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৬৫৫ জন নিশ্চিত হাম রোগীতে আক্রান্ত হয়েছেন।

একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে এখন ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে দাঁড়িয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।

বিভাগভিত্তিক হিসাব করলে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে, যেখানে রোগীর সংখ্যা ৩৯৪। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪, সিলেটে ১১৯, বরিশালে ১১৪, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৭, রাজশাহী এলাকায় ৩১ এবং রংপুরে ১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%