ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত


গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী, ৬ আগস্ট, ২০২৬ : জুলাই মাসের গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এর প্রেক্ষিতে, আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এটি গতকাল বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্রি মোড়ে অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড. সৈয়দ শাহিন শওকত।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

সমাবেশে শহীদ সাকিব আনজूमের পিতা আইনুল হক এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণ স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদের সভাপতিত্বে এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতিবৃন্দ আসলাম সরকার, অলিউল হক রানা, অ্যাড. আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিন, মোক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন এবং সদস্য সচিব এমদাদুল হক লিমন প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ এবং ওয়ার্ড বিএনপির নেতৃবন্দ, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

এর আগে দলের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে মহানগর বিএনপির সমাবেশে যোগদান করেন।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্লেজিয়ারিজম বিতর্কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


প্লেজিয়ারিজম বিতর্কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদত্যাগ

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : প্লেজিয়ারিজম (মেধাস্বত্ব চুরি) নিয়ে অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন আর্ডে। মর্যাদাপূর্ণ এই ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠানটি অধ্যাপক আর্ডের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করার সংবাদ জানানোর পরে তিনি এই সিদ্ধান্ত নেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০১৩ সালে কেমব্রিজের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হয়ে সংবাদ শিরোনামে আসেন জেসন আর্ডে। তবে সম্প্রতি তার পিএইচডি থিসিসের কিছু অংশে মেধাস্বত্ব চুরির অভিযোগের সম্মুখীন হতে হয় তাকে। তার একাডেমিক যোগ্যতার কিছু দিক সম্পর্কেও প্রশ্ন উঠেছে।

এদিকে, আর্ডে এবং তার সমর্থকরা জানান, এই বিশ্লেষণের পেছনে বর্ণবাদী উদ্দেশ্য নিহিত রয়েছে।

একটি অনলাইন পোস্ট করা চিঠিতে আর্ডে উল্লেখ করেন, এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় ছিল পদত্যাগ করা। তিনি বলেন, তার এই পদত্যাগের সিদ্ধান্তকে অপবাদের স্বীকৃতি হিসেবে ভুলভাবে বোঝা যাতে না হয়।

আর্ডে লিখেছেন, "এটি এমন একজন মানুষের সিদ্ধান্ত, যিনি এতটাই কষ্ট সহ্য করেছেন যে, এর বেশি সহ্য করা আর কারো কাছ থেকে প্রত্যাশা করা যায় না।"

তিনি জানান, কেমব্রিজের 'সোসিওলজি অব এডুকেশন'-এর অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জেসাস কলেজের ফেলো পদ থেকে পদত্যাগ করছেন।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় জানায়, তারা অধ্যাপক আর্ডের একাডেমিক যোগ্যতা এবং সম্মানসূচক নিয়োগের বিষয়ে নতুন কিছু তথ্যের ভিত্তিতে একটি তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়টি আরও জানায়, একাডেমিক অসদাচরণ সম্পর্কে কিছু অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে জুন মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর্ডের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল, এবং একে তার 'ভাবমূর্তি ক্ষুণ্নের একটি জঘন্য প্রচারণা' বলে উল্লেখ করেছিল। পাশাপাশি, তারা দাবি করেছিলেন, তার থিসিস এবং জার্নাল প্রকাশনার অভিযোগগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জার্নাল কর্তৃপক্ষ তদন্ত করে খারিজ করেছে।

কিন্তু, নতুন কী তথ্যের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে, তা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। অন্যদিকে জেসাস কলেজ আলাদাভাবে জানায় যে, তারা নিজস্ব তদন্ত শুরু করছে।

যুক্তরাষ্ট্রের গবেষক নাথান কফনাস অভিযোগ করেছেন, আর্ডের পিএইচডি থিসিসের একাধিক অংশ অন্যান্য কাজ থেকে হুবহু নকল করা হয়েছে।

বর্ণবাদের অভিযোগে ২০২৪ সালে কেমব্রিজের সাথে কফনাসের গবেষণামূলক সম্পর্ক বন্ধ হয়েছিল। আর্ডের ব্যক্তিগত জীবন সম্পর্কেও কিছু দাবী বর্তমানে বিতর্কের মুখোমুখি হয়েছে, যেমন তিনি একবার ৩৫ দিনে ৩০টি ম্যারাথন দৌড়েছিলেন এবং দাতব্য সংস্থার জন্য লাখ লাখ টাকা সংগ্রহ করেছিলেন।

গত শনিবার 'দ্য টাইমস' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্ডে স্বীকার করেন, একাডেমিক ক্ষেত্রে কিছু 'ভুল' হয়েছিল। তবে তিনি আফসোস করে বলেন, 'তাকে ভুলভাবে একজন মিথ্যাবাদী, কাল্পনিক চরিত্র ও একাডেমিক প্রতারক হিসেবে চিত্রিত করা হচ্ছে।'

আর্ডে আরও অভিযোগ করেন, তার পদ থেকে সরানোর প্রচারণা আসলে 'বর্ণবাদ দ্বারা অনুপ্রাণিত।'

ডানপন্থী সংবাদপত্র এবং সমালোচকরা এই কেলেঙ্কারির ঘটনায় সরব হয়েছেন। তারা আর্ডেকে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) নীতির 'পোস্টার বয়' হিসেবে আখ্যায়িত করেছেন। তার সমর্থনে এবং কৃষ্ণাঙ্গদের অবমূল্যায়নের অভিযোগ তুলে ১৫ হাজারেরও বেশি মানুষের একটি খোলা চিঠিতে সাক্ষর হয়েছে, যার মধ্যে বিশিষ্ট কৃষ্ণাঙ্গ শিক্ষাবিদ এবং কেমব্রিজের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও রয়েছেন।

এর আগে বুধবার প্রকাশনা সংস্থা 'সাইমন অ্যান্ড শুস্টার' জানায়, তারা আর্ডের জীবনকাহিনী প্রকাশ করতে পেরে 'গর্বিত'। চলতি মাসেই তাদের যুক্তরাজ্য শাখা থেকে আর্ডের স্মৃতিকথা 'গ্রেট অ্যান্ড আনফরচুনেট থিংস' প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

প্রকাশনা সংস্থাটি উল্লেখ করেছে, এই স্মৃতিকথার বিষয়ে প্লেজিয়ারিজমের কোনো অভিযোগ ওঠেনি।

অটিজমে আক্রান্ত আর্ডে জানান, ৩৭ বয়সে কেমব্রিজের অধ্যাপক হওয়ার আগে তিনি ১১ বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতেন না এবং ১৮ বছর বয়সে এসে পড়তে ও লিখতে শেখেন।

বিবৃতিতে তিনি বলেন, 'এটাই আমার কাজের শেষ নয়। এখন আমার 'সুস্থ হয়ে ওঠার এবং নিজের মাঝে ফিরে আসার জন্য সময় প্রয়োজন।'

আর্ডে দৃঢ়ভাবে জানান, 'আমি আবারও ফিরে আসব।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধের জন্য কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন। দেশের সব নদীর পানিদূষণ রোধে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত একটি সভার পর সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, দূষণ যেন বৃদ্ধি না পায়, সে কারণে প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হবে। এছাড়া যারা এই নির্দেশনা মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টি হতে পারে। এই সাথে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ।

এছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রায় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

অন্যদিকে বেলার আগে ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ১৯৮ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


রোমে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে।

দিবসটির উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইতালির নাগরিক, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।

জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয় এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে পাঠানো ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পরে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং ‘সবার আগে বাংলাদেশ নীতিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে জুলাই-আগস্টের গণআন্দোলন এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসৃত ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে গ্রহণ করে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর চেতনায় বর্তমান সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রদূত চব্বিশের গণঅভ্যুত্থানে ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টি উল্লেখ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%