০৭:৫৬ পি.এম
চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সামাজিক প্রতিবন্ধকতা দূর করে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি মন্তব্য করেন, ‘নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এগিয়ে আসার সুযোগ পেলে নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন। নেতৃত্ব প্রতিষ্ঠায় রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তিগত মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ।’
আজ চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজিত ‘নেতৃত্বে নারী ও তরুণ : বাঁধা কোথায় ?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের সদস্যদের প্রতি আহ্বান
নারী নেতৃত্বের প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল ও মালালা ইউসুফজাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও কাজের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের পথ অনুসরণ করে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং নেতৃত্বে এগিয়ে আসতে হবে। নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সমর্থন কিংবা পরিচয় অপরিহার্য নয়।’
নারী উদ্যোক্তাদের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও পণ্য প্রদর্শনের জন্য বিভিন্ন স্থানে মেলার আয়োজন করতে গিয়ে একাধিক দপ্তরের অনুমতি নিতে হয়। এতে তাঁদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়। কার্যকর নগর সরকার প্রতিষ্ঠিত হলে এ ধরনের উদ্যোগে আরও সহজে সহযোগিতা করা সম্ভব হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনি বলেন, ‘তরুণরা সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ এখনো সীমিত। সমাজের যেকোনো অবস্থান থেকেই মানুষের সেবা করা যায়, তবে রাজনীতিতে সেই সুযোগ বেশি। কিন্তু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সবকিছু অর্জনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে অংশগ্রহণের আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।’
নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত সংলাপ ও কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, রাঙামাটি জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা, চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি অশোক সাহা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন