০৭:৩৬ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন যে, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এই পরামর্শ প্রদান করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আজ জাতীয় সংসদ ভবনে পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষকও এ পরিদর্শনে অংশগ্রহণ করেন।
সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে তিনি রাজনীতিতে যুক্ত হওয়ার পূর্বে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন।
আরও পড়ুন: জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আর বিনা হাতকড়ায় নেওয়া হবে না: আইনমন্ত্রী
প্রথমত, তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য। প্রধানমন্ত্রী বলেন, "ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।"
এছাড়া বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শও দেন তিনি।
প্রধানমন্ত্রী পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান।
এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোনে টুকরো টুকরো করে ফেলার আশঙ্কা
এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।
এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন