ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ইবিতে আইন বিভাগের ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্র উধাও, পরীক্ষা স্থগিত


ইবিতে আইন বিভাগের ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্র উধাও, পরীক্ষা স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২১-২২ বর্ষের ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্রের কোনো হদিস পাওয়া যায়নি। এই কারণে বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় 'Law of Civil Procedure- II' (কোর্স নং: 0421 4201) পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষার নির্ধারিত সময়ে প্রবেশপত্র ও খাতা বিভাগের কাছে না পৌঁছানোর কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

সূত্রে জানা যায়, আইন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের পরীক্ষার জন্য গত ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পরীক্ষার ফরম সংগ্রহ করে পূরণ করে বিভাগে জমা দিতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন করেন। ৪ থেকে ১৪ নভেম্বরের মধ্যে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই-বাছাই করে প্রশাসনের হিসাব শাখায় জমা দেয়। তবে শহীদ আনাস হলের ৮ এবং লালন শাহ হলের ৭ শিক্ষার্থীর প্রবেশপত্রের হদিস প্রশাসনে পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রকাশ

নথিপত্র অনুযায়ী, ৮ নভেম্বর শহীদ আনাস হল থেকে হিসাব শাখার অস্থায়ী কর্মচারী আনিচুর রহমান প্রবেশপত্রগুলো গ্রহণ করেন। কিন্তু তা দাপ্তরিক রেজিস্টারে নথিভুক্ত হয়নি। জানা যায়, হিসাব-শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন আরেক অস্থায়ী কর্মচারী রাজুর মাধ্যমে প্রবেশপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ১১৬ নম্বর কক্ষে নিয়ে যান। তবে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দাবি, তারা ওই বর্ষের শিক্ষার্থীদের কোনো ফরম বা প্রবেশপত্র গ্রহণ করেনি।

আইন বিভাগ সূত্রে জানা যায়, এই পরিস্থিতির কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথাসময়ে চলবে।

শহীদ আনাস হলের কর্মচারী লিটন জানান, বিভাগ থেকে প্রবেশপত্র আসার পর যাচাই-বাছাই শেষে ৮ নভেম্বর প্রশাসনে পাঠানো হয়। হিসাব শাখার কর্মচারী আনিচুর রহমান সেগুলো গ্রহণ করেছেন। হলের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না।

হিসাব শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন বলেন, যে কর্মচারী প্রবেশপত্র সংগ্রহ করেছেন, তার স্ট্রোক হওয়ায় সে দ্রুত বাড়িতে চলে যায়। এদিকে হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেন প্রবেশপত্রের কাজগুলো দ্রুত পরীক্ষা নিয়ন্ত্রকে পাঠাতে বললে রাজুকে দিয়ে পাঠানো হয়।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার

তবে এ বিষয়ে হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেনকে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।

পরীক্ষা নিয়ন্ত্রক শাখার উপর রেজিস্ট্রিার পিন্টু লাল দত্ত বলেন, শনিবার পর্যন্ত আমি ২১টি ফরম পাইনি। আজ আমার হাতে ১৫ জনের প্রবেশপত্র আসেনি। বাকিদের প্রবেশপত্র প্রস্তুত রয়েছে।

পরীক্ষার আগমুহূর্তে এমন অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা চরম ভোগান্তি ও মানসিক চাপের মধ্যে পড়েছেন। ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, প্রশাসনের এই গাফিলতি ও অপেশাদার আচরণের কারণে তাঁদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক হালিমা খাতুন বলেন, শিক্ষার্থীরা সব ধরনের নিয়ম মেনেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিরা কোথায় কী গাফিলতি করেছেন, তা আমার জানা নেই। আমি চাই পরীক্ষাগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।

আরও পড়ুন: বেরোবিতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপশক্তির বিরুদ্ধে শিক্ষকসমাজের মানববন্ধন

পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান মাসুদুল হক জানান, হিসাব শাখা থেকে যথাসময়ে পত্রগুলো না পাওয়ায় আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামীকালের মধ্যে বিষয়টি সমাধান করা হবে এবং যথানিয়মে পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমানকে একাধিকবার ফোন করলেও সাড়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ভারতের বাণিজ্য ঘাটতি ৯৭ হাজার ৯২৭ কোটি টাকা: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


বাংলাদেশ-ভারতের বাণিজ্য ঘাটতি ৯৭ হাজার ৯২৭ কোটি টাকা: বাণিজ্যমন্ত্রী

সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারতের সঙ্গে অত্যন্ত বিশাল। ২০২৪-২৫ অর্থবছরে এই ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৭৮৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ হাজার ৯২৭ কোটি ৭৪ লাখ টাকারও বেশি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিরোধীদলীয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, সরকারি আমদানি-রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশ আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিদ্যমান।

পরিসংখ্যান অনুযায়ী, ওই অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৬ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে, দেশটি থেকে আমদানি করেছে ৯৬২ কোটি মার্কিন ডলারের পণ্য।

একই সময়ে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১ কোটি ৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার, ভুটানের সঙ্গে ২ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার এবং পাকিস্তানের সঙ্গে ৬৮ কোটি ১৩ লাখ ডলার। তবে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে উদ্বৃত্ত রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং রপ্তানির ক্ষেত্রে শুল্কজনিত প্রতিবন্ধকতা দূর করতে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে অশুল্ক বাধা দূর করা, পণ্যের মান ও পরীক্ষার সনদের পারস্পরিক স্বীকৃতি, শুল্ক বিভাগের সহযোগিতা জোরদার, সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং বাণিজ্যসংক্রান্ত উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান।

তিনি আরও জানান, এ লক্ষ্যে বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক এবং যৌথ কর্মদলের কার্যক্রম চলমান রয়েছে। ২০২৬ সালের ৮ ও ৯ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বর মাসে বাণিজ্যসচিব পর্যায়ের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ১৯৭২ সালে স্বাক্ষরিত হয়। পরবর্তীতে বিভিন্ন সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে ২০১৫ সালে চুক্তিটি নবায়ন করা হয়।

দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা) এবং এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তির (এপিটিএ) সদস্য হিসেবে তামাক ও অ্যালকোহলজাত পণ্যসহ ১৫টি পণ্য ছাড়া বাংলাদেশের সব পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে।

ভারত ও প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সাফটা ও সাপটা চুক্তির আওতায় বাণিজ্য উদারীকরণের ফলে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। তবে খাদ্যপণ্য ও কাঁচামাল আমদানি বৃদ্ধির কারণে বাণিজ্য ঘাটতিও বেড়েছে।

ভারতে তৈরি পোশাক, আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাদ্য, পাটজাত পণ্যসহ বাংলাদেশের অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত মানের পণ্য, উন্নত প্যাকেজিং ও বিপণন, ব্র্যান্ড ইমেজ তৈরি এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ জোরদারের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশি পণ্য রপ্তানি সহজ করতে ভারতের শুল্ক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি ভারতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে।

বাণিজ্য ঘাটতি কমাতে ভুটানের সঙ্গে বাংলাদেশ ইতোমধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পন্ন করেছে। ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে বাণিজ্যসচিব ও কার্যনির্বাহী কমিটি পর্যায়ে নিয়মিত বৈঠক হচ্ছে।

রপ্তানি বাজার সম্প্রসারণে বাংলাদেশ ভারতে আয়োজিত আন্তর্জাতিক সোর্সিং ও ভোক্তা মেলায় অংশগ্রহণ অব্যাহত রেখেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের রপ্তানি বাণিজ্য প্রসারে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শীর্ষক একটি সোর্সিং মেলার আয়োজন করে। এটিকে দেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ মেলায় সার্কভুক্ত পাকিস্তান ও আফগানিস্তানের বাণিজ্য প্রতিনিধিদলকে বিভিন্ন কারখানা পরিদর্শনের সুযোগ দেওয়া হয়।

তিনি আরও জানান, পাট ও পাটজাত পণ্যের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের বিদ্যমান বিভিন্ন অশুল্ক বাধা কমানোর প্রস্তাব বাংলাদেশ-ভারত বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য ইপিবি উদ্যোগ নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আসামিপক্ষের আইনজীবী আরটিএন আমিত দেওয়ানজী এ তথ্য নিশ্চিত করে জানান, সোহেল রানার পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। তবে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে আসামি পলাতক হতে পারে, যা তদন্ত কার্যক্রমকে ব্যাহত করতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের নিজ বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি দল। ১১ নভেম্বর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় সোহেল রানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী এক নারী। তিনি মামলার এজাহারনামীয় আসামি।

মামলার এজাহার অনুসারে, ভুক্তভোগী নারী একজন সাংস্কৃতিককর্মী। ২০২১ সালে তার স্বামীর ব্যবসায়িক সূত্রে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়। পরে ভুক্তভোগীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার কথা বলে সোহেল রানা তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের আস্তানায় ডেকে নেন। ২০২৩ সালের ২৪ আগস্ট বিকালে চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ভুক্তভোগীর চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেঁধে একটি বিশেষ কক্ষে নিয়ে যান সোহেল। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

বাদী আরো অভিযোগ করেন, পরবর্তী সময়ে এ ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে ভয় দেখিয়ে আসামি তাকে চুপ থাকতে বাধ্য করেন। এভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। চলতি বছরের ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আবারও নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু ৪৫ বছর পর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু ৪৫ বছর পর

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। ৭৭ বছর বয়সী এই সাবেক সেনা কর্মকর্তা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হত্যাকাণ্ডের একমাত্র জীবিত আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জুলাই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। হত্যাকাণ্ড সম্পর্কিত বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও বইয়ে উল্লেখ রয়েছে যে, ওই অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে তৎকালীন মেজর মোজাফফর হোসেনও ছিলেন।

এই বিবরণে উল্লেখ করা হয়েছে যে, জিয়াউর রহমানকে হত্যার সময় মোজাফফর তার কাছেই অবস্থান করছিলেন।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৩ জুলাই দেওয়া ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।

পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমেডি সিরিজে দেখা যাবে রোনালদোকে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


কমেডি সিরিজে দেখা যাবে রোনালদোকে

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠের বাইরের নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। এবার তিনি টেলিভিশন সিরিজে পর্তুগিজ এই ফুটবল তারকাকে দেখা যাবে। ‘ডে ওয়ানস’ নামের একটি ফুটবলভিত্তিক কমেডি সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। সিরিজটি প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়েন লুইস।

১০ পর্বের এই সিরিজের কাহিনী এক প্রতিভাবান তরুণ ফুটবলারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করে ব্রেন্টফোর্ড এফসিতে যোগ দেয় সে। তবে সাফল্য ও খ্যাতি পাওয়ার পরও শৈশবের বন্ধুদের ভুলে যায় না তরুণ ফুটবলার। যারা তার সাফল্যের আগেও পাশে ছিল, তাদের নিয়েই এগিয়ে যাবে গল্প। সিরিজের নাম ‘ডে ওয়ানস’ মূলত জীবনের শুরু থেকে পাশে থাকা বন্ধু ও কাছের মানুষদের বোঝাতে ব্যবহৃত হয়েছে।

সিরিজে ড্যামিয়েন লুইস ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে তিনি পরিচিতি পেয়েছেন। এছাড়া সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরিওও প্রকল্পটির সঙ্গে যুক্ত হয়েছেন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিরিজে নিজের চরিত্রে দেখা যেতে পারে তাকে। ব্রিটিশ র‍্যাপার ডেভও অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন।

‘ডে ওয়ানস’ পরিচালনা করছেন ‘কিংসম্যান’খ্যাত নির্মাতা ম্যাথিউ ভন। সিরিজটির প্রথম পর্বও তিনি পরিচালনা করেছেন। ‘বোরাট’ সিনেমার সঙ্গে যুক্ত থাকা ড্যান মাজের দায়িত্ব পালন করছেন শোরানার হিসেবে। সিরিজটির মূল ভাবনা ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে এসেছে।

রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওর প্রথম টেলিভিশন প্রকল্প এটি। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তারা। এ ছাড়া ডাবলডি স্পোর্টস ও আর্চারি পিকচার্সও সিরিজটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে।

প্রকল্পটি নিয়ে রোনালদো জানিয়েছেন, ফুটবল শুধুমাত্র মাঠের খেলা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, আনুগত্য ও ত্যাগের গল্প। মাঠের বাইরের সেই অভিজ্ঞতাগুলোই দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। প্রযোজক হিসেবে এমন একটি গল্পের অংশ হতে পেরে আনন্দিত বলেও জানিয়েছেন এই তারকা।

অন্যদিকে ম্যাথিউ ভনের মতে, রোনালদোর সঙ্গে যৌথভাবে গড়ে তোলা প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর জন্য এটি একটি উপযুক্ত প্রকল্প। ফুটবলে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রোনালদো ও থিয়েরি অঁরিকে এবার একই প্রকল্পে যুক্ত হতে দেখে সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এদিকে সিরিজটির নির্মাণকাজ শুরু হয়েছে। তবে ‘ডে ওয়ানস’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্যারামাউন্ট প্লাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%