০৭:৫১ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাই বিপ্লবে সংঘটিত দুটি পৃথক হত্যা মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচ আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একই পরিবারের বাবা, ছেলে ও মেয়েসহ তিনজন রয়েছেন। মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে হামলা, গুলিবর্ষণ, লুটপাট ও সহিংসতায় তাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও তারা নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জুলাই ঢাকার যাত্রাবাড়ী থানায় মো. বাবুল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৬২। দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩০২, ১০৯ ও ৩৪ ধারায় দায়ের করা এ মামলার একই তারিখে যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা নথিভুক্ত হয়। দ্বিতীয় মামলাটির নম্বর ৬৮।
দ্বিতীয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমান ও সালমান এফ রহমানসহ বিভিন্ন পর্যায়ের ২৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের সদস্যদের প্রতি আহ্বান
এ মামলায় কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের যে পাঁচজনকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন খোরশেদ আলম, তাঁর ছেলে শাহাদত হোসেন, মেয়ে জান্নাতুল ফেরদৌস তন্নি, একই গ্রামের সফিউদ্দীনের ছেলে আওয়ামী লীগ নেতা উজ্জল হোসেন এবং কাউসার আলীর ছেলে লাভলু রহমান লাবু।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম আদালতে পাঠানো প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এসব আসামির সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করেছেন।
মামলার নথিতে ১৬১ নম্বর আসামি খোরশেদ আলমকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ঘনিষ্ঠ সহযোগী ও অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তার ছেলে শাহাদত হোসেনকে মামলার ১৬২ নম্বর আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে তাঁকে ঝিনাইদহ জেলা যুবলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণে জড়িত বলে অভিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সমান সুযোগের আহ্বান চসিক প্রশাসকের
এ ছাড়া ১৬৩ নম্বর আসামি উজ্জল হোসেনকে জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৬৪ নম্বর আসামি খোরশেদ আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তন্নীকে যাত্রাবাড়ী থানা যুব মহিলা লীগের সাহিত্যবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করে মামলার এজাহারে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি শিশারকুণ্ডু গ্রামের লাভলু রহমান লাবুকে মামলার ২৩৬ নম্বর আসামি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ মামলার দুই আসামি শাহাদত হোসেন ও উজ্জল হোসেনের বিরুদ্ধে এর আগে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের হয়েছিল। ২০২৪ সালের ২৫ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান পুঁটেপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ঝুমুর খাতুন বাদী হয়ে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১), ৭ ও ৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ও ৮(৩) ধারায় ওই মামলায় অভিযোগ আনা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও মামলাটির বর্তমান অবস্থা বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য এখনো জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাদের অভিযোগ, একাধিক গুরুতর মামলার আসামি হওয়া সত্ত্বেও অভিযুক্তরা কোটচাঁদপুর এলাকায় বহাল তবিয়তে অবস্থান করছেন। এ বিষয়ে ঝিনাইদহ জেলা জাসাসের সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির এবং কোটচাঁদপুর এনসিপির নেতা ইসমাইল হোসেন বলেন, মামলার আসামিরা এলাকায় প্রকাশ্যে চলাফেরার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড, ঝটিকা মিছিল ও নাশকতামূলক তৎপরতায় অংশ নিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী
বিষয়টি নিয়ে জানতে চাইলে কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, মামলাগুলো ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারসহ যেকোনো ধরনের আইনি সহায়তা চাইলে কোটচাঁদপুর থানা পুলিশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন