০৪:৩৪ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে নিখোঁজ রয়েছেন নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ, যিনি তিন মাস ধরে খোঁজের বাইরে আছেন। বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানোর পরও তার সন্ধান মেলেনি।
এদিকে, তার ছেলে মায়ের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন, এবং স্বামী স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা হয়ে পড়েছেন। এ ঘটনার পর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দুজনকে গ্রেফতার করলেও নিখোঁজ গৃহবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি।
চিকিৎসকের কাছে যাওয়ার পথে নিখোঁজ
আরও পড়ুন: রাষ্ট্রপতির আহ্বান: অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় বাড়ি থেকে বের হন নাসিমা বেগম। একই অটোরিকশায় তার মেয়ে, ছেলের বউ ও নাতি কুড়িগ্রাম যাচ্ছিলেন পাসপোর্ট করার জন্য। পথিমধ্যে আজমাতা ব্রিজপাড় এলাকায় বাথরুমের চাপ অনুভব করলে নাসিমা অন্যদের চলে যেতে বলেন। পরে তিনি রাস্তার পাশে তার ননদ মায়ামনির বাড়িতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে তাকে আবার অটোরিকশায় তুলে দেওয়া হয়।
সর্বশেষ আন্ধারীরঝাড় বাজারমোড়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের পর মিলেছে রহস্যজনক তথ্য
নাসিমা বেগম নিখোঁজ হওয়ার ৮ থেকে ১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরে অবস্থান পরিবর্তন করে মিজানুর জানান, অন্য একটি মেয়েকে পাওয়া গেছে, যিনি নাসিমা বেগম নন।
আরও পড়ুন: শরীয়তপুরে ভূমি কর্মকর্তার অফিসে দুদকের অভিযান, ঘুষের অভিযোগে তদন্ত
অন্যদিকে, পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী দাবি করেন, নিখোঁজের দুদিন পর নাসিমা বেগমকে পাশের একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখেছিলেন তিনি। এ তথ্য পেয়ে নাসিমার ছেলে নাসিম মিয়া ওই বাড়িতে যাওয়ার আগেই তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। পরে সন্দেহভাজন ওই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান।
নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে তিনি ভারতের দিল্লিতে যাতায়াত করতেন। ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমার বাপের বাড়ি দিল্লিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নাগরিক হিসেবে এ দেশেই বসবাস করছিলেন।
সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়নসহ নানা জটিলতার কারণে গত কুরবানি ঈদের ১০ দিন আগে দিল্লির সব সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন তারা।
নাসিম মিয়া জানান, গত ১৮ আগস্ট তার মা নিখোঁজ হওয়ার সময় জীবিকার প্রয়োজনে তিনি দিল্লিতে ছিলেন। মায়ের নিখোঁজের খবর পেয়ে ১২ দিন পর্যন্ত দিল্লিতে অপেক্ষা করেন তিনি। এ সময় সেখানে অবস্থানরত মামা, খালাসহ পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ করেন। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ৩০ আগস্ট বাংলাদেশে ফিরে আসেন।
আরও পড়ুন: মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবে ভোটাভুটিতে বিরত বাংলাদেশ
পরে ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় মামলা করেন তিনি। নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাপের বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।
নাসিমার স্বামী নজরুল ইসলাম নজু জানান, জীবিকার তাগিদে দিল্লিতে গিয়ে ভাঙারির ব্যবসা করতেন তিনি। জমা করা ভাঙারি বিক্রি হয়ে গেলে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরতেন। এখানে কিছুদিন থাকার পর অর্থসংকট দেখা দিলে আবার দিল্লিতে চলে যেতেন। এভাবে দীর্ঘদিন ভারতে যাতায়াত ও ব্যবসা করার পর কিছুদিন আগে সপরিবারে দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তিনি বলেন, তার স্ত্রী মাঝেমধ্যে নাগেশ্বরীতে গিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন। সেই মানুষটি হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। স্ত্রীকে ফিরে পেতে চান তিনি।
রামখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তার সন্ধান বের করতে না পারা অত্যন্ত আশ্চর্যজনক।
আরও পড়ুন: ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি মো. এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি অপহরণ নাকি নিখোঁজের ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাদী অপহরণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনো ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। নিখোঁজ নারীকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চলছে।
বর্তমানে নিরুপায় পরিবারটি প্রতিদিন দিল্লি ও বাংলাদেশের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রাখছে। নাসিমা বেগমকে খুঁজে পেতে প্রশাসনসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছে পরিবারটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন