০৪:৪৫ পি.এম
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ দেশ ও বিদেশে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে প্রমাণ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায় না; বরং ভারতের দাসত্ব চায়।
তিনি সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টি, বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
আরও পড়ুন: কণ্ঠশিল্পী মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ
সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলটি বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের অস্তিত্ব বিপন্ন করেছিলেন। তবে বেগম খালেদা জিয়ার আন্দোলন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদের পরাজয় ঘটেছে।
দুদু উল্লেখ করেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না। গোপালগঞ্জ ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।
বর্তমান সরকারের ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সরকার এখনো নেতাকর্মীদের সংযত রেখেছে। তবে বাংলার মানুষ জেগে উঠলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
আরও পড়ুন: আওয়ামী লীগের বর্তমান কাজগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড: তুষার
দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল বলেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। আগামী দিনেও জাতীয় ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে রক্ষা করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন