ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দিনাজপুরে রাইস গার্ডেনে ৫২ জাতের ধান চাষ শুরু


দিনাজপুরে রাইস গার্ডেনে ৫২ জাতের ধান চাষ শুরু

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এলএসটিডি প্রকল্পের আওতায় আমন মওসুমে ৫২টি ধানের জাত কৃষকদের পরিচিত করার কার্যক্রম শুরু হয়েছে। হাতে-কলমে ৫২টি ধানের জাতের বিষয়ে মাঠে প্রশিক্ষণ, বীজ সরবরাহ এবং জমি প্রস্তুতির পদ্ধতি শেখানো হচ্ছে। ব্রির এলএসটিডি প্রকল্পের এই উদ্যোগে দিনাজপুরের কৃষকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলীপাড়ায় 'প্রযুক্তিগ্রাম' স্থাপন করা হয়েছে। দুই বছর আগে এই গ্রামটি 'হুগলী পাড়া' নামে পরিচিত ছিল। বর্তমানে এটি স্থানীয় কৃষকদের কাছে 'প্রযুক্তিগ্রাম' নামে পরিচিতি পেয়েছে। গ্রামের অধিকাংশ কৃষকের জমিতে ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে। স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে 'রাইস গার্ডেন' স্থাপন করা হয়েছে, যেখানে দেশের ৫২টি জাতের ধান রোপণ করা হয়েছে। ইতোমধ্যে রাইস গার্ডেনে সোনালি ধান কাটা শুরু হয়েছে।

ব্রি'র দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে চলতি আমন মৌসুমে ব্রি উদ্ভাবিত ৫২টি ধানের জাত নিয়ে রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো কৃষকদের কাছে উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তির জনপ্রিয়করণ, মাঠ পর্যায়ে বিভিন্ন জাত সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করা এবং কৃষকদের উন্নত ধান চাষে উৎসাহিত করা।

আরও পড়ুন: মানিকগঞ্জে আমন আবাদের নতুন রেকর্ড, ২ হাজার ৫৯৭ হেক্টর ছাড়াল লক্ষ্যমাত্রা

রাইস গার্ডেনে বোরো মৌসুম উপযোগী ব্রি উদ্ভাবিত ৫২টি ধানের জাত পাশাপাশি রোপণ করা হয়েছে, যাতে কৃষকরা সহজেই বিভিন্ন জাতের গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগ-বালাই সহনশীলতা ও গুণগত বৈশিষ্ট্যের পার্থক্য পর্যবেক্ষণ করতে পারেন। এতে স্থানীয় পরিবেশ উপযোগী উন্নত ধানের জাত নির্বাচন করা কৃষকদের জন্য সহজ হবে।

দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলী পাড়া গ্রামের অবস্থান। চুনিয়াপাড়া মোড় পার হয়ে ২০০ গজ দূরে মহাসড়ক থেকে দক্ষিণ দিকের রাস্তা দিয়ে গ্রামটিতে প্রবেশ করলেই চোখে পড়বে প্রযুক্তি গ্রামের সাইনবোর্ড ও দুই পাশে সারিতে লাগানো ধান।

সরেজমিনে দেখা গেছে, এই রাইস গার্ডেনে দেশের ৫২টি জাতের ধানের চাষ করা হয়েছে। প্রতিটি জাতের ধানক্ষেতে ওই জাতের বিবরণ সম্বলিত সাইনবোর্ড রয়েছে। ফলে কৃষকরা সহজেই এসব জাত সম্পর্কে জানতে পারছেন।

রাইস গার্ডেনে আবাদ করা ৫২টি জাতের মধ্যে রয়েছে বিআর৩, বিআর৪, বিআর৫, বিআর১০, বিআর১১, বিআর২২, বিআর২৩, বিআর২৫, ব্রি ধান৩০, ব্রি ধান৩১, ব্রি ধান৩২, ব্রি ধান৩৩, ব্রি ধান৩৪, ব্রি ধান৩৭, ব্রি ধান৩৮, ব্রি ধান৩৯, ব্রি ধান৪০, ব্রি ধান৪১, ব্রি ধান৪৪, ব্রি ধান৪৬, ব্রি ধান৪৯, ব্রি ধান৫১, ব্রি ধান৫২, ব্রি ধান৫৩, ব্রি ধান৫৪, ব্রি ধান৫৬, ব্রি ধান৫৭, ব্রি ধান৬২, ব্রি ধান৬৬, ব্রি ধান৭০, ব্রি ধান৭১, ব্রি ধান৭২, ব্রি ধান৭৩, ব্রি ধান৭৫, ব্রি ধান৭৬, ব্রি ধান৭৭, ব্রি ধান৭৮, ব্রি ধান৭৯, ব্রি ধান৮০, ব্রি ধান৮৭, ব্রি ধান৯০, ব্রি ধান৯১, ব্রি ধান৯৩, ব্রি ধান৯৪, ব্রি ধান৯৫, ব্রি ধান১০৩, ব্রি ধান১০৯, ব্রি ধান১১০, ব্রি ধান১১১, ব্রি ধান১১২, ব্রি হাইব্রিড ধান৪ এবং ব্রি হাইব্রিড ধান৬ জাতের ধান। এই রাইস গার্ডেনে এসব বিভিন্ন জাতের ধান কীভাবে চাষ করা যাবে, তা প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুন: নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, কৃষকরা দিশেহারা

হুগলীপাড়ার কৃষক আব্দুল কাদে বলেন, "দেশে কত জাতের ধান হয়, সে বিষয়ে আগে আমাদের কোনো ধারণা ছিল না। কীভাবে হয়, কোন ধান কত দিনে হয় তাও জানা ছিল না। কিন্তু আমাদের এলাকায় প্রযুক্তি গ্রামে রাইস গার্ডেন হওয়ায় এখন সব কিছু বাস্তবে ধারণা নিতে পারছি। পরবর্তী বছরে নিজের জমিতে কী ধরনের ধানচাষ করব, তা এখান থেকে জানতে পারছি।"

আব্দুস সালাম নামে এক কৃষক বলেন, "আমাদের এলাকায় ব্রি'র মাঠ দেখে অনেকে আগ্রহী হয়েছেন। যেই ধানে ভালো ফলন হবে, সেই ধান আমরা চাষ করব।"

আবু সাঈদ নামে অপর এক কৃষক বলেন, "আমি প্রতি বছর জমিতে জিরা ৩৪, কাঠারি এবং জিরা ৯০ আবাদ করেছি। এখন বুঝতে পারছি একই জমিতে বছরের পর বছর একই জাতের ধান চাষ করতে নেই। এতে রোগ বালাইয়ের আক্রমণসহ ফলন কমে যায়। তাই আগামী মৌসুমে ব্রি'র যেকোনো একটি জাতের ধান আবাদ করব।"

ব্রি'র আঞ্চলিক কার্যালয় দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান বলেন, "এই প্রকল্পের আওতায় ব্রি উদ্ভাবিত বিভিন্ন ধানের জাত কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি বিষয়ে কৃষকরা সরাসরি জানতে পারছেন। তাদের দক্ষতার উন্নয়ন হচ্ছে।"

আরও পড়ুন: রায়পুরে ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের সম্ভাবনা

এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় সারাদেশের ১৫টি গ্রামকে প্রযুক্তি গ্রামে, মডেল গ্রাম হিসেবে রূপান্তরে কাজ করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে একদিকে যেভাবে স্থানভিত্তিক ধানের জাত উদ্ভাবন করা হচ্ছে, অন্যদিকে স্থানভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় ব্রি ধান১১৬, ১১৭, ১১৯ এবং ব্রি হাইব্রিড ধান১০ অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, "ব্রি হাইব্রিড ধান১০ এবং ব্রি ধান১১৭ ও ১১৯ লবণাক্ততা সহনশীল জাত। পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ব্রি ধান১১৮ নামে একটি জাত অবমুক্ত করা হয়েছে। বিশেষ করে বন্যায় প্রতিবছর হাওরাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। এই জাতটি আমরা হাওরাঞ্চলে জনপ্রিয় করতে কাজ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামসুজ্জামান দুদু: আওয়ামী লীগ ভারতের দাসত্ব চায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


শামসুজ্জামান দুদু: আওয়ামী লীগ ভারতের দাসত্ব চায়

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ দেশ ও বিদেশে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে প্রমাণ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায় না; বরং ভারতের দাসত্ব চায়।

তিনি সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টি, বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলটি বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের অস্তিত্ব বিপন্ন করেছিলেন। তবে বেগম খালেদা জিয়ার আন্দোলন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদের পরাজয় ঘটেছে।

দুদু উল্লেখ করেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না। গোপালগঞ্জ ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।

বর্তমান সরকারের ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সরকার এখনো নেতাকর্মীদের সংযত রেখেছে। তবে বাংলার মানুষ জেগে উঠলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল বলেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। আগামী দিনেও জাতীয় ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে রক্ষা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: দুই আসামির ৫ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: দুই আসামির ৫ দিনের রিমান্ড

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়া দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন- কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল (২৯) এবং সুকুমার হালদার (২৮)।

পুলিশ আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই আসামিকে হাজির করে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত পুলিশ এবং উপস্থিত লোকজনের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে অপরাধী হিসেবে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রকাশ করেন।

শামা ওবায়েদ বলেন, সাজাপ্রাপ্ত আসামি ফেরত আনার বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চুক্তির ভিত্তিতে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশ আশা করে, চুক্তি অনুসরণ করে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখিত দুই শর্তের বিষয়ে তিনি জানান, ভারত যদি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়, তবে বাংলাদেশ তা বিবেচনা করবে। বিবিসির রিপোর্টে উল্লিখিত দুটি শর্তের বিষয়টি দেখার জন্য সময় নেই।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শেখ হাসিনার চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিসর অনেক বড়। তিনি বলেন, এই সম্পর্ক মুক্তিযুদ্ধের আগে থেকেই বিদ্যমান ছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠা এবং রাম দার আওয়ামী লীগ একই। তারা অতীতে সন্ত্রাস করেছে এবং এখনো করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ নভেম্বর রাতের আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


১৭ নভেম্বর রাতের আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক ঘটনা

শীতের আগমনের পূর্বে রাতের আকাশে একটি মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে চলেছে। চলতি মাসের মধ্যে রাতের আকাশে উল্কাবৃষ্টির সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন বিশ্ববাসী।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে খালি চোখে দেখা যাবে লিওনিড উল্কাবৃষ্টি। এই মহাজাগতিক ঘটনায় ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা বা শুটিং স্টার (তারকাখসা) বা জ্বলন্ত আলোর রেখা রাতের আকাশে ছুটে যেতে দেখা যাবে।

‘টেম্পল-টুটল’ (55P/Tempel-Tuttle) নামের একটি ধূমকেতুর ধুলাবালি ও কণার স্তূপের মধ্য দিয়ে পৃথিবীর যাওয়ার ফলে এই উল্কাবৃষ্টি ঘটবে। নাসা গত ৬ নভেম্বর থেকে উল্কাবৃষ্টি দেখার সম্ভাবনার কথা জানিয়েছে, যা ৩০ নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে।

তবে উল্কাবৃষ্টি দেখার জন্য সেরা সময় হিসেবে নাসা ১৭ নভেম্বর দিবাগত রাত (মধ্যরাত) থেকে ১৮ নভেম্বরের ভোর পর্যন্ত উল্লেখ করেছে। এই সময় চাঁদ মধ্যরাতের দিকে অস্ত যায়, ফলে আকাশ অন্ধকার থাকে।

এছাড়াও, এ সময়ে সিংহ রাশির কাছে বৃহস্পতি ও মঙ্গল গ্রহ উজ্জ্বল অবস্থায় একে অপরের খুব কাছে দেখা যাবে। তাই উল্কাবৃষ্টি এই সময় খালি চোখেই দেখা সম্ভব, কোনো বাইনোকুলার বা টেলিস্কোপের প্রয়োজন হবে না।

শহরের আলো থেকে দূরে অন্ধকার ও খোলা আকাশের নিচে পরিষ্কার রাতে পুবের আকাশে এটি ভালোভাবে খালি চোখে দেখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%