০৪:৩৫ পি.এম
মঙ্গল রায়ের প্রতিদিনের চির চেনা জগত হলো পায়ের নিচে নিশ্চল হওয়া কাদামাটি এবং চারপাশের নিস্তব্ধ জলাশয়। তিনি কাদামাটি খুঁড়ে ও পুরোনো বিলের গর্ত বা নতুন গর্তের মুখে টোপ দিয়ে কুঁচিয়া শিকার করে ২০ বছর ধরে জীবনযুদ্ধ চালাচ্ছেন।
এই যুদ্ধে মঙ্গল একা নন, তাঁর স্ত্রী একাদশী কুঁচিয়া সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবসার কাজে পাশে থেকে সহযোগিতা করেন। সমাজের কোলাহল থেকে দূরে, জল-কাদার মাঝে কুঁচিয়া শিকার করে বেঁচে থাকা মঙ্গলের এই জীবন সংগ্রাম শ্রমের মর্যাদা এবং ভালোবাসার সংসার থাকলে হাজারো অভাবও কখনো মানুষকে হার মানাতে পারে না, তা আমাদের মনে করিয়ে দেয়।
এ দম্পত্তির কুঁচিয়া শ্রমের মাধ্যমে ২ মেয়ের পড়াশুনার ব্যয়ভার চালাচ্ছেন। কুঁচিয়ার আয়ে মূলত সচল থাকে তাঁদের সংসারের চাকা।
আরও পড়ুন: চাঁদ প্রতি বছর ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যানপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন মঙ্গল রায় (৪২)। মঙ্গলের জীবন কেবল একটি ব্যতিক্রমী জীবিকার লড়াই নয়, বরং প্রান্তিক গ্রামীণ জনগণের ঘুরে দাঁড়ানোর এক অনন্য অনুপ্রেরণাদায়ক গল্পের চরিত্র। মঙ্গল রায়ের জীবন ও জীবিকা প্রকৃতির চক্রের সঙ্গে গভীরভাবে জড়িত। সারা বছর কম-বেশি কুঁচিয়া ধরা হলেও, বাংলা বছরের চৈত্র মাস যেন তাঁর জন্য আশীর্বাদ হয়ে আসে। এই সময় জলাশয় ও বিলের পানি কমে যাওয়ায় কুঁচিয়া সবচেয়ে বেশি পাওয়া যায়। কুঁচিয়া শিকারের কৌশলও বৈচিত্রময় ও শ্রমসাধ্য।
পুরোনো বিলের গর্ত বা নতুন গর্তের মুখে কখনো কেঁচো টোপ হিসেবে ব্যবহার করে বর্শির সাহায্যে কুঁচিয়া শিকার করা হয়। এছাড়া পেয়া, ইচিলা, পুঁটি কিংবা ছোট মাছ দিয়েও কুঁচিয়া ধরার নানা ফন্দি চলে। আবার কাঁদামাটি খুড়ে ধরা হয় কুঁচিয়া।
জানা গেছে, কুঁচিয়া ইল প্রজাতির মাছ। কুঁচিয়া দেখতে সাপের মতো এবং বাইম মাছের মতোও। সাধারণত পুকুর, খাল-বিল ও ধানখেতের তলদেশে, মাটির গর্তে এগুলো থাকে। স্থানীয় মানুষের খাদ্য তালিকায় মাছটি না থাকলেও বিদেশে এই মাছের চাহিদা রয়েছে।
প্রাকৃতিক উৎস থেকে এ মাছ সংগ্রহ করা হয়। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত কুঁচিয়া ধরার উপযুক্ত সময়। এই কুঁচিয়া বিভিন্ন রোগ যেমন রক্তশূন্যতা, শারীরিক দুর্বলতা, পাইলস, শ্বাসকষ্ট বা অ্যাজমা, বাতজ্বর এবং হজমজনিত সমস্যা দূর করার জন্য অনেকে খেয়ে থাকেন। এক কেজি কুঁচিয়া ২৫০ থেকে ৩০০ টাকা দামে বিক্রি করা হয়।
আরও পড়ুন: নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও ভাইরাল সিউলের স্কার্ফ ম্যান
মঙ্গলের সংসারের বাস্তবতায় তিনি একা নন। কুঁচিয়া সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবসার কাজে সব সময় সহযোগিতা করেন স্ত্রী একাদশী। স্বামী-স্ত্রীর যৌথ শ্রমের মাধ্যমে তাঁদের সংসারের চাকা সচল থাকে। ছয় সদস্যের পরিবারে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িও রয়েছেন। তিন কন্যা সন্তানের এই সংসারে কোনো পুত্র সন্তান নেই। বড় মেয়ের বিয়ে হয়েছে, যার স্বামী মহেন্দ্র পেশায় একজন গাড়ি চালক। বাকি দুই মেয়ে এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
অভাবের তাড়নায় মাঝে মাঝে হাঁপিয়ে উঠলেও, মেয়েদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন এক মুহূর্তের জন্যও থমকে দাঁড়ায়নি এই দম্পতির মনে। কুঁচিয়া বেঁচে মঙ্গলের দৈনিক আয় কোনো নির্দিষ্ট নিয়মে বাঁধা নয়। দিনে ৬০০ টাকা থেকে শুরু করে কখনো ৩০০০ টাকা পর্যন্ত আয় হয়।
জলাশয়ে পানি কমে গেলে শিকারের পরিমাণ বাড়ে এবং আয়ের চাকাও সচল হয়। মঙ্গল রায় ও তাঁর স্ত্রী একাদশী জানান, “২০ বছরের বেশি সময় ধরে কুঁচিয়া সংগ্রহ ও বিক্রি করে আসছি। আমাদের কোনো বড় প্রাপ্তির আশা নেই। চাওয়া কেবল খেয়ে পরে বেঁচে থাকা আর মেয়েদের মানুষের মতো মানুষ করা।”
আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে শান্ত রুম কোনটি, সেখানে বেশিক্ষণ থাকলে শারীরিক ও মানসিক অস্বস্তি হয়?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন