০৪:৩৯ পি.এম
রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় এই মামলা দায়ের করা হয়। আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় কারাগার থেকে দুই আসামিকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়।
শুনানির এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। তিনি বিচারকের উদ্দেশে বলেন, “আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী পেশা ছাড়া আমার অন্য কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।”
আরও পড়ুন: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময়কে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। তিনি আদালতকে জানান, মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবর এই অপরাধ সংঘটিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং আসামিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শাকিল। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় এবং চিকিৎসকরা জানান তার ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। সেই থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এবার তাকে মিরপুরের এই হত্যাচেষ্টা মামলাতেও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হলো।
আরও পড়ুন: সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: দুই আসামির ৫ দিনের রিমান্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন