০২:৫৫ পি.এম
বিশ্বখ্যাত গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা প্রতিষ্ঠার ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার উচ্চ ব্যয় এবং ব্যবসায়িক গতি শ্লথ হয়ে পড়ার কারণে বড় ধরনের পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ক্যানভার মোট কর্মীর ২২ শতাংশ, যা ১ হাজার ২৭১ জন কর্মীকে চাকরি হারাতে হবে বা তাদের কর্মস্থল পরিবর্তন হতে যাচ্ছে। এই তথ্য বিবিসির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
বুধবার, কর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় ক্যানভার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেলানি পারকিন্স উল্লেখ করেন, “এটি ক্যানভার ১৩ বছরের ইতিহাসে নিঃসন্দেহে সবচেয়ে কঠিন মুহূর্ত। আমাদের কিছু কর্মীর কাজের ধরণে পরিবর্তন আসবে এবং তাদের কেন্দ্রীয় হাবে স্থানান্তরিত হতে বলা হবে। তবে দুঃখজনক হলেও সত্যি, আমাদের অনেক সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে।”
আরও পড়ুন: অনলাইনে সেবা দিলেই ডিজিটাল রূপান্তর হয় না: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
এই বছরেই গত এক দশকে প্রথমবারের মতো ক্যানভার প্রবৃদ্ধি ধীরগতির হয়ে পড়েছে। বিশ্বের ৩৭টি দেশে ক্যানভার কার্যক্রম ছড়িয়ে থাকলেও সিডনিকে প্রোডাক্ট টিমের মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। আগামী বছর থেকে দূর থেকে বা হাইব্রিড মডেলে কাজ করা কর্মীদের সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন অফিসে এসে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন পণ্য চালুর জন্য এআই সংক্রান্ত অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্যানভার দুই প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান—‘ব্ল্যাকবার্ড ভেঞ্চার্স’ ও ‘এয়ারট্রি’ কোম্পানিটির বাজার মূল্যায়ন কমিয়ে দিয়েছে। গত বছরের শেষ দিকে প্রতিষ্ঠানটির মূল্যায়ন যেখানে প্রায় ৬ হাজার কোটি অস্ট্রেলীয় ডলার ছিল, তা কমে দাঁড়ায় ৪ হাজার ৯০০ কোটি ডলারে।
মেলানি পারকিন্স ২০১৩ সালে ক্যানভা প্রতিষ্ঠা করেছিলেন, যাতে সাধারণ ব্যবহারকারীরা কারিগরি জ্ঞান ছাড়াই সহজে পোস্টার, কার্ড বা প্রেজেন্টেশন ডিজাইন করতে পারেন।
আরও পড়ুন: ‘বিজনেস ব্রেইন’ ও ‘জয়া’ দিয়ে ব্যবসা সামলাবে বিটোপিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন