ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ব্যালন ডি’অর: স্বর্ণের বলের সাত দশকের গল্প


ব্যালন ডি’অর: স্বর্ণের বলের সাত দশকের গল্প

একটি সোনালি বল। এটি ফুটবলারের কাছে শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং স্বপ্নের চূড়ান্ত স্বীকৃতি। মাঠে অসংখ্য গোল, ট্রফি এবং ব্যক্তিগত কীর্তির মাঝে যে সম্মান একজন খেলোয়াড়কে আলাদা উচ্চতায় নিয়ে যায়, সেটি হল ব্যালন ডি’অর। কিন্তু এই পুরস্কারের সূচনা হয়েছিল একটি ছোট পরিসরে। ১৯৫৬ সালে ফ্রান্সের ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ইউরোপের সেরা ফুটবলারকে স্বীকৃতি দিতে এই আয়োজন শুরু করে। প্রথমবার পুরস্কারটি জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউস, যিনি তখন ৪১ বছর বয়সী ছিলেন।

ছোট পরিসরের সেই আয়োজন আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতিগুলোর একটি হয়ে উঠেছে। সাত দশকের ইতিহাসে এর সঙ্গে জড়িয়ে আছে ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো কিংবদন্তিদের নাম।

শুরুর দিকে ব্যালন ডি’অরের জন্য শুধুমাত্র ইউরোপীয় নাগরিকত্ব থাকা ফুটবলাররাই বিবেচিত হতেন। ফলে পেলে কিংবা ম্যারাডোনার মতো কিংবদন্তিরা ইউরোপের ক্লাবে খেললেও পুরস্কারটির জন্য যোগ্য ছিলেন না। ১৯৯৫ সালে নিয়ম পরিবর্তন করে ইউরোপের ক্লাবে খেলা সব দেশের ফুটবলারদের জন্য দরজা খুলে দেওয়া হয়। সেই বছর প্রথম নন-ইউরোপীয় হিসেবে পুরস্কারটি জিতেছিলেন লাইবেরিয়ার জর্জ উইয়াহ। ২০০৭ সালে যোগ্যতার পরিধি আরও বাড়িয়ে বিশ্বের যেকোনো লিগে খেলা ফুটবলারদের জন্য ব্যালন ডি’অর উন্মুক্ত করা হয়।

আরও পড়ুন: সবদিক থেকে ফেভারিট বাংলাদেশ, সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় লক্ষ্য

২০১০ সালে ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার একীভূত হয়ে ‘ফিফা ব্যালন ডি’অর’ নাম ধারণ করে। ছয় বছর পর আবারও দুই আয়োজন আলাদা হয়ে যায়। ফিফা চালু করে ‘দ্য বেস্ট’ পুরস্কার। ২০২৪ সাল থেকে ব্যালন ডি’অর আয়োজনে ফ্রান্স ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছে উয়েফা।

কীভাবে হয় ভোটিং?

ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারিত হন সাংবাদিকদের ভোটের মাধ্যমে। ২০২৬ সালের নিয়ম অনুযায়ী, পুরুষদের বিভাগে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। নারীদের বিভাগে ভোট দেন শীর্ষ ৫০ দেশের সাংবাদিক। ফ্রান্স ফুটবলের সম্পাদকীয় দল প্রথমে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। এরপর ভোটাররা সেখান থেকে নিজেদের পছন্দের সেরা ১০ জনকে নির্বাচন করেন।

প্রথম পছন্দের জন্য ১৫ পয়েন্ট বরাদ্দ থাকে, দ্বিতীয় পছন্দে ১২, তৃতীয়তে ১০। এরপর যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেওয়া হয়। সব ভোটের পয়েন্ট যোগ করে বিজয়ী নির্ধারণ করা হয়। পয়েন্ট সমান হলে প্রথম স্থানে সবচেয়ে বেশি ভোট পাওয়া খেলোয়াড়কে অগ্রাধিকার দেওয়া হয়। বিচারে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ব্যক্তিগত পারফরম্যান্স ও মাঠে প্রভাব। এরপর বিবেচনায় আসে দলীয় সাফল্য এবং খেলোয়াড়সুলভ আচরণ। অর্থাৎ, শুধুমাত্র গোল অথবা শিরোপা জিতলেই ব্যালন ডি’অর নিশ্চিত হয় না।

আরও পড়ুন: গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, তিন ফরম্যাটে ছিলেন অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী

রেকর্ডের শীর্ষে মেসি

ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে বেশি আটবার পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। ২০০৯ সালে প্রথমবার জয়ের পর তিনি ২০১০, ২০১১ ও ২০১২ সালে টানা চারবার সেরা হন। এরপর ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালেও পুরস্কারটি তার হাতে ওঠে। তার পরেই পাঁচবার পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনবার করে পুরস্কার জিতেছেন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি এবং মার্কো ফন বাস্তেন।

নারীদের ব্যালন ডি’অর ২০১৮ সালে চালু হয়। প্রথম পুরস্কারটি জিতেছিলেন নরওয়ের আডা হেগারবার্গ। এরপর স্পেনের আলেক্সিয়া পুতেয়াস এবং আইতানা বোনমাতি একাধিকবার এই সম্মান অর্জন করেছেন। ২০২৬ সালে নারীদের পুরস্কারটি জিতেছেন পুতেয়াস।

২০২৬ সালে নতুন বিজয়ী কেইন

আরও পড়ুন: অ্যাশেজের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে নতুন শুরুর পথে ম্যাককালাম

২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। প্রথমবারের মতো সোনালি বল হাতে তুলেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। দ্বিতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, তৃতীয় স্থানে লামিন ইয়ামাল। একই আয়োজনে কোপা ট্রফি, ইয়াশিন ট্রফি, গের্ড মুলার ট্রফিসহ বিভিন্ন বিভাগে দেওয়া হয় স্বীকৃতি।

বিতর্ক, ভোটের হিসাব কিংবা তারকাদের প্রতিদ্বন্দ্বিতা; সবকিছুর মধ্যেও ব্যালন ডি’অরের আবেদন অটুট রয়েছে। ১৯৫৬ সালে ইউরোপের সেরা ফুটবলার খোঁজার যে যাত্রা শুরু হয়েছিল, তা এখন বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতীক। প্রজন্ম বদলাবে, নতুন তারকা আসবেন, কিন্তু সোনালি বল হাতে তোলার স্বপ্ন ফুটবলারের কাছে চিরকাল রয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ এম


বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির।

২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ২৯ অক্টোবর বাহরাইনে পৌঁছান। সফরের সময়, গত ৩১ অক্টোবর তিনি বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎটি সম্পন্ন করেন।

রোববার (১ নভেম্বর) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের এই সফর ফলপ্রসূ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের ছায়ায় থাকলে এনসিপি পরগাছা হবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ এম


জামায়াতের ছায়ায় থাকলে এনসিপি পরগাছা হবে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াতের ছায়ায় দীর্ঘকাল অবস্থান করলে এনসিপি চারাগাছ থেকে পরগাছায় পরিণত হবে এবং বটবৃক্ষ হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না।

তিনি বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই কথা জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, "জনসভা থেকে শিবির নেতা সাদিক কায়েম যেভাবে সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে বেইমান আখ্যায়িত করেছে এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘ঠিক’ বলে চিল্লায়ে সমর্থন জানিয়েছে, এরপর নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ এনসিপির নেতাকর্মীদের ন্যূনতম গাটস্ থাকলে এর প্রতিকার ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কোনো বৈঠক কিংবা সমাবেশে অংশগ্রহণ করতে পারে না।"

তিনি আরও লেখেন, "দেখা যাক, গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সেই শক্তি আছে, নাকি জামায়াতের কাছে ৮ আসনের বিনিময়ে নিজেদের পুরোপুরি সঁপে দিয়েছে। আমরা চাই, এনসিপি চারাগাছ থেকে বটবৃক্ষ হোক। কিন্তু দীর্ঘসময় জামায়াতের ছত্রছায়ায় থাকলে চারাগাছ থেকে এনসিপি পরগাছায় পরিণত হবে, বটবৃক্ষ হওয়ার আর সুযোগ থাকবে না। কিন্তু ৮ আসন পাওয়াকে তারা সবচেয়ে বড় সুযোগ মনে করলে, এটা আর ৮০ হবে, কখনো ১৫০ প্লাসও হবে না! এনসিপি হবে আরেকটি খণ্ডবিখণ্ড জাসদ!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই হাত নেই, পা দিয়ে লিখে এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ অর্জন রাব্বির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ এম


দুই হাত নেই, পা দিয়ে লিখে এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ অর্জন রাব্বির

সীতাকুণ্ডের ভাটিয়ারীর তরুণ মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি দুর্ঘটনায় দুই হাত হারিয়েও পড়াশোনা চালিয়ে গেছে। প্রথমে মুখে কলম ধরে লেখার চেষ্টা করে, পরে পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে লেখার অভ্যাস গড়ে তোলে। এভাবে পা দিয়ে লিখে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে রাব্বি। তার উচ্চশিক্ষার ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সংগঠন এসবিএস অ্যাসোসিয়েশন।

রোববার সন্ধ্যায় ভাটিয়ারী ইউনিয়নের জালিল গেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে রাব্বিকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় এসবিএস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাব্বি দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে ভর্তি প্রস্তুতির কোচিং থেকে শুরু করে স্নাতক সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাব্যয় বহন করবে সংগঠনটি। সোনাইছড়ি, ভাটিয়ারী ও সমিতি ইউনিয়নের শিক্ষার্থীরা সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন।

২০১৬ সালের ৫ অক্টোবর, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাটিয়ারী ফুটওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাব্বি। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার দুই হাত কেটে ফেলতে হয়।

এরপরেও সে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমে মুখে কলম ধরে লেখার পর, অষ্টম শ্রেণি পর্যন্ত এইভাবে লেখার পর পায়ের আঙুলের ফাঁকে কলম ধরে লেখার কৌশল আয়ত্ত করে। দীর্ঘ অনুশীলনের মাধ্যমে পা দিয়ে লেখায় অভ্যস্ত হয়ে ওঠে রাব্বি।

২০২৪ সালে ভাটিয়ারীর হাজী তোবারক আলী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। পরে ভর্তি হয় চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে।

বিভিন্ন সময়ে রাব্বির পড়াশোনায় সহযোগিতা করেছেন শিক্ষক ও শিক্ষানুরাগীরা। গবেষক ও চিকিৎসক ফেরদৌসী কাদরী তার শিক্ষার ব্যয়ে সহায়তা করেছেন বলে জানা গেছে। শিক্ষক ওসমানও বিনা পারিশ্রমিকে তাকে পড়িয়েছেন। পরিবারের সমর্থন ও এসব সহযোগিতায় পড়াশোনা চালিয়ে গেছে সে।

রাব্বির স্বপ্ন হচ্ছে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং ভবিষ্যতে বিজ্ঞানী হওয়া। পাশাপাশি সরকারি চাকরি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করার ইচ্ছা তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার বোরহানউদ্দিনে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ, ইউএনও বলছেন ২৪-বাকি ৯ কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ এম


ভোলার বোরহানউদ্দিনে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ, ইউএনও বলছেন ২৪-বাকি ৯ কোথায়?

ভোলার বোরহানউদ্দিনে অসহায়, দুস্থ ও জেলে পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অন্যত্র নেওয়ার সময় জব্দ হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির দুই নেতার দাবি অনুযায়ী, ঘটনাস্থলে ৩৩ বস্তা চাল আটক করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মাত্র ২৪ বস্তা পৌঁছেছে। চালের এই পরিমাণ নিয়ে নানা প্রশ্ন ও ধূম্রজাল দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে কুতুবা ইউনিয়ন পরিষদ থেকে দুটি অটোরিকশায় করে চাল অন্যত্র সরানোর সময় রানীরহাট রাস্তার মাথা এলাকায় সেগুলো আটক করেন স্থানীয় বিএনপি নেতা কাজল ও রবিউল। তাদের দাবি, ওই অটোরিকশা দুটিতে মোট ৩৩ বস্তা সরকারি চাল ছিল।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় এমপি হাফিজ ইব্রাহিমকে ফোনে জানানো হলে, তার নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনকে অবহিত করা হয়। এরপর চালগুলো জব্দ করে উপজেলা কার্যালয়ে নিয়ে সংরক্ষণ করা হয়।

তবে চালের প্রকৃত পরিমাণ নিয়ে রহস্য শুরু হয়। ৩৩ বস্তা চাল জব্দের দাবি করা হলেও বিএনপির ওই দুই নেতার পক্ষ থেকে জানানো হয় সেখানে ৩৩ নয়, ২৪ বস্তা চালই ছিল। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন তার কার্যালয়ে ২৪ বস্তা সরকারি চাল আনার কথা জানান। ৩৩ বস্তা জব্দের দাবি ও ২৪ বস্তা পাওয়ার অসংগতির বিষয়ে ইউএনও জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া দাবি করেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দুপুর ২টার দিকে বাড়িতে যাওয়ার পর ফোনে বিষয়টি জানতে পেরেছেন।

অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি এই চালের বস্তা নিয়ে এমন অসংগতিতে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, জব্দের সময় থেকে উপজেলা কার্যালয়ে চাল পৌঁছানো পর্যন্ত পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে বাকি ৯ বস্তা চালের সঠিক হিসাব উদঘাটন করতে হবে। একই সঙ্গে সরকারি চাল কোথা থেকে, কার নির্দেশে এবং ঠিক কোথায় নেওয়া হচ্ছিল—তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%