১০:৪১ পি.এম
চট্টগ্রাম, ২৫ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম।
আরও পড়ুন: আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের পুলিশ সুপারের ফোন জব্দ
সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির কোনো স্থান থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।
এ সময় তিনি মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। পাশাপাশি, সংসদীয় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানা ওসি রবিউল আলম খান, ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, নাজিরহাট হাইওয়ে থানার এস আই মো. আজিজ, চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ভুজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম, প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না প্রমুখ।
আরও পড়ুন: কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন