বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:০৮ এম
নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভ হিসেবে পরিচিত। যারা নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে মসজিদে আগে থেকেই উপস্থিত হন এবং নামাজের জন্য অপেক্ষা করেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। তাই প্রত্যেক মুসলমানের জন্য সময়মতো নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৭ কার্তিক ১৪৩৩ বাংলা, ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো—
নামাজের সময়সূচি
ফজর-০৪:৫৫ মিনিট।
জোহর-১১:৪৬ মিনিট।
আসর-০৩:৩৮ মিনিট।
মাগরিব-০৫:১৭ মিনিট।
ইশা-০৬:৩৩ মিনিট।
আজ সূর্যোদয়-৬:১১ মিনিট।
আজ সূর্যাস্ত-৫:১৪ মিনিট।
উল্লিখিত সময়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো—
বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে—
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চার বছর বয়সী কন্যা শিশু আলেয়া মায়ের মুখের দিকে তাকিয়ে পরিবর্তন বোঝার চেষ্টা করছে। সে জানে না, তার মাদকাসক্ত বাবা শহিদুল ইসলাম নেশা করতে বাধা দেওয়ার কারণে তার মা তৃষা খাতুনের (২১) মুখ ও শরীরে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড ঢেলে দিয়েছে, যার ফলে মুখ ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে।
তৃষা ছয় দিন হাসপাতালে অসহ্য যন্ত্রণার পর বাড়ি ফিরেছেন। তার সঙ্গে রয়েছে অবুঝ ছোট্ট মেয়েটি। বর্তমানে স্বামীর হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃষা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে নির্যাতনের বর্ণনা দেন তৃষা। তিনি জানান, গত ৫ নভেম্বর রাতে নেশা করতে নিষেধ করায় স্বামী ক্ষিপ্ত হয়ে তার শরীরে অ্যাসিড ঢেলে দেন। এতে তার মুখের একপাশসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
তৃষার অভিযোগ, তার স্বামী অটোরিকশা চালিয়ে উপার্জিত অর্থ নেশায় ব্যয় করতেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চাকরি করা রাজুর সঙ্গে নেশা করতেন। স্বামী তার ও মেয়ের ভরণপোষণ দিতেন না, ফলে সংসার চালাতে তাকে দুটি বাড়িতে কাজ করতে হতো। প্রতিবাদ করলেই স্বামী মারধর করতেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও স্বামী তার খোঁজ নেননি এবং বরং মামলা করলে হত্যার হুমকি দিয়েছেন।
তৃষা বলেন, তিনি বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছেন। তার দাবি, স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। নির্যাতিত এই নারী ভালোবেসে বিয়ে করা স্বামীর ফাঁসি চান। চার বছরের মেয়েকে নিয়ে এখন কোথায় যাবেন, সেই দুশ্চিন্তায় দিন কাটছে তার।
তানোরের মালশিরা গ্রামের তৃষা পাঁচ বছর আগে একই গ্রামের শহিদুলকে ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে তারা নগরীর দড়িখরবোনা রেলগেট এলাকার শাহীন বস্তিতে ভাড়া থাকতেন।
অভিযোগের বিষয়ে শহিদুল বলেন, নেশা করার বিষয়টি সত্য নয়। বিভিন্ন বিষয়ে ঝামেলা হতো, তাই অ্যাসিড মেরেছি।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারী জানান, তৃষার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরনো ক্যাম্পাসের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানিয়েছেন, ভবনের একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
নিরাপত্তাকর্মী আরো জানিয়েছেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আগুনের ঘটনায় এখন আর কোনো ঝুঁকি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রায়হান হাবিব বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরে সাব রেজিস্টার হিসেবে কর্মরত রয়েছেন।
এর পূর্বে, তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ, বিধি ৩(খ)-এ উল্লিখিত অসদাচরণ এবং বিধি ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অভিযোগের মাত্রা ও ধরন বিবেচনায় বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এনআরবির এক কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে গত ২৮ অক্টোবর ৬৫টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করে দেন রায়হান হাবিব। বদলির আগে এসব দলিল নিবন্ধন করা হয়। এ কাজে তিনি মোটা অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ