বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:১০ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে, বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে।
বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়গুলোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদির পেটে অস্ত্রোপচার করে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরো উদ্ধার করেছেন। কয়েদির পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করে এসব বস্তু বের করা হয়।
কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি হাসমত আলীকে (৪৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ (Acute Abdominal with Epigastric Mass) নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর সেখানে তার পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এ বিষয়ে জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বন্দি অবস্থায় তিনি মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়।
সিনিয়র জেল সুপার জানান, বর্তমানে ওই কয়েদি সুস্থ রয়েছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ