বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৪ এম
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
বুধবার, স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সম্মেলনস্থলে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার বিষয়ে যৌথভাবে আলোচনা করা হয়। দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় নেতা দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরে ফিফার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে বন্দরনগরীর বাইরে আনোয়ারার কর্ণফুলী নদীর তীরে শান্ত পরিবেশে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্তর্বর্তীকালীন ফরাসি কোচ এরিক মেয়ারের অধীনে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) সবুজ মাঠে ঘাম ঝরাচ্ছেন মারিয়া মান্ডা, ঋতুপর্ণা ও আফঈদারা।
গত ৩১ অক্টোবর থেকে কেইপিজেডের নিজস্ব মাঠে এক মাসের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করছে দলের ৪৪ সদস্যের বহর। ঢাকার মাঠে ব্যস্ততার কারণে বাফুফের অনুরোধে কেইপিজেড কর্তৃপক্ষ তাদের মাঠটি বরাদ্দ করেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে। যেখানে অনুশীলনের পাশাপাশি সুইমিং ও জিমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা।
এদিকে প্রধান কোচ পিটার বাটলার হঠাৎ অসুস্থ হয়ে ইংল্যান্ডে যাওয়ার পর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি দলের খেলোয়াড়দের কিছুটা মর্মাহত করেছে। তবে নতুন কোচ এরিক মেয়ারের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাঘিনীরা। কোচ পিটার বাটলারের প্রতিষ্ঠিত কৌশল ও নিয়মানুবর্তিতাই বজায় রাখার ঘোষণা দিয়ে এরিক মেয়ার জানান, আফ্রিকান দলগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতার আলোকে তিনি বাংলাদেশের মেয়েদের খেলায় দারুণ মান ও শৃঙ্খলা দেখতে পেয়েছেন। সিঙ্গাপুরের সাম্প্রতিক ম্যাচগুলোর ভিডিও বিশ্লেষণ করে দুটি ম্যাচেই জয় ছিনিয়ে আনতে খেলোয়াড়দের কৌশলগত প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।
কোরিয়ান ইপিজেড কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মো. শাহজাহান জানান, কেইপিজেড চেয়ারম্যান কিহাক সাং শিল্পের প্রসারের পাশাপাশি খেলাধুলার বিকাশেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। সে লক্ষ্যেই চতুর্থবারের মতো জাতীয় নারী ফুটবল দলকে তাদের মাঠে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে।
আগামী ১ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সিঙ্গাপুরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুটি প্রীতি ম্যাচে জয়লাভের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দল নতুন ইতিহাস গড়বে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শর্ট কোর্সে অংশগ্রহণকারী আটজন চীনা শিক্ষার্থী তাদের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তাদের মধ্যে দুজন চীনে ফিরে গেছেন এবং আগামী ১৩ নভেম্বর বাকি ছয়জন ঢাকা ত্যাগ করবেন। যদিও চলতি নভেম্বরের শেষের দিকে তাদের কোর্স শেষ হওয়ার কথা ছিল, সম্প্রতি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের পরিবারের উদ্বেগের কারণে তারা আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, এই শিক্ষার্থীরা মূলত একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন এবং তাদের কোর্সটি প্রায় শেষের দিকে রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ায় তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে ফিরে তারা নিজ বিশ্ববিদ্যালয় থেকেই এই কোর্সের বাকি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
চলমান পরিস্থিতি নিয়ে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাধ্যক্ষ জানান, শিক্ষার্থীরা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে আগেই টিকিট কেটে ফেলেছিলেন। তবে বৈঠকে হল প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন স্থানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার ফলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং ৬টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সাম্প্রতিক নিরাপত্তামূলক পদক্ষেপগুলোর বিষয়ে বিদেশি শিক্ষার্থীদের ওই বৈঠকে বিস্তারিত জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মন্তব্য করেছেন যে, উচ্চশিক্ষার লক্ষ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সনদ অর্জন করা নয়; বরং শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স এবং অন্যান্য নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের সাথে তাল মিলিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা, যোগাযোগ দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা অর্জন করা জরুরি।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার পূর্বাচল-সংলগ্ন কাঞ্চনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, জীবনে সফলতার জন্য মেধার পাশাপাশি পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "সরকারি কিংবা বেসরকারি, বড় কিংবা ছোট, পুরনো কিংবা নতুন—কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, সেটি সফলতার প্রধান নির্ধারক নয়।" তিনি যোগ করেন, বিশ্ববিদ্যালয়ের পরিচয় নিয়ে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নেই। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারলে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকেই সফল হওয়া সম্ভব।
অধ্যাপক মামুন আহমেদ দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছরে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তরুণদের এ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য তাদের মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।
শিক্ষকদের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র শ্রেণিকক্ষে সীমাবদ্ধ রাখা চলবে না। তাদের সহশিক্ষা ও পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে হবে। শ্রেণিকক্ষের বাইরের এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধানের মতো বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করে।
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসির পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কমিশন কাজ করছে। শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কার্যকরভাবে প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য করা হচ্ছে না।
তিনি আরো জানান, আগামী পাঁচ বছরে ইউজিসির সহযোগিতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত দুই হাজার শিক্ষককে দেশে-বিদেশে পিএইচডি করার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার সুযোগ সম্প্রসারণেও কমিশন কাজ করছে।
গবেষণায় অর্থায়নের বিষয়ে মামুন আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে প্রকল্পের গুণগত মান, দেশের বিদ্যমান সমস্যা সমাধানে সম্ভাব্য অবদান এবং বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। তিনি মানসম্মত ও সম্ভাবনাময় গবেষণা প্রকল্প থাকলে বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির সঙ্গে যোগাযোগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. মো. হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ড. এ এম শামীম ও ভাইস প্রেসিডেন্ট ড. মো. মাহবুবুর রহমান এমপি উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের অ্যাডজাঙ্কট প্রফেসর ড. আসিফ নজরুল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এস সারোয়ার উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের চেয়ারম্যান ও অ্যাডভাইজার, শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাম্বিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, অধিকার ও কল্যাণসংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) লুসাকার এভিয়ারি লাউঞ্জে বাংলাদেশ অনারারি কনস্যুলেট, জাম্বিয়ার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় জাম্বিয়ায় অবস্থানরত ২২৫ জন বাংলাদেশি প্রবাসীর মধ্যে ১৭০-১৮০ জন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেশটিতে বাংলাদেশ অনারারি কনসাল এরশাদ হোসেন রিপন শিকদার। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, প্রবাসীদের কল্যাণে সংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করে গঠনমূলকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাম্বিয়ার অনারারি কনসাল ডা. জায়েদ আলম। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন এবং আলোচনায় উত্থাপিত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন।
ড. রাজীব মুর্শিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাম্বিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি, কনস্যুলার সেবা, পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত বিষয়, ওয়ার্ক পারমিট, আইনগত ও প্রশাসনিক জটিলতা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং কমিউনিটির পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও মতামত তুলে ধরেন। আলোচনায় প্রবাসীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান এবং সম্মিলিতভাবে সমস্যা মোকাবেলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণের মধ্য দিয়ে সভার আলোচনা পর্ব শেষ হয়। সভা শেষে বাংলাদেশ অনারারি কনস্যুলেট, জাম্বিয়ার উদ্যোগে আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ অনারারি কনস্যুলেট, জাম্বিয়ার উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভার মূল লক্ষ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত হওয়া, তাঁদের মতামত শোনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ