বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৯ এম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে দুর্বৃত্তরা তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষিকা লক্ষ্মী রানী নাথ আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মী।
সহকর্মী শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে লক্ষ্মী রানী আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানার সামান্য পশ্চিমে অবস্থিত একটি নার্সারির সামনে।
কিন্তু চালক তাকে গন্তব্যে না নিয়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক ধরে সামনে এগিয়ে যান। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনায় জড়িত সিএনজি চালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে, বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে।
বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়গুলোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদির পেটে অস্ত্রোপচার করে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরো উদ্ধার করেছেন। কয়েদির পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করে এসব বস্তু বের করা হয়।
কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি হাসমত আলীকে (৪৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ (Acute Abdominal with Epigastric Mass) নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর সেখানে তার পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এ বিষয়ে জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বন্দি অবস্থায় তিনি মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়।
সিনিয়র জেল সুপার জানান, বর্তমানে ওই কয়েদি সুস্থ রয়েছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ