বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৫ এম
আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তার সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং এ সময় তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দিতে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশের সূত্রগুলো জানাচ্ছে, জাহাংগীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার এবং পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য তাদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে। রেঞ্জের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, তার মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের কিছু প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে, এসব অভিযোগের বিষয়ে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি।
বুধবার (১১ নভেম্বর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। তিনি জানান, মুঠোফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার বিশেষ শাখায় পাঠানো হয়েছে। যদি কোনো ধরনের বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, জাহাংগীর আলমের মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। একটি সূত্রের মাধ্যমে বিষয়টি জানার পর তাকে ডেকে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।
অভিযোগের বিষয়ে জাহাংগীর আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন জব্দ থাকায় এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ