১০:০৯ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার জনগণের গণরায় অস্বীকার করছে। তিনি বলেন, সংসদীয় ভোটের রায় ছিনতাই করা হয়েছে। তারা বুঝতে পারেনি বলেই গণভোটের রায় ছিনতাইয়ের সুযোগ পায়নি। তবে এখন তারা সেই গণরায়কেও অস্বীকার করছে।
তিনি শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের মুড়লি মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লং মার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন।
জামায়াত আমির সরকারের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটলে শেষ পর্যন্ত খালে-বিলে থাকতে হবে এবং দেশ ছেড়েই পালাতে হবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, "আমাদের দাবি মেনে নিন, নইলে সরকার যদি একদফা আন্দোলনের মুখে পড়ে, তবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।"
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
ডা. শফিকুর রহমান আরও বলেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে কাউকে কার্ড দিচ্ছেন না। বরং সরকার ও জনগণের তহবিল থেকে কার্ড বিতরণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, "তাতেও দুর্নীতি-অনিয়ম হচ্ছে। তাদের কার্ড রাতের বেলায় পুকুর পাড়ে পাওয়া যায়।"
যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হেফাজতে ইসলামের আমির মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন