ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

লক্ষ্মীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ


লক্ষ্মীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২১ বছর বয়সী শিক্ষার্থী শাকিব হোসেন নিহত হয়েছেন। তিনি এবছর এইচএসসি সমমান (আলিম) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

দুর্ঘটনাটি রোববার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পদ্মাবাজার এলাকায় স্মার্ট একাডেমির সামনে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিব মোটরসাইকেলে রামগঞ্জের দিকে যাচ্ছিলেন। স্মার্ট একাডেমির সামনে পৌঁছালে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী বিআরটিসি বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা সড়ক দুর্ঘটনার পর দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরুদ্ধ করে রাখেন। এই সময় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

আরও পড়ুন: মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিহত শাকিব হোসেন এনায়েতপুর গ্রামের আনিছুর রহমানের একমাত্র ছেলে। সম্প্রতি প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে তিনি রায়পুরের লামচরী কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩.৪১ (জিপিএ) পেয়ে উত্তীর্ণ হন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমই

আরও পড়ুন: সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম, যুদ্ধ বন্ধের আলোচনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম, যুদ্ধ বন্ধের আলোচনা চলছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে আলোচনা চলছে।

মঙ্গলবার, এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমে যায়। ইরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এর ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম এখন ১১১ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৮ ডলার বা ১ দশমিক ৭১ শতাংশ কমেছে। ফলে, বর্তমানে প্রতি ব্যারেলের দাম ১০২ দশমিক ৩৪ ডলারে অবস্থান করছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির সাজেকে দশম দিনে অবরোধ, আতঙ্কে বাসিন্দারা এলাকা ছাড়ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


রাঙামাটির সাজেকে দশম দিনে অবরোধ, আতঙ্কে বাসিন্দারা এলাকা ছাড়ছেন

খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে চলমান অবরোধ গতকাল রোববার দশম দিনে প্রবেশ করেছে। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আন্দোলনকারী দুটি সংগঠন এই দিন অবরোধ শিথিল করার ঘোষণা দেয়। এই সুযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার বাসিন্দা মিতালী চাকমা অসুস্থ মাকে নিয়ে ঢাকার যাওয়ার প্রস্তুতি নেন।

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের ন্যান্সিবাজার এলাকায় দীঘিনালা-খাগড়াছড়ি স্টেশনে তাঁকে দেখা যায়। তবে আগের রাতেই আরেক পক্ষ পাল্টা অবরোধের ঘোষণা দেওয়ায় তিনি বিপাকে পড়েন।

মিতালী চাকমার মতো হাজারো মানুষ এদিন দুর্ভোগের শিকার হন। তাদের মধ্যে একজন মো. মুনির, যিনি দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। কলেজের পরীক্ষা-সংক্রান্ত কাজে তাঁর যাওয়া জরুরি ছিল। কিন্তু যানবাহন না পাওয়ায় তাঁকে বাসায় ফিরতে হয়। কিছু ভাড়াটিয়া যাত্রীবাহী মোটরবাইক চালক যাত্রী নিতে চাইলেও অন্য পরিবহনের চালক-শ্রমিকরা তাদের বাধা দেন।

পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন ২২ অক্টোবর থেকে সড়ক অবরোধ করে আসছে। শুক্রবার সংগঠন দুটির নেতা বাবুধন চাকমা ও নতুনজয় চাকমার সই করা বিজ্ঞপ্তিতে রোববারের জন্য অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, সাজেক এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসবের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিবৃতিতে জানানো হয়, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি চলবে। এর মধ্যেই রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে অবরোধের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে একটি শ্রমিক সংগঠন। সংগঠনের সদস্য সচিব বিন্দুলাল চাকমার সই করা বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এ বিষয়ে পরিবহন শ্রমিক জসীম উদ্দিন বলেন, “দুটি সংগঠন পর্যটনের ভরা মৌসুমে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য পুরো পরিবহন সেক্টরকেই জিম্মি করে ফেলেছে। নিজেদের খেয়ালখুশিমতো সড়ক অবরোধ ডাকবে আর তুলবে; এটা হতে পারে না। এক দিনের শিথিল মানি না। তাই আমরাও পাল্টা সর্বাত্মক সাজেক অবরোধের পথ ধরেছি।”

অপর পরিবহন শ্রমিক জহিরঞ্জন ত্রিপুরা বলেন, “আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ। মনে করেছিলাম আজ অনেক দিন পর যাত্রী নিয়ে দীঘিনালা-সাজেক যাব, কিছু আয় হবে। এখন তো আবারও সব বন্ধ।”

খাগড়াছড়ির পরিবহন নেতা মীর হোসেন ও আয়ুস কান্তি চাকমার ভাষ্য, এই অচলাবস্থা নিরসনে সরকারের উচ্চ পর্যায় থেকে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া প্রয়োজন। তাদের মতে, এর স্থায়ী সমাধান না হলে চলমান পর্যটন মৌসুমে সব ধরনের ব্যবসা ভেস্তে যাবে। হাজার হাজার মানুষের জীবিকা ভয়াবহ সংকটে পড়বে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে ২৬ অক্টোবর আন্দোলনকারীদের সঙ্গে উজোবাজারে আলোচনা করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তারা আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে চার দফা দাবি মেনে নেন। তবে একটি দাবি নিয়ে মতানৈক্য থাকায় আলোচনা অমীমাংসিতভাবে শেষ হয়। এ নিয়ে নতুন করে আলোচনার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

আবারও ঘণ্টাব্যাপী গোলাগুলি

এদিন সাজেকে গত শনিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে পৌনে এক ঘণ্টা গোলাগুলি হয়। এদিন দুপুর সাড়ে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত মাচলং এলাকার দুর্গম কলাবুনিয়া ও ভাঙ্গামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল রোববার আবারও দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। এদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গঙ্গারামের জুরজুড়ি ছড়ার পার্শ্ববর্তী লাঙ্গলমারা এলাকায় এই গোলাগুলি হয়। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে পরপর দুদিন গোলাগুলির ঘটনায় আতঙ্কিত বেশ কিছু বাসিন্দা এলাকা ছেড়ে গেছেন।

এ বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেছেন, ইউপিডিএফের বন্দুকযুদ্ধে জড়িত থাকার প্রশ্নই আসে না। তাদের কোনো সশস্ত্র সংগঠন নেই, এটি গণতান্ত্রিক সংগঠন। সাজেকে যে আন্দোলন চলছে, তা ভিন্ন খাতে নেওয়ার জন্য এমন অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জেএসএসের কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহসম্পাদক সজীব চাকমাও দাবি করেন, তাঁর দলের কোনো সশস্ত্র গ্রুপ নেই। যে কারণে জেএসএসও এই বন্দুকযুদ্ধে জড়িত নয়। তাঁর ভাষ্য, ইউপিডিএফের সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে স্থানীয় জনসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছেন।

সাজেক ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা জানান, জুরজুড়ি ছড়া ও লাঙ্গলমারা সীমানা এলাকায় গতকাল ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লাঙ্গলমারা এলাকায় দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির তথ্য পেয়েছেন। তবে এ গোলাগুলি থেমে গেছে। তিনি আরও বলেন, খাগড়াছড়িতে একটি সংগঠনের ডাকা অবরোধের কারণে সাজেক সড়কে ছোটখাটো যানবাহন চলাচল করেছে। তবে বড় ধরনের যানবাহন চলাচল করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ, লন্ডনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ, লন্ডনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত

বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ভক্তদের জন্য বরাবরই একটি উৎসবের দিন। প্রতিবছর ২ নভেম্বর, মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মান্নাতের সামনে হাজার হাজার অনুরাগী একত্রিত হন প্রিয় তারকাকে একনজর দেখার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা এবং ভালোবাসার বন্যা বয়ে যায়। তবে এবারের জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের সঙ্গে দেখা হওয়ার সেই চিরচেনা দৃশ্য দেখা যাবে না। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজে শাহরুখ খান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

আজ ২ নভেম্বর, শাহরুখ খানের ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মীর তাজ মোহাম্মদ খান এবং মা লতিফ ফাতিমার সন্তান শাহরুখ তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। তিনি টেলিভিশন দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে কঠোর পরিশ্রম, অভিনয়দক্ষতা ও নিজস্ব ব্যক্তিত্বের জোরে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন।

মান্নাতে এবার নেই জন্মদিনের চিরচেনা আয়োজন। শাহরুখের জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ভিড় এখন বলিউডের পরিচিত দৃশ্য। প্রতিবছর অসংখ্য মানুষ সেখানে জড়ো হন প্রিয় তারকার একঝলক দেখা কিংবা তাঁর উদ্দেশে শুভেচ্ছা জানাতে। কিন্তু এবার সেই আয়োজন থেকে ভক্তরা বঞ্চিত হতে পারেন। ‘কিং’-এর শুটিংয়ের কারণে লন্ডনে থাকার কথা রয়েছে অভিনেতার। ফলে জন্মদিনে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে তাঁর নিয়মিত সাক্ষাৎপর্ব এবার হচ্ছে না বলেই খবর।

গত দুই বছর ধরে, মান্নাতের বাইরে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানানোর প্রচলিত আয়োজনের পরিবর্তে, শাহরুখ মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গমন্দিরে বিশেষ অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। এবারের জন্মদিনের পরিকল্পনা ভিন্ন হওয়ায় ভক্তদের নতুন কোনো আয়োজনের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

জন্মদিনে ‘কিং’ থেকে আসছে চমক?

ভক্তদের সঙ্গে সরাসরি দেখা না হলেও, জন্মদিনে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বিশেষ চমকের সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ রাত ১২টায় সিনেমাটির বিশেষ কোনো প্রচারণামূলক উপকরণ প্রকাশ করা হতে পারে। এটি টিজার, গান কিংবা নতুন পোস্টার হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে, ‘কিং’ মুক্তির আগে বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে শাহরুখের দলের। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং অনিল কাপুরসহ একঝাঁক তারকা। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

টেলিভিশন থেকে বিশ্বজোড়া তারকাখ্যাতি

শাহরুখ খানের তারকাখ্যাতির গল্প কেবল সাফল্যের নয়, বরং দীর্ঘ পরিশ্রম ও নিজের অবস্থান তৈরি করে নেওয়ার গল্পও। টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা শাহরুখ নব্বইয়ের দশকে হিন্দি সিনেমায় পা রাখেন। ‘দিওয়ানা’, ‘বাজিগর’ এবং ‘ডর’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের নজর কাড়েন।

পরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’ এবং ‘মাই নেম ইজ খান’-এর মতো সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও সুসংহত করেন তিনি। রোমান্টিক নায়ক থেকে শুরু করে জটিল ও ব্যতিক্রমী চরিত্র- বিভিন্ন ধরনের ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচয়।

ক্যারিয়ারের সাম্প্রতিক অধ্যায়েও তাঁর জনপ্রিয়তা অটুট। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র মতো সিনেমা দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তনের পর আবারও আলোচনার কেন্দ্রে আসেন এই অভিনেতা।

ছয় দশকের জীবনে শাহরুখ খান শুধু একজন সফল অভিনেতাই নন, বরং ভারতীয় চলচ্চিত্রের বিশ্বব্যাপী পরিচিত মুখগুলোর অন্যতম। তাঁর জন্মদিনে ভক্তদের প্রত্যাশা তাই কেবল শুভেচ্ছা জানানোর মধ্যে সীমাবদ্ধ নয়; নতুন সিনেমার ঘোষণা, বিশেষ উপহার কিংবা প্রিয় তারকার একঝলক দেখার অপেক্ষা থাকে। এবারের মান্নাতে সেই চেনা আয়োজন না থাকলেও ‘কিং’কে ঘিরে সম্ভাব্য চমকেই জন্মদিনের আনন্দ খুঁজে নিতে পারেন অনুরাগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়ীয়ায় শিক্ষক নিয়োগে জাল সনদ ও লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ, প্রশ্নের মুখে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল:

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ এম


মঠবাড়ীয়ায় শিক্ষক নিয়োগে জাল সনদ ও লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ, প্রশ্নের মুখে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় শিক্ষক নিয়োগ, শিক্ষাগত যোগ্যতার সনদ, এমপিওভুক্তি ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে আলাউদ্দীন নামে পরিচিত এক ব্যক্তি ও তাঁর স্ত্রী নেহারুকে ঘিরে এসব অভিযোগ সামনে এসেছে। তাঁদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার, ভুয়া প্রত্যয়নপত্রের মাধ্যমে চাকরি গ্রহণ, নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেন এবং প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।

অভিযোগগুলোর সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তবে বিষয়গুলো সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক স্বচ্ছতা, শিক্ষক নিয়োগের বৈধতা এবং এমপিওভুক্তির প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিতে পারে। এ নিয়ে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

একাধিক প্রতিষ্ঠানে চাকরি ও সনদ নিয়ে প্রশ্ন:

অভিযোগ সূত্রে জানা যায়, মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা এলাকার বাসিন্দা আলাউদ্দীন তিনবার বিএ পরীক্ষায় অংশগ্রহণের পর উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে কম্পিউটার শিক্ষকের একটি সনদ সংগ্রহ করে বেতমোর আশরাফুল উলুম মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক হিসেবে যোগদান করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ওই সময়ে মাদ্রাসায় বিদ্যুৎ-সংযোগ না থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিল তৈরি করে অধ্যক্ষ ও সভাপতির স্বাক্ষর জালের মাধ্যমে মাদ্রাসা বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছিল। এর মাধ্যমে কম্পিউটার শাখা চালু ও পরবর্তী সময়ে এমপিওভুক্তির ব্যবস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া এমপিও-সংক্রান্ত বিল পাসের বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে অসদাচরণ ও মারধরের অভিযোগও রয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও কর্তৃপক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন।

পরবর্তী সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার মানিকখালী মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বেতমোর মাদ্রাসার অভিজ্ঞতা ও প্রত্যয়নপত্র ব্যবহার করে আলাউদ্দীন চাকরি গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রায় ৫০ হাজার টাকা লেনদেনের অভিযোগও করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট নিয়োগ ও প্রত্যয়নপত্রের কাগজপত্র বিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে।

ওই বিদ্যালয়ে কর্মরত থাকাকালে স্থানীয় সংসদ সদস্য রিমনের সহযোগিতা এবং তাঁর এক আত্মীয়ের সমর্থনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগও উঠেছে। পরবর্তী সময়ে তাঁকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে বিদ্যালয়ের লিখিত সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা প্রয়োজন।

এরপর তিনি মঠবাড়ীয়ার জাফরাখালী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন বলে জানা গেছে। সেখানেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিরোধ সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে তাঁকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে ভান্ডারিয়া উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় পাঁচ লাখ টাকার বিনিময়ে নতুন করে শিক্ষক পদে যোগদানের চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ নিয়োগপ্রক্রিয়া ও অর্থ লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

স্ত্রীর বিরুদ্ধেও জাল সনদে নিয়োগের অভিযোগ:

অন্যদিকে, আলাউদ্দীনের স্ত্রী নেহারুর বিরুদ্ধেও শিক্ষক নিয়োগে জাল সনদ ব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, নলীভীম চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসিএ-সংক্রান্ত সনদ ও কম্পিউটার প্রশিক্ষণের জাল সনদ ব্যবহার করে সহকারী শিক্ষক পদে নিয়োগ নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বাবুর মাধ্যমে প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক লেনদেনের বিনিময়ে এ নিয়োগ সম্পন্ন হয়েছিল বলে অভিযোগকারীদের দাবি।

পরবর্তী সময়ে উচ্চপর্যায়ের তদন্তে তাঁর সনদ জাল হিসেবে শনাক্ত হওয়ার পর বেতন-ভাতা বন্ধ করা হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে। তবে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট দপ্তরের লিখিত সিদ্ধান্ত পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এদিকে, বর্তমানে জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে পুনরায় তদন্ত কমিটি গঠন করে প্রায় দুই লাখ টাকার বিনিময়ে বেতন-ভাতা ছাড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট তদন্ত কমিটি, শিক্ষা প্রশাসন ও আর্থিক নথিপত্র পরীক্ষা করা প্রয়োজন।

এ ছাড়া কিছুদিন আগে নলী-তুলাতলা এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে তাঁর বিরোধ ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

তদন্ত ও জবাবদিহির দাবি:

একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগসংক্রান্ত অভিযোগ, সনদের বৈধতা নিয়ে প্রশ্ন এবং আর্থিক লেনদেনের বিষয় সামনে আসায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, শিক্ষক নিয়োগের সময় প্রয়োজনীয় সনদ ও অভিজ্ঞতার কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না? কোনো প্রতিষ্ঠানে সনদ জাল হিসেবে শনাক্ত হওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে একই ব্যক্তির নিয়োগের সুযোগ তৈরি হলো কীভাবে? এমপিওভুক্তি ও বেতন-ভাতা ছাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর যাচাই-বাছাই কতটা কার্যকর ছিল?

তাঁদের মতে, এসব প্রশ্নের উত্তর পেতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত নথিপত্র, সনদ, প্রত্যয়নপত্র, তদন্ত প্রতিবেদন ও এমপিও-সংক্রান্ত কাগজপত্র নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।

সংশ্লিষ্টদের বক্তব্য: তালাশ বিডির পক্ষ থেকে আলাউদ্দীন, তাঁর স্ত্রী নেহারু, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং জেলা শিক্ষা কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে তাঁরা কোনো বক্তব্য বা মন্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও প্রাসঙ্গিক নথিপত্র পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সার্বিকভাবে অভিযোগগুলোর সত্যতা যাচাই, নিয়োগসংক্রান্ত নথিপত্র পরীক্ষা, সনদের বৈধতা নির্ধারণ এবং আর্থিক লেনদেনের বিষয় অনুসন্ধানে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও তদন্তকারী কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতার যথাযথ যাচাই এবং শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই এসব অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%