১০:৩৭ এম
বলিউডের সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য একটি বিশেষ উপহার হিসেবে হাজির হয়েছে তাঁর নতুন সিনেমা ‘কিং’। এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ করা হয়েছে। রোমান্টিক গানটিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার রসায়ন, শাহরুখের নতুন লুক এবং সংগীতশিল্পীদের পরিবেশনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
‘তু মিল যায়ে’ গানটির সুর দিয়েছেন সংগীত পরিচালক জুটি শচীন–জিগার। এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান এবং ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দুই সংগীতশিল্পীর যৌথ পরিবেশনা শ্রোতাদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।
গানটিতে শাহরুখ ও দীপিকার উপস্থিতি বিশেষভাবে ভক্তদের নজর কাড়ছে। তাঁদের পর্দার রসায়ন দেখে অনেকেই মনে পড়ছেন ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ সিনেমার কথা। সেই ছবির মাধ্যমে তাঁরা বড় পর্দায় জুটি হিসেবে দর্শকদের সামনে এসেছিলেন। নতুন গানেও দুই তারকার রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। একই সঙ্গে শাহরুখের শারীরিক গঠন ও নতুন অবতার নিয়েও আলোচনা চলছে।
আরও পড়ুন: পপিকে ফিরে আসার আহ্বান জানালেন গীতিকার মিল্টন খন্দকার
গানের শুরুতেই শাহরুখের একটি সংলাপ রয়েছে- ‘ম্যায় কাতিল নহি, আশিক হুঁ’। বাংলায় যার অর্থ, ‘আমি খুনি নই, প্রেমিক’। এই সংলাপটি গানটির রোমান্টিক আবহে ভিন্ন মাত্রা যোগ করেছে। এড শিরান ও অরিজিৎ সিংয়ের কণ্ঠের সমন্বয়ও শ্রোতাদের প্রশংসা পাচ্ছে।
জন্মদিনে শাহরুখের জন্য গুগলের আয়োজন
শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল বিশেষ আয়োজন করেছে। মুম্বাইয়ের বান্দ্রা–ওরলি সি লিংকে ‘কিং’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে তৈরি করা হয়েছে একটি বিশেষ স্থাপনা। গভীর রাতে গাড়ি নিয়ে বের হয়ে শাহরুখ নিজেই আয়োজনটি দেখতে যান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আয়োজনটির ছবি প্রকাশ করে গুগল জেমিনিকে ধন্যবাদ জানান অভিনেতা। তিনি মজার ছলে লেখেন, ‘দোস্ত হো তো গুগল জেমিনি জ্যায়সা’- অর্থাৎ বন্ধু হলে গুগল জেমিনির মতো হওয়া উচিত। শাহরুখের এই রসিকতাপূর্ণ মন্তব্যও ভক্তদের নজর কাড়ছে।
আরও পড়ুন: দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা সোনি রাজদান
বড় তারকাদের নিয়ে ‘কিং’
‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমার পর শাহরুখের নতুন প্রকল্প ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জি ও সুহানা খানসহ আরও অনেকে।
সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম গান প্রকাশের মাধ্যমে ছবিটির প্রচারণায় নতুন গতি এসেছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় শাহরুখের নতুন অবতার দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।
আরও পড়ুন: ‘রামায়ণ’-এর সেটে রণবীরের সঙ্গে আলিয়ার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন