১০:৩৮ এম
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে চাঁদা তুলে খেলার মাঠের জন্য জমি ক্রয় করেছিলেন। এবার সরকারের পক্ষ থেকে সেই মাঠে অবকাঠামো নির্মাণ এবং আরও ১২০ শতাংশ জমি ক্রয়ে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা সহায়তার কথা ঘোষণা করেছেন। গতকাল রোববার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গ্রামবাসীর একটি প্রতিনিধি দল, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
গ্রামের ধনী ও গরিব সবাই মিলে কয়েক বছর ধরে ৫৯ শতাংশ জমি ক্রয় করেন। জমির মালিক একজন অতিরিক্ত এক শতাংশ জমি দান করেছেন। ফলে বর্তমানে মোট জমির পরিমাণ ৬০ শতাংশ। গত বৃহস্পতিবার বাদ্য বাজিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রামবাসী সেই জমি বুঝে নেন। সংবাদ প্রকাশের পর ক্রীড়া প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে গ্রামবাসীকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান।
আরও পড়ুন: টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টঙ্গী
গতকাল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, প্রবীণ ব্যক্তি খোরশেদ আলম, আজহার শিকদার, মাইন শিকদার এবং মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির পরিচালক মোনালিসা মুন্নি উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিমন্ত্রী মাঠ গড়তে প্রয়োজনীয় জমি ও অর্থের বিষয়ে গ্রামবাসীর বক্তব্য শোনেন। তিনি গ্রামবাসীর উদ্যোগের প্রশংসা করে জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকের পর মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির পরিচালক মোনালিসা মুন্নি জানান, একটি পূর্ণাঙ্গ মাঠের জন্য প্রায় ১৮০ শতাংশ জমির প্রয়োজন। বর্তমানে ৬০ শতাংশ জমি রয়েছে। বাকি ১২০ শতাংশ জমি ক্রয় ও অবকাঠামো তৈরিতে মন্ত্রীর এই ঘোষণা গ্রামবাসীকে উৎসাহিত করেছে। দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, গ্রামের শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং তাদের মাদকমুক্ত রাখতে এই মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন