ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টঙ্গী


টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  টঙ্গী

 

গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত দেওয়ান ও তাঁর বন্ধু জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে টিভি আনোয়ার ও তাঁর ভাগিনা মঞ্জুরের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, টিভি আনোয়ার ও তাঁর ভাগিনা মঞ্জুরের নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি কিছুদিন আগে রিফাত দেওয়ান ও তাঁর বন্ধু জুম্মনের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। তাঁদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল দুই যুবককে হত্যা করা।

আরও পড়ুন: গাজীপুরে ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা রিফাত ও জুম্মনকে ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে মারধর করে গুরুতর জখম করে। বর্তমানে তাঁরা শারীরিকভাবে অসুস্থ অবস্থায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এ ধরনের সহিংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন: বাগেরহাটে ১১ বস্তা নকল সিগারেটসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সফর শেষে আজ ঢাকায় আসছেন লিউ হাইশিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ এম


পাকিস্তান সফর শেষে আজ ঢাকায় আসছেন লিউ হাইশিং

বাংলাদেশ সফরের পূর্বে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সফর করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। সেখানে তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার, পাকিস্তান সফর শেষে তিনি ঢাকায় আসছেন। দক্ষিণ এশিয়ায় চীনের রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের ধারাবাহিকতায় এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনের এই সফরে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির বিষয়টি গুরুত্ব পেতে পারে।

ঢাকায় লিউ হাইশিংয়ের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি আগামীকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক রাউন্ডটেবিল বৈঠক। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই আয়োজনে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। একই অনুষ্ঠানে উদ্বোধন করা হবে বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ।

এই সফরের মাধ্যমে বাংলাদেশের জন্য চীনের বিশাল অর্থনীতি, প্রযুক্তিগত সক্ষমতা ও বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ করে দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, কৃষি, প্রযুক্তি ও রপ্তানি খাতে চীনের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। চীনা বিনিয়োগের মাধ্যমে দেশে নতুন শিল্পকারখানা স্থাপন, প্রযুক্তি হস্তান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগও তৈরি হতে পারে।

বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, ওষুধ ও কৃষিপণ্যের জন্য চীনের বিশাল বাজার সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ও শিল্পপ্রযুক্তিতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানো সম্ভব। তবে এসব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় কর্মসংস্থান এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে লিউ হাইশিংয়ের বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতার পাশাপাশি নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ এশিয়ায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে লিউ হাইশিংয়ের এই সফর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। রাজনৈতিক যোগাযোগকে বাস্তব অর্থনৈতিক সহযোগিতায় রূপ দেওয়া গেলে বিনিয়োগ, শিল্পায়ন, প্রযুক্তি ও কর্মসংস্থানে বাংলাদেশ দীর্ঘমেয়াদি সুফল পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, পুলিশ তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ এম


রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, পুলিশ তদন্ত শুরু

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটানোর ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগারগাঁও স্টেশনের নিচে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে সেখানে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।

কে বা কারা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ এম


খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা, ২ নভেম্বর, ২০২৬ : খুলনা বিভাগে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে নবযোগদানকৃত কর্মকর্তাদের সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী, প্রশাসনিক এবং সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। কেসিসি কর্তৃক আয়োজিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথি বক্তৃতায় প্রশাসক আগত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন একটি সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান। এই স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানটি খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের ক্ষেত্রে অন্যতম প্রধান সংস্থা।

তিনি প্রতিষ্ঠানের বহুবিধ কার্যক্রমের বিবরণ তুলে ধরে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরীর সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রধানমন্ত্রী প্রাথমিক পর্যায়ে যে কাজগুলি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার মধ্যে জলাবদ্ধতা দূর করা, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, সবুজ শহর গড়ে তোলা এবং মানুষের চাহিদা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়া অন্তর্ভুক্ত। প্রশাসক বলেন, "আমরা সেই কাজগুলোকে নিয়েই অকান্ত পরিশ্রম করে যাচ্ছি।"

তিনি আগত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "এই দেশ আমাদের সকলের।" গতানুগতিক ধারা থেকে বেরিয়ে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। প্রশাসক নবীন কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, "একটা সুন্দর ব্যবস্থাপনার প্রধান শর্ত হচ্ছে সুন্দর ব্যবহার।" তিনি আশা প্রকাশ করেন যে, আগত কর্মকর্তারা কর্মজীবনের শুরুতেই সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস।

এছাড়া, ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ওরিয়েন্টেশন কর্মসূচিতে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেরাদুনে শেষ হলো ছয় দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি উৎসব-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ এম


দেরাদুনে শেষ হলো ছয় দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি উৎসব-২০২৬

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনের থানো গ্রামের ‘লেখক গ্রাম’-এ শেষ হয়েছে ছয় দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য, সংস্কৃতি ও শিল্প উৎসব-২০২৬। এই উৎসবটি ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ৬০টিরও বেশি দেশের তিন শতাধিক লেখক, কবি, সাহিত্যিক ও শিল্পী অংশগ্রহণ করেন।

উৎসবের আয়োজন করা হয় ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ড. রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’-এর উদ্যোগে। হিমালয়ের পাদদেশের মনোরম প্রাকৃতিক পরিবেশে এই উৎসবের মূল লক্ষ্য ছিল আঞ্চলিক ভাষার সংরক্ষণ ও প্রসার এবং বিশ্বমঞ্চে সাহিত্য ও সংস্কৃতির আদান-প্রদানকে জোরদার করা।

উৎসবের উদ্বোধন করেন উত্তরাখণ্ডের রাজ্যপাল ড. ঢাল সিং বিসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মরিশাসের সাবেক প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, উৎসবের প্রতিষ্ঠাতা ড. রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’, উত্তরাখণ্ডের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী সাতপাল মহারাজ এবং যোগগুরু স্বামী রামদেব উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) কয়েকজন প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে সংগঠনটির সেন্ট্রাল সেক্রেটারি জেনারেল মো. আবদুর রহমান, ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড. অনিরুদ্ধ সুধাংশু কুমার, বিহার চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড. শশী ভূষণ কুমার এবং বাংলাদেশ চ্যাপ্টারের উপদেষ্টা মোস্তাক আহমেদ মোবারকী অন্তর্ভুক্ত ছিলেন।

উৎসবে সার্ক জার্নালিস্ট ফোরামের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের উপদেষ্টা মোস্তাক আহমেদ মোবারকী।

ছয় দিনের এই আয়োজনে সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক ৩২টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এছাড়া বইমেলা এবং স্থানীয় পাহাড়ি ভাষা ও লোকসংস্কৃতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।

উৎসবের অধিকাংশ অধিবেশনে সভাপতিত্ব করেন ‘লেখক গ্রাম’-এর পরিচালক বিদুষী নিশঙ্ক, যিনি ড. রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’-এর কনিষ্ঠ কন্যা।

এবারের উৎসবে শিল্প ও ইতিহাসে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত ইতিহাসবিদ ও চিত্রশিল্পী পদ্মশ্রী ড. যশোধর মাঠপালকে ঐতিহ্যবাহী ‘সৃজন সম্মান’ প্রদান করা হয়।

দেশ-বিদেশের তিন শতাধিক লেখক, কবি, সাহিত্যিক ও শিল্পীর অংশগ্রহণে আয়োজিত এই উৎসব আন্তর্জাতিক সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%