০১:৪৩ এম
খুলনা, ২ নভেম্বর, ২০২৬ : খুলনা বিভাগে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে নবযোগদানকৃত কর্মকর্তাদের সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী, প্রশাসনিক এবং সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। কেসিসি কর্তৃক আয়োজিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথি বক্তৃতায় প্রশাসক আগত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন একটি সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান। এই স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানটি খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের ক্ষেত্রে অন্যতম প্রধান সংস্থা।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
তিনি প্রতিষ্ঠানের বহুবিধ কার্যক্রমের বিবরণ তুলে ধরে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরীর সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রধানমন্ত্রী প্রাথমিক পর্যায়ে যে কাজগুলি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার মধ্যে জলাবদ্ধতা দূর করা, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, সবুজ শহর গড়ে তোলা এবং মানুষের চাহিদা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়া অন্তর্ভুক্ত। প্রশাসক বলেন, "আমরা সেই কাজগুলোকে নিয়েই অকান্ত পরিশ্রম করে যাচ্ছি।"
তিনি আগত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "এই দেশ আমাদের সকলের।" গতানুগতিক ধারা থেকে বেরিয়ে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। প্রশাসক নবীন কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, "একটা সুন্দর ব্যবস্থাপনার প্রধান শর্ত হচ্ছে সুন্দর ব্যবহার।" তিনি আশা প্রকাশ করেন যে, আগত কর্মকর্তারা কর্মজীবনের শুরুতেই সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস।
এছাড়া, ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
ওরিয়েন্টেশন কর্মসূচিতে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন