বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩০ এম
ফেনী শহরের লালপোল এলাকার বেদেপল্লীতে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বস্তাভর্তি ১৩ লাখ টাকা উদ্ধার করেছে। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে ফেনী মডেল থানার পুলিশ এ অভিযান শুরু করে, যা রাত ৯টা পর্যন্ত চলে।
প্রায় তিন ঘণ্টা ধরে পরিচালিত বিশেষ অভিযানে নগদ ১৩ লাখ টাকা, ইয়াবা, বাংলা মদ, মাদক ব্যবহারের জন্য বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং টাকা গণনা করার যন্ত্র উদ্ধার করা হয়। অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেদেপল্লীতে মাদক সম্রাট সোহেলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। মাদক উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য এবং টাকার পরিমাণ ও আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। অভিযান এখনও চলমান রয়েছে।
ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, অভিযানে নগদ ১৩ লাখ টাকা, ইয়াবা, বাংলা মদ, মাদক ব্যবহারের বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং টাকা গণনা করার যন্ত্র উদ্ধার করা হয়েছে। ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি বিশেষ অভিযান ছিল এবং আগামী দিনগুলোতে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ