ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন


সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের দ্বারা জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে কার্গোটির কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ২৩০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ ৯ জনকে আটক করেন বনরক্ষীরা। আটক কার্গোটি শরণখোলা রেঞ্জ অফিসের নিকটবর্তী ভোলা নদীতে নোঙর করা হয়েছিল। বুধবার সকালে ওই কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সকালে কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভোলা নদীতে পাম্প মেশিন স্থাপন করে কয়লার ওপর পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচের অংশে কয়লার অতিরিক্ত তাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের কয়লার স্তূপে ভেতরে তাপ থেকে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগকে পরামর্শ দেয়া হয়েছে।

শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশীয় ২৩০ টন কয়লাবোঝাই মিনি কার্গোটি আটক করা হয়। এ সময় কার্গোতে থাকা নয়জনকেও আটক করা হয়। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করেছিলেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করছিলেন। কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে কার্গোসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন।

আরও পড়ুন: ডুবে মৃত্যু প্রতিরোধে সাংবাদিকতায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আলপনা বেগম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমেইলে বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ এম


ইমেইলে বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি

ইমেইল মারফত বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। একই ধরনের হুমকিমূলক বার্তা স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও পেয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব হুমকিকে আপাতত ভুয়া বলে মনে করছে।

বুধবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত হামলার আশঙ্কার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের জন্য সরকারের মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে নতুন করে এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা দেশটির লা সেভেন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি এসেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, ঘটনার পেছনে পরিকল্পিত কোনো কৌশল থাকতে পারে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলো হুমকির উৎস শনাক্তে কাজ করছে।

এদিকে শিক্ষামন্ত্রী এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ইমেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে বাস্তব হামলার আশঙ্কা খুবই কম বলে মনে হচ্ছে। এটি প্রকৃত বোমা হামলার হুমকির পরিবর্তে সাইবার হামলা বা ভয়ভীতি সৃষ্টির প্রচেষ্টা হতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএসের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ এম


ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএসের

রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস)।

সংগঠনটি জানায়, চার দিনের মধ্যে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণ ঘটেছে এবং ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্বশীলতার বিষয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।

বুধবার (১১ নভেম্বর) এইচআরডিএসের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত একটি বিবৃতিতে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার বিষয়ে উদ্বেগ জানানো হয়। একই দিনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের দপ্তর সম্পাদক মো. তারিফ আহাম্মেদ তুহিন স্বাক্ষরিত একটি পৃথক বিবৃতিতে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাত দফা দাবি জানানো হয়।

এইচআরডিএসের বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ এবং রাজনৈতিক কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। ১১ নভেম্বর প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, চার দিনে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণ এবং ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বিবৃতিতে ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসচালক মো. কালাচাঁদ (৫০) নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের বিবৃতিতে জানানো হয়, গত ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর সন্ধ্যায় টিএসসি, সিনেট ভবন, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর ও নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে।

পরদিন ৯ নভেম্বর টিএসসি ও মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় আবারও বিস্ফোরণ ঘটে। সর্বশেষ ১০ নভেম্বর দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে একজন গাড়িচালক গুরুতর আহত হন, চিকিৎসার জন্য আরেক শিক্ষার্থীকে হাসপাতালে নিতে হয় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণ ও বিস্ফোরক নিক্ষেপকে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা যাবে না। বিশেষ করে দিনের বেলায় একাডেমিক ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও চলাচলের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্যাম্পাসে কীভাবে বিস্ফোরক প্রবেশ ও নিক্ষেপ করা হচ্ছে এবং তা প্রতিরোধে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা দাবি করেছে সংগঠনটি।

এছাড়া বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের আটকের পর মারধরের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডিএস।

বিবৃতিতে বলা হয়, অপরাধে জড়িত থাকার সন্দেহে কাউকে আটক করা হলেও তার ওপর নির্যাতন বা গণপিটুনি গ্রহণযোগ্য নয়। প্রত্যেকের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

দেশজুড়ে সহিংসতা বন্ধে এইচআরডিএস আট দফা আহ্বান জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা, ফরিদপুরে নিহত বাসচালক কালাচাঁদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, তার পরিবারকে ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং জনপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, রেলস্টেশন ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাত দফা দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসে সাম্প্রতিক সব বিস্ফোরণের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারীদের শনাক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থায় কোনো অবহেলা বা দায়িত্বহীনতা ছিল কি না, তা খতিয়ে দেখা। পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ, আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং নিয়মিত নিরাপত্তা টহল নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

দেশজুড়ে নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা, অর্থায়ন এবং অনলাইনে নির্দেশনা দেওয়ার অভিযোগের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ এম


শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

শীতের মৌসুম শুরু হওয়ার পূর্বে অনেকের ঠোঁটে শুষ্কতা ও ফাটার সমস্যা দেখা দেয়। কখনো ঠোঁটের উপরের চামড়া উঠে যায়, আবার কখনো গভীর ফাটল তৈরি হয়ে রক্তপাতও হতে পারে। যাদের ঠোঁট সাধারণত শুষ্ক থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যা তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক অনেক বেশি পাতলা ও সংবেদনশীল। ঠান্ডা ও শুষ্ক বাতাস, বাতাসে আর্দ্রতার অভাব, শরীরে পানির ঘাটতি অথবা বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস শুষ্কতা বাড়িয়ে দিতে পারে।

তবে ঠোঁট ফেটে রক্ত বের হলে বিষয়টিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়। ক্ষত দ্রুত সারিয়ে তুলতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সঠিক পরিচর্যা প্রয়োজন। এই ক্ষেত্রে কয়েকটি সহজ অভ্যাস উপকারে আসতে পারে।

ঠোঁট ফেটে রক্ত পড়লে যে ৭টি উপায় অনুসরণ করবেন-

১. পেট্রোলিয়াম জেলি লাগান

ঠোঁটের শুষ্কতা ও ফাটল কমাতে বিশুদ্ধ পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে। এটি ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ক্ষতিগ্রস্ত ত্বক সুরক্ষিত রাখে। দিনে কয়েকবার এবং বিশেষ করে ঘুমানোর আগে ঠোঁটে এটি লাগানো যেতে পারে।

২. নিয়মিত পানি পান করুন

শরীরে পানির ঘাটতি দেখা দিলে ঠোঁটসহ ত্বকের বিভিন্ন অংশে শুষ্কতা বাড়তে পারে। তাই সারা দিনে পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। শরীরের পানির ভারসাম্য বজায় থাকলে ঠোঁটের শুষ্কতা কমাতেও সহায়তা পাওয়া যায়।

৩. ঠান্ডা বাতাস থেকে ঠোঁট বাঁচান

শীতল ও শুষ্ক বাতাস সরাসরি ঠোঁটে লাগলে ফাটল আরও বাড়তে পারে। তাই বাইরে বের হওয়ার সময় স্কার্ফ দিয়ে মুখ ও ঠোঁট ঢেকে রাখুন। এতে ঠোঁট সরাসরি ঠান্ডা বাতাসের সংস্পর্শ থেকে রক্ষা পাবে।

৪. সুগন্ধিবিহীন লিপবাম বেছে নিন

ঠোঁটের যত্নে এমন লিপবাম ব্যবহার করুন, যাতে সুগন্ধি, মেনথল, কর্পূর কিংবা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে এমন উপাদান নেই। কোনো লিপবাম ব্যবহারের পর ঠোঁটে অস্বস্তি বা জ্বালাপোড়া হলে সেটি ব্যবহার বন্ধ করুন।

৫. জিহ্বা দিয়ে ঠোঁট ভেজানো বন্ধ করুন

ঠোঁট শুকিয়ে গেলে অনেকেই বারবার জিহ্বা দিয়ে তা ভেজানোর চেষ্টা করেন। কিন্তু লালার পানি শুকিয়ে যাওয়ার পর ঠোঁটের আর্দ্রতা আরও কমে যায়। ফলে শুষ্কতা ও ফাটার সমস্যা বেড়ে যেতে পারে। তাই এই অভ্যাস পরিহার করে লিপবাম ব্যবহার করা ভালো।

৬. ঠোঁটের খোসা টেনে তুলবেন না

ঠোঁটের ওপরের শুকনো চামড়া হাত দিয়ে টেনে তোলা কিংবা দাঁত দিয়ে কামড়ানোর অভ্যাস ক্ষতিকর। এতে ত্বকের ক্ষত আরও গভীর হতে পারে এবং রক্তপাতের আশঙ্কা বাড়ে। তাই ঠোঁটের খোসা নিজে থেকে উঠে যাওয়ার জন্য অপেক্ষা করুন।

৭. ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখুন

শীতের সময় ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। এতে ঠোঁট ও ত্বকের শুষ্কতা বাড়ে। এ সমস্যা কমাতে ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। এটি বাতাসের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

ঠোঁট ফাটার পেছনে অন্য যেসব কারণ থাকতে পারে

শুধু শীতল আবহাওয়া কিংবা বাতাসের শুষ্কতাই ঠোঁট ফাটার জন্য দায়ী নয়। কিছু শারীরিক সমস্যা ও দৈনন্দিন ব্যবহারের পণ্য থেকেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন—

কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?

সাধারণ যত্নে ঠোঁটের শুষ্কতা কমে যাওয়ার কথা। তবে কিছু লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যেমন—

শীতের আগেই ঠোঁটের শুষ্কতা ও ফাটার সমস্যা দেখা দিলে শুরু থেকেই যত্ন নেওয়া প্রয়োজন। পর্যাপ্ত পানি পান, পেট্রোলিয়াম জেলি ব্যবহার এবং ঠোঁটের ক্ষতি করে এমন অভ্যাস পরিহার করলে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে দীর্ঘস্থায়ী বা গুরুতর সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ এম


সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার। চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

মন্ত্রী বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বিপুল সম্ভাবনা বিদ্যমান। গত বছর দেশ থেকে লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

মন্ত্রী হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে উল্লেখ করে বলেন, সরকার এখন এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত হওয়ার পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান অনুসরণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের চামড়াশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

দেশের অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বৈষম্য কমাতে এ খাতের বিকাশ অপরিহার্য। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। অর্থনৈতিক বৈষম্য কমাতে এ খাতের অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পান।

তিনি জানান, বর্তমান দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা ও আর্থিক শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পের মতো রপ্তানিমুখী খাতে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারদের সহযোগিতার প্রশংসা করেন। তিনি টেকসই উৎপাদনব্যবস্থা, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ, শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়। নতুন এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অনুসরণ এবং রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। এছাড়া সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই)-এর ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডস বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%