বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৮ এম
সোনালী ব্যাংক পিএলসি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি লাভ করবেন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে রবিবার (৮ নভেম্বর) থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। একইভাবে, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য বিবেচিত হবেন।
সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষা বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য সোনালী ব্যাংকের সিএসআর-CSR সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা
এইচএসসি পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ থাকতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে।
স্নাতক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ৩ দশমিক ৫ প্রয়োজন।
আবেদনকারীকে দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আবেদনকারীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন না করার পরামর্শ দিয়েছে।
আবেদনের নিয়ম
রবিবার (৮ নভেম্বর) থেকে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে আগামী ২৭ নভেম্বরের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে আবেদন করতে হবে। বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত তথ্য ব্যাংকের সিএসআর-সংক্রান্ত ওয়েবসাইটেই পাওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে দূষণের মাত্রা বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। তবে গতকাল বৃষ্টির কারণে দূষণের মাত্রা কিছুটা কমে গিয়েছিল। আজ আবার দূষণের মাত্রা বেড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৫৮। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান ওঠানামা করতে পারে। গতকাল বুধবার (১১ নভেম্বর) এই স্কোর ছিল ১১২।
বৃহস্পতিবার বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৪৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ৩৮৪ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।
ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালির মতো বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের বিভিন্ন সমস্যা এই বায়ুদূষণের কারণে বৃদ্ধি পেতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকার বায়ুর মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ