০৯:৩৩ পি.এম
কক্সবাজারে বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের মুফাসসির সম্মেলনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান উল্লেখ করেছেন, ওলামায়ে কেরাম হচ্ছেন আমাদের রাহবার এবং দীনের ধারক-বাহক। ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁদের ভূমিকা সর্বাগ্রে। তিনি বলেন, ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কারণ ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবনবিধান।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, বিভেদ ও বৈষম্যের বিপরীতে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকা প্রত্যাশা করে দেশবাসী। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ও আকিদাগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে উম্মাহর বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কক্সবাজার জেলা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী।
আরও পড়ুন: ইবির শিক্ষার্থী তরিকুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম জাতি নির্যাতন ও নিষ্পেষণের শিকার হচ্ছে। আরাকান, ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম উম্মাহ অধিকারবঞ্চিত। সঠিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা গেলে বিশ্বের কোনো শক্তিই মুসলিম উম্মাহকে দমিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, এ জন্য বর্তমান সময়ে ইত্তিফাক (ঐক্যমত) ও ইত্তিহাদ (ঐক্য) অত্যন্ত জরুরি।
রাজনৈতিক ও আকিদাগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে উম্মাহর চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মেলনে জেলা সেক্রেটারি মাওলানা আবুল ফজলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রীয় সহসভাপতি ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারি ড. মাওলানা আবুল কালাম আজাদ এবং কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন