০৯:৩৬ পি.এম
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে নিহত নাটোরের নলডাঙ্গার দুই প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নলডাঙ্গা উপজেলার খাজুরা ও দীঘিরপাড় গ্রামে নিহতদের মরদেহ পৌঁছায়। দীঘিরপাড় হাফেজিয়া মাদ্রাসা ও খাজুরা আলিম মাদ্রাসায় জানাজা শেষে ফকিরপাড়া একই গোরস্থানে তাদের দাফন করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন, নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন এবং দীঘিরপাড় গ্রামের জাকের আলীর ছেলে শামীম হোসেন। নিহতদের মরদেহ গ্রামে পৌঁছানোর পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানাজায় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টো, এছাড়া নিহতদের পরিবারের আত্মীয়স্বজন ও স্থানীয় মুসল্লিরা।
আরও পড়ুন: লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য
উল্লেখ্য, গত ৯ আগস্ট ২০২৬ তারিখে সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশী প্রবাসী নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ৯ জন প্রবাসীর মরদেহ দেশে ফেরত আসে। বাকি ৭ জনের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ার পর আজ শনিবার দেশে পৌঁছায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন জানান, নিহত পরিবারের দাফন কাফন ও অন্যান্য খরচের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন