ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মাকে হত্যা মামলার আসামি সাবেক শিক্ষক মামুনুর রশিদের কারাগারে মৃত্যু


মাকে হত্যা মামলার আসামি সাবেক শিক্ষক মামুনুর রশিদের কারাগারে মৃত্যু

যশোরে মাকে ধারাল বটি দিয়ে গলা কেটে হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক শিক্ষক মামুনুর রশিদ মামুন (৪৫) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর খুলনার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

রবিবার (১ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ হাসান আলী হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যশোরে খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

কারা কর্তৃপক্ষ জানায়, মামুনুর রশিদ মামুন হত্যা মামলার আসামি হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে হাজতি ছিলেন। তার হাজতি নম্বর ৫১০৫/২৫। রবিবার হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে কারারক্ষীরা তার পাহারায় নিয়োজিত ছিলেন।

খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ হাসান আলী জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মামুনের মরদেহ যশোরে পাঠানো হয়েছে।

মামুন যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামের মৃত আলতাফ হোসেন মাস্টারের ছেলে। তিনি ঝিকরগাছা উপজেলার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।

মামুনের মা আনোয়ারা বেগম (৫৮) গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে হত্যাকাণ্ডের শিকার হন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, মামুনের দুটি বিয়ে হয়েছিল। প্রায় আট-নয় বছর আগে যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মিথিলা নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। পরে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ঝিকরগাছার অমৃতবাজার গ্রামের রিনা নামে আরেক নারীকে বিয়ে করেন মামুন। প্রায় ছয় বছর আগে ওই সংসারও ভেঙে যায়।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর, তদন্ত চলছে

স্থানীয়দের দাবি, দুই স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের জন্য মামুন তাঁর মাকে দায়ী করতেন। এ নিয়ে এর আগেও মায়ের সঙ্গে বিরোধ ও মারধরের ঘটনা ঘটেছিল। এলাকাবাসীর ভাষ্য, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাঁকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসা নেন তিনি।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার পর প্রায় পাঁচ বছর পর গত ২৭ আগস্ট বাড়িতে ফেরেন মামুন। ওই দিন বিকেলে মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মামুন ধারাল বটি দিয়ে মায়ের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু ঘটে।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে মামুন বটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। কারা হেফাজতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গাজীপুর পুলিশ: শ্রমিক আন্দোলনে গুলিতে হতাহতের খবর গুজব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার ঘটনায় ২৬ জন গ্রেপ্তার, কারাগারে পাঠানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ এম


মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার ঘটনায় ২৬ জন গ্রেপ্তার, কারাগারে পাঠানো

ঢাকা, ২ নভেম্বর , ২০২৬ : রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলায় ২৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ১৩ জনকে এবং বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা পল্লবী থানার আরেকটি মামলায় ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কালাম উদ্দিন। এছাড়া মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

পৃথক তিন মামলায় কারাগারে পাঠানো আসামিরা হলেন- মো. ওলিউল্লাহ অনিক (২০), মো. কামাল গাজী (৩২), আলিফ হোসেন ইমন (২৬), রমজান সরকার (১৯), মো. মহিম মোল্লা (১৯), জুবায়ের ইসলাম ওরফে জিসান (২২), মো. আরিফ আকন্দ (২৯), মোয়াজ্জেম শাহরিয়ার নিয়াজ (২৬), মো. আরিফ (১৯), মো. নাহিদ হাসান (১৮), মাহবুবুর রহমান জুয়েল (৩৮), শামীম (২৩), মো. সুমন গাজী (২৮), মো. ইউসুফ আলী (২২), রাজীব চন্দ্র দাশ (২৮), মো. জামাল সরকার (৩৩), মো. তারেক হোসেন (২৪), মো. ইমরান হোসেন (৩০), মো. আবুল কাসেম (২২), মো. মহীন উদ্দিন (২৩), কাওসার আহমেদ (২২), মো. রফিক গাজী (২১), মো. ইসমাইল (২০), মো. সাইফুল ইসলাম (২৬), মো. সজীব শেখ (২০) এবং মো. মোর্শেদ আলম (২৫)।

পল্লবী থানার পৃথক দুই মামলার অভিযোগ অনুযায়ী, গতকাল ১ নভেম্বর পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় শ্রমিকদের আন্দোলনের সময় একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। এ সময় মিরপুর-১২ এলাকায় প্রায় দুই থেকে আড়াই হাজার ব্যক্তি জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের একটি সরকারি পিকআপে আগুন লাগিয়ে দেন। ঘটনাস্থল থেকে ককটেলের বিস্ফোরিত অংশ ও পেট্রলভর্তি দুটি প্লাস্টিকের বোতল জব্দ করা হয়। পুলিশের অভিযোগ, তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

মিরপুর মডেল থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, গতকাল ১ নভেম্বর সকাল ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে অন্তত চারটি পোশাক কারখানা এবং আশপাশের বিভিন্ন এলাকার প্রায় তিন থেকে চার হাজার শ্রমিক জড়ো হন। তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ছিলেন বলে জানা গেছে। শ্রমিকেরা মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তাদের বেতনসংক্রান্ত বিষয়ে মজুরি বোর্ড গঠনের কথা জানিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে মিরপুর-১০ এলাকার ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় ইটপাটকেলের আঘাতে দায়িত্ব পালনরত নারী পুলিশ সদস্য সামিয়া আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের নতুন অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ এম


বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের নতুন অঙ্গীকার

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এই প্রতিশ্রুতি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে প্রকাশ পায়।

আজ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এই বৈঠকটি অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জন’স-এ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে অনুষ্ঠিত হয়।

দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তারা যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের শক্তিশালী রপ্তানি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থায় এয়ারবাসের উড়োজাহাজ ক্রয়ে বাংলাদেশের সম্মতির বিষয়টিকে দুই পক্ষই স্বাগত জানান।

জলবায়ু পরিবর্তন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তার মতো বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে একে অপরকে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ একমত পোষণ করে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা প্রায় ১০ লাখ নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা এখন খুনের নগরী, ঘটেছে চারটি হত্যাকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ এম


খুলনা এখন খুনের নগরী, ঘটেছে চারটি হত্যাকাণ্ড

খুলনা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে, ধারাবাহিক লাশের মিছিলে। সর্বশেষ ৩৬ ঘণ্টার মধ্যে খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রূপসার সিংহেরচর এলাকায় নদীর চর থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। উভয়ের মাথায় গুলির চিহ্ন ছিল। এর আগে গত রোববার সন্ধ্যায় নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হন তাঁতীদলের নেতা হুমায়ুন কবির, যিনি খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এছাড়া গত শনিবার রাতে নগরের লবণচরা এলাকার সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের ফলে নগরীর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ পরিস্থিতির মধ্যে আগামী বুধবার খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সফরের আগে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপরতা বাড়িয়েছে।

জানা যায়, সোমবার রূপসার আইচগাতি ইউনিয়নের সিংহেরচর এলাকার জেলখানা ঘাটসংলগ্ন আলম মেম্বারের ঘাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের একজন মেহেদী হাসান সোহাগ (৩৫), যিনি রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে এবং পেশায় জেলখানা ঘাটের মাঝি ছিলেন। অপরজন রেজাউল করিম (৩০), তিনিও একই উপজেলার বাসিন্দা, তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টার দিকে নদীর কাদার মধ্যে প্রথমে একটি লাশ দেখতে পান। পরে ভাটার সময় পানি কমে গেলে একই এলাকায় আরেকটি লাশ দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। রূপসা থানার ওসি মাসুম খান বলেন, ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে লাশ দুটি ভেসে এসেছে। নিহত সোহাগ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য ছিলেন। রেজাউলের পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে তাঁতীদল নেতা হুমায়ুন কবির হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রদল নেতা আরাফাতসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের ছেলে সৈয়দ নুর আমিন সৌহার্দ্য। মামলায় অজ্ঞাতনামা আরো দুই-তিনজন আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আড়ংঘাটা থানার ওসি হালিমুর রহমান জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের একটি সূত্রের দাবি, চার থেকে পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে রায়েরমহল এলাকায় ‘আল-ক্যান্টিনো’ রেস্টুরেন্টে ঢুকে হুমায়ুন কবিরের ওপর হামলা চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে গত শনিবার রাতে লবণচরা থানাধীন কাশেমিয়া জামে মসজিদ থেকে প্রায় ৫০০ গজ দূরে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা মাহতাব চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। কলিনের বিরুদ্ধে মাদক ও হত্যাসংক্রান্ত মোট আটটি মামলা রয়েছে।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহানগরীর দুটি হত্যাকাণ্ডের একটি ফ্রিজের কিস্তির পাওনা টাকা নিয়ে এবং অন্যটি মাদকসংক্রান্ত বিরোধের জেরে ঘটতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক আমার দেশকে বলেন, রূপসায় নদী থেকে উদ্ধার হওয়া দুজনকেই দুর্বৃত্তরা মাথায় গুলি করে হত্যা করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুজনই সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য। দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে তাদের লাশ নদীতে ফেলে দিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

এর আগে ২২ অক্টোবর সকালে ও সন্ধ্যার পর খুলনা নগরে দুটি হত্যাকাণ্ড ঘটে। সেদিন সকালে খুন হন তাওহিদুল ইসলাম নামে এক যুবক। সন্ধ্যার পর খুন হন খুশি আক্তার নামে এক নারী।

পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তাওহিদুল ‘পলাশ গ্রুপের’ সদস্য ছিলেন। এ গ্রুপের সঙ্গে রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’ গ্রুপ বা বি কোম্পানির বিরোধ রয়েছে। অন্যদিকে খুশি আক্তার একটি গ্রুপের হয়ে মাদক বিক্রি করতেন।

এরপর ২৪ ও ২৫ অক্টোবর বটিয়াঘাটার বিএনপি ও যুবদলের দুই নেতাকে গুলি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। একই দিন নগরীর নিরালা মোড়ে সালমান হাওলাদার নামে বেসরকারি এক চাকরিজীবীকে গুলি করে সন্ত্রাসীরা।

কেএমপির তথ্য অনুযায়ী, মহানগরীর আট থানায় ২০২৪ সালে ২৯টি, ২০২৫ সালে ৩৭টি এবং চলতি বছরের প্রথম ৯ মাসে ৩০টি হত্যাকাণ্ড ঘটে। সে হিসাবে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৩ মাসে হত্যাকাণ্ড ঘটেছে ৯৬টি। এছাড়া চলতি বছরের জেলা ও মহানগর মিলে মোট হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ৭৫টি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের অধিকাংশের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং সন্ত্রাসীগোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের মতো কারণ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন প্রজন্মের কাছে ইতিহাসবিদ আব্দুল জলীলকে পৌঁছে দেওয়ার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ এম


নতুন প্রজন্মের কাছে ইতিহাসবিদ আব্দুল জলীলকে পৌঁছে দেওয়ার তাগিদ

প্রখ্যাত সাহিত্যিক, বিশিষ্ট ইতিহাসবিদ এবং ১৯৪৭ সালের বাউন্ডারি কমিশনের সেক্রেটারি অ্যাডভোকেট এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বক্তারা মরহুমের কর্ম এবং গবেষণার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডের নূর মঞ্জিলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। খুলনা সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

স্মরণসভায় আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম আলিম, সিটি ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এম এ আউয়াল, কথাসাহিত্যিক ফিরোজ আহমদ, সাংবাদিক আবু আসলাম বাবু, গবেষক মনিরুজ্জামান লাভলু এবং নারী নেত্রী শামীমা সুলতানা সিলু প্রমুখ।

সভায় বক্তারা উল্লেখ করেন, এ এফ এম আব্দুল জলীল ছিলেন সাহিত্য, ইতিহাস এবং গবেষণার জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি জীবদ্দশায় ৫৬টি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার এই সুবিশাল সাহিত্যকর্ম, বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চা এবং বিশেষ করে ১৯৪৭ সালের ঐতিহাসিক বাউন্ডারি কমিশনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তরুণ ও নতুন প্রজন্মের পাঠকদের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি।

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ এবং কবি সৈয়দ আলী হাকিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে মরহুম এ এফ এম আব্দুল জলীলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%