০১:৫৬ এম
প্রখ্যাত সাহিত্যিক, বিশিষ্ট ইতিহাসবিদ এবং ১৯৪৭ সালের বাউন্ডারি কমিশনের সেক্রেটারি অ্যাডভোকেট এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বক্তারা মরহুমের কর্ম এবং গবেষণার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডের নূর মঞ্জিলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। খুলনা সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।
স্মরণসভায় আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম আলিম, সিটি ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এম এ আউয়াল, কথাসাহিত্যিক ফিরোজ আহমদ, সাংবাদিক আবু আসলাম বাবু, গবেষক মনিরুজ্জামান লাভলু এবং নারী নেত্রী শামীমা সুলতানা সিলু প্রমুখ।
আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও আলোচনা সভা
সভায় বক্তারা উল্লেখ করেন, এ এফ এম আব্দুল জলীল ছিলেন সাহিত্য, ইতিহাস এবং গবেষণার জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি জীবদ্দশায় ৫৬টি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার এই সুবিশাল সাহিত্যকর্ম, বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চা এবং বিশেষ করে ১৯৪৭ সালের ঐতিহাসিক বাউন্ডারি কমিশনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তরুণ ও নতুন প্রজন্মের পাঠকদের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি।
খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ এবং কবি সৈয়দ আলী হাকিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে মরহুম এ এফ এম আব্দুল জলীলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন