০৯:৩৪ এম
২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে বার্সেলোনার ঐতিহাসিক স্পটিফাই ন্যু ক্যাম্পের নাম উঠে এসেছে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুজান এ বিষয়ে মন্তব্য করেছেন যে, ন্যু ক্যাম্প ফাইনাল আয়োজনের জন্য একটি সম্ভাব্য স্থান হতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই নতুন রূপে সাজানো স্টেডিয়ামে বিশ্বমঞ্চের সেরা ট্রফিটি উঁচিয়ে ধরার সুযোগ পাওয়া যাবে।
লুজান সোমবার বার্সেলোনা সিটি হলে ‘কিংস অব দ্য ওয়ার্ল্ড’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বার্সেলোনা সিটি কাউন্সিল এবং ক্যাটালান রাজ্য সরকারের পক্ষ থেকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ন্যু ক্যাম্পে আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব ও অনুরোধ জানানো হয়।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে লুজান উল্লেখ করেন, ‘ন্যু ক্যাম্পে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর আমার ব্যক্তিগত ইচ্ছা থাকবে, স্পেন যেন আবারও এই ঐতিহাসিক মঞ্চে বিশ্বকাপের ট্রফিটি উঁচিয়ে ধরতে পারে।’
আরও পড়ুন: মেসির বাম পায়ের দক্ষতা নিয়ে হ্যারি কেইনের মন্তব্য
বিশ্বকাপের ট্রফির দিকে ইঙ্গিত করে আরএফইএফ সভাপতি আরও বলেন, ‘মাননীয় মেয়র ইচ্ছা প্রকাশ করেছেন যে ২০৩০ সালে স্বপ্নের এই কাপটি যেন কোনো না কোনোভাবে বার্সেলোনাতেই থাকে। আমি নিজেও তা-ই আশা করি। আপনারা সবাই জানেন, এর বাস্তব সুযোগ ও সম্ভাবনা রয়েছে।’
এছাড়া, ন্যু ক্যাম্প স্টেডিয়ামের পুনর্বিন্যাস ও আধুনিকায়নের প্রশংসা করেন লুজান। তিনি এটিকে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধুনিক ভেন্যু হিসেবে আখ্যা দিয়ে জানান যে, বার্সেলোনা সিটি কাউন্সিল এবং কাতালান সরকারের সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এই দুটি শীর্ষ সংস্থা বার্সেলোনা শহরকে ফাইনালের ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বাত্মক সমর্থন প্রদান করছে।
স্পটিফাই ন্যু ক্যাম্পের দর্শক ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৫ হাজার হবে, যা এটি শেষ হলে ইউরোপের সর্ববৃহৎ স্টেডিয়ামের মর্যাদা পাবে। লুজান স্টেডিয়ামটির প্রশংসা করে বলেন, ‘এটি আধুনিক প্রযুক্তিতে গড়া প্রায় ইউরোপের সেরা এবং সবচেয়ে নতুন স্টেডিয়াম হতে যাচ্ছে।’
তবে, স্প্যানিশ ফুটবল প্রধানের এই বক্তব্যে সম্ভাবনা থাকলেও, ২০৩০ বিশ্বকাপের ফাইনালের চূড়ান্ত ভেন্যু হিসেবে ন্যু ক্যাম্পের নাম এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফিফা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল
উল্লেখ্য, ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্ব ফুটবলের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে আয়োজক দেশগুলোর মধ্যে ইতোমধ্যে বড় ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন