০৯:৩৫ এম
বিশ্বকাপের উন্মাদনা যেন এখনই তুঙ্গে! মাঠে খেলা শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবুও, গ্যালারিতে বসে খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়েছেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে আবেদন জমা পড়েছে ১২ কোটির বেশি।
১৯৩টি দেশ থেকে ২৮ লাখেরও বেশি সমর্থক টিকিট কেনার সুযোগ পেতে নিবন্ধন করেছেন। এই পরিসংখ্যান বিশ্বকাপ ঘিরে বৈশ্বিক আগ্রহের চিত্র স্পষ্ট করে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত টিকিটের আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮ লাখ ৯ হাজার ৪৬৭টি। এর মধ্যে বিভিন্ন ম্যাচের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩ কোটি ২০ লাখের বেশি। টিকিটের জন্য আবেদন করার সময় শেষ হবে আগামী ২১ নভেম্বর। অর্থাৎ, হাতে রয়েছে ১৯ দিনের মতো।
আরও পড়ুন: রোনালদো দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন, জানালেন সাবেক শেফ
আবেদনে সবচেয়ে বেশি এগিয়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমর্থকেরা। আফ্রিকা মহাদেশ থেকেই জমা পড়েছে প্রায় দেড় কোটি আবেদন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ৪১ ম্যাচের জন্য আবেদন পড়েছে ১০ কোটির বেশি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১১ ম্যাচ দেখতে আবেদন পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ।
জিম্বাবুয়েতে টিকিটের আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ। সেখানে ভারত-জিম্বাবুয়ে ম্যাচের জন্য আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি। নামিবিয়ার উইন্ডহুকের ৬ ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে আবেদন করেছেন প্রায় ৯ লাখ সমর্থক।
সবচেয়ে বেশি আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। ১০ অক্টোবর জোহানেসবার্গে হতে যাওয়া এই ম্যাচের জন্য আবেদন পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি। একই শহরে ২১ নভেম্বরের ফাইনালের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৭৯ লাখ।
টিকিটের এমন সাড়া নিয়ে আইসিসির ইভেন্টস ও ক্রিকেট পরিচালনা বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা বলেছেন, ‘২০২৭ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে সমর্থকদের সাড়া অসাধারণ। টিকিটের জন্য এই বিপুল চাহিদা প্রমাণ করে, বিশ্বজুড়ে টুর্নামেন্টটির জনপ্রিয়তা কতটা। ২৪ বছর পর পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আফ্রিকায় ফিরছে, যা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় সমর্থকদের ব্যাপক আগ্রহ প্রমাণ করে, বিশ্বমানের একটি টুর্নামেন্ট আয়োজনের বিশাল সম্ভাবনা রয়েছে। এই আয়োজন পুরো আফ্রিকা মহাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের এক সুতোয় বাঁধবে।’
আরও পড়ুন: মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যু
২০২৭ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ১২টি ভেন্যুতে হবে ৫৭টি ম্যাচ। অংশ নেবে ১৪টি দল। ২০০৩ সালের পর প্রথমবার আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। নামিবিয়ায় এবারই প্রথম হবে ছেলেদের বিশ্বকাপের ম্যাচ।
আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের (দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময়) মধ্যে নিবন্ধন করতে হবে। আবেদন বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকেরা। টিকিটের লটারিতে অংশ নিতে কোনো অর্থ দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে পরে এই সুযোগ মিলবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন