ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যু


মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যু

স্পেনের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছেন সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলার মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২ নভেম্বর) এফসি আন্দোরার বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে। টেনেরিফের মাঠ এস্তাদিও হেলিওদোরো রদ্রিগেজ লোপেজে ম্যাচের শেষ পর্যায়ে বলের দখল নিতে গিয়ে প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওনোর সঙ্গে সংঘর্ষে জড়ান দে মিগেল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গোলরক্ষকের হাঁটু বা শরীরের আঘাত তার বুকে লাগে।

সংঘর্ষের পরপরই মাঠে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই স্ট্রাইকার। চিকিৎসক দল দ্রুত মাঠে প্রবেশ করে তাকে জরুরি চিকিৎসা প্রদান করে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে ইনটিউবেশন করা হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার সময় তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট ধরে সিপিআর দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

ঘটনার সময় ম্যাচটি ২-২ গোলে সমতায় ছিল। দুর্ঘটনার পর খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অবশেষে ১০৮ মিনিটে কর্মকর্তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

দে মিগেলকে ক্যানারি দ্বীপপুঞ্জের সান্তা ক্রুজ শহরের ইউনিভার্সিতারিও নুয়েস্ত্রা সেনোরা দে কান্দেলারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে তার অবস্থা গুরুতর হলেও টেনেরিফ কর্তৃপক্ষ জানায়, তা স্থিতিশীল ছিল। তবে পরবর্তীতে তার স্নায়বিক অবস্থার অবনতি ঘটে।

মঙ্গলবার সকালে দে মিগেলের মৃত্যুর খবর নিশ্চিত করে সিডি টেনেরিফ। ক্লাবটি জানায়, স্থানীয় সময় সকাল ৮টায় মারা যান এই ফুটবলার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

২০১৫ সালে লেগানেস বি দলের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন দে মিগেল। এরপর তিনি স্পেনের আরও আটটি ক্লাবে খেলেছেন। গত বছর তিনি সিডি টেনেরিফে যোগ দেন।

আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দলে সাব্বির রহমান

শোকবার্তায় ক্লাবটি জানায়, এই কঠিন সময়ে শোকাহত পরিবার, স্বজন এবং টেনেরিফের সমর্থকদের পাশে রয়েছে তারা। তার আকস্মিক মৃত্যুতে স্পেনের বিভিন্ন ক্লাব, খেলোয়াড় ও ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরাও শোক প্রকাশ করছেন।

মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র ৩০ বছর বয়সে দে মিগেলের মৃত্যু স্প্যানিশ ফুটবলে গভীর শোকের আবহ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানি সফরে আজ যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


জার্মানি সফরে আজ যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জার্মানির রাজধানী বার্লিন সফরে যাচ্ছেন। এই তথ্যটি জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্লিনে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মের্ৎস জেলেনস্কির সফরের বিষয়টি তুলে ধরেন। তিনি গত বছর জেলেনস্কির হোয়াইট হাউস সফরের কথাও উল্লেখ করেন। মের্ৎস বলেন, ‘দুপুরের পরপরই তিনি আমার সঙ্গে এখানে থাকবেন। তখন পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে।’

জেলেনস্কির জার্মানি সফরের খবর সাধারণত নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে জানানো হয়। সফরের পূর্বে এ বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয় না। সফরের সময় তার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় হামলা শুরু করার পর থেকে জার্মানি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করে আসছে। বর্তমানে জার্মানি ইউক্রেনের সবচেয়ে বড় সহায়তাকারী দেশ হিসেবে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে চলতি বছরে অষ্টম পোলিও রোগী শনাক্ত, আক্রান্ত ১৩ মাসের শিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


পাকিস্তানে চলতি বছরে অষ্টম পোলিও রোগী শনাক্ত, আক্রান্ত ১৩ মাসের শিশু

পাকিস্তানে পোলিওর সংক্রমণ অব্যাহত রয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় ১৩ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়েছে। এ ঘটনা ২০২৬ সালে পাকিস্তানে মোট আটজনের শরীরে রোগটি শনাক্ত হওয়ার ঘটনা হিসেবে চিহ্নিত হলো।

রবিবার পাকিস্তানের জাতীয় পোলিও নির্মূল জরুরি কার্যক্রম কেন্দ্র (ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ফর পোলিও ইরাডিকেশন) এই তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রটির তথ্য অনুযায়ী, খাইবার জেলায় এ বছর এটি দ্বিতীয়বার পোলিও রোগী শনাক্ত হলো। পুরো খাইবার পাখতুনখোয়া প্রদেশে এটি ষষ্ঠ রোগী শনাক্তের ঘটনা। চলতি বছরে পাকিস্তানে শনাক্ত হওয়া আটজনের মধ্যে ছয়জন খাইবার পাখতুনখোয়া এবং দুজন দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের বাসিন্দা।

বিবৃতিতে আরো জানানো হয়েছে যে, এ বছর চার দফা বড় পরিসরে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সাড়ে চার কোটিরও বেশি শিশুকে একাধিকবার পোলিও টিকা দেওয়া হয়েছে।

এদিকে, সোমবার থেকে রবিবার পর্যন্ত দেশজুড়ে নতুন একটি টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আওতায় খাইবারসহ ৯৭টি জেলার পাঁচ বছরের কম বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পোলিও একটি অত্যন্ত সংক্রামক রোগ। এটি আক্রান্ত ব্যক্তির স্থায়ী পঙ্গুত্ব এমনকি মৃত্যুর কারণ হতে পারে। তবে সময়মতো টিকা দেওয়ার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন, জানালেন সাবেক শেফ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


রোনালদো দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন, জানালেন সাবেক শেফ

ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১ বছর বয়সেও ফুটবল মাঠে অসাধারণ পারফরম্যান্স বজায় রেখেছেন। পর্তুগিজ এই মহাতারকা পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে তার ফিটনেস এবং ধারাবাহিকতার অন্যতম কারণ হলো কঠোর জীবনযাপন এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। তবে রোনালদোর খাদ্য তালিকায় এমন একটি উপাদান নেই, যা সাধারণত খেলোয়াড়দের জন্য প্রোটিন এবং ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়।

রোনালদোর সাবেক ব্যক্তিগত শেফ জর্জিও ব্যারোন জানিয়েছেন, এই তারকা ফুটবলার দুধ কিংবা কোনো ধরনের দুগ্ধজাত খাবার খান না। মানুষের অন্য প্রাণীর দুধ পান করার বিষয়টি নিয়ে তার ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এই কারণে রোনালদোর খাদ্যতালিকা থেকে দুধ ও দুধ দিয়ে তৈরি সব খাবার বাদ দেওয়া হয়েছে।

কভার্সডটকমকে ব্যারোন বলেন, ‘রোনালদোর খাবারের তালিকায় দুধ একেবারেই থাকে না। মানুষই একমাত্র প্রাণী, যারা অন্য প্রাণীর দুধ পান করে। অন্য কোনো প্রাণী নির্দিষ্ট বয়সের পর আর দুধ পান করে না। প্রকৃতিতে এক প্রাণীর অন্য প্রাণীর দুধ পান করার বিষয়টি দেখা যায় না। অথচ মানুষ ৩০, ৪০, ৫০ কিংবা ৬০ বছর বয়সেও দুধ পান করে। দীর্ঘ সময় ধরে অন্য প্রাণীর দুধ পান করাকে প্রকৃতির স্বাভাবিক নিয়মের সঙ্গে যায় না বলে মনে করেন তিনি। এ কারণেই রোনালদো দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন।’

যদিও খাবারের ক্ষেত্রে রোনালদোর কঠোর শৃঙ্খলা রয়েছে, তবে পুষ্টির ভারসাম্য বজায় রাখার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন তার সাবেক শেফ। তার প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবার অন্তর্ভুক্ত থাকে।

ব্যারোন জানান, সকালের নাশতায় রোনালদো সাধারণত অ্যাভোকাডো, ডিম এবং চিনি ছাড়া কফি পান করেন। তার খাবারে কোনো ধরনের মিষ্টি রাখা হয় না।

দুপুরের খাবারেও থাকে সহজ এবং পুষ্টিকর উপাদান। মুরগির মাংস কিংবা মাছের মতো চর্বিহীন প্রোটিনের সঙ্গে প্রচুর শাকসবজি খান তিনি। চাল বা গমজাতীয় খাবার সাধারণত এড়িয়ে চলেন। প্রয়োজনীয় শর্করার বড় অংশ আসে শাকসবজি থেকে।

রাতের খাবারেও একই ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করেন রোনালদো। মুরগির মাংস বা মাছের সঙ্গে থাকে বিভিন্ন ধরনের সবজি। প্রতিটি খাবার এমনভাবে প্রস্তুত করা হয়, যাতে পুষ্টিগুণ যথাসম্ভব অক্ষুণ্ন থাকে।

দুধ ও দুগ্ধজাত খাবারের পাশাপাশি মিষ্টি, রুটি, পাস্তা এবং প্রক্রিয়াজাত শর্করাজাতীয় খাবারও এড়িয়ে চলেন রোনালদো। অন্যদিকে তার খাদ্যতালিকায় স্বাস্থ্যকর চর্বি এবং উন্নতমানের প্রোটিনসমৃদ্ধ খাবার গুরুত্ব পায়।

রোনালদোর সাবেক শেফের দেওয়া তথ্য অনুযায়ী, কঠোর খাদ্যাভ্যাসের পাশাপাশি খাবারের পুষ্টিমান এবং ভারসাম্যের দিকেও বিশেষ নজর রাখেন এই ফুটবল তারকা। দীর্ঘদিনের ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে এটিও তার জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী প্রতিবাদ মিছিল

৩ নভেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার, বিকাল তিন সাড়ে তিনটায়, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল, থানা স্বেচ্ছাসেবক ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকের সমন্বয়ে, বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে শ্রমিক বেতনের দাবিতে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোশরের সহযোগিতায়, সন্ত্রাস কার্যকলাপের প্রতিবাদে নারায়ণগঞ্জ মিশন পাড়া সভা ও মিছিলের অনুষ্ঠিত হয়, স্বেচ্ছাসেবক মহানগরের পক্ষ থেকে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাকির হোসেন, জুলহাস মিয়াজী, মিজানুর রহমান রনি মল্লিক, মাহফুজুর রহমান, মোহাম্মদ আফজাল হোসেন, সহ নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ, মিশন পড়া হয়ে মেট্রো হল দিয়ে চাষাড়া জিয়া হলে এক বক্তব্যের মাধ্যম দিয়ে মিছিলটির সমস্ত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%