০৪:৩৪ পি.এম
মানিকগঞ্জের শিবালয়ে চার হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩০) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটের কাছাকাছি বিআইডব্লিউটিএর টোলঘরের দক্ষিণ পাশে ধুতরাবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে।
গ্রেপ্তার হওয়া যুবক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাইরাখালী গ্রামের মো. সৈয়দ বাদশার ছেলে। শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে শিবালয় থানা পুলিশ অভিযান পরিচালনা করে হেলাল উদ্দিন নামের যুবককে আটক করে। এ সময় তার কাছে নিষিদ্ধ ২০টি নীল রঙের পলিপ্যাকে রাখা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে রবিবার দুপুরে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: ঘাটারচরে নকল ওষুধ কারখানায় অভিযান, ৬ জন আটক
শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘গত রাতে শিবালয় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া পাঁচ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হেলাল উদ্দিন নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন