ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ঘাটারচরে নকল ওষুধ কারখানায় অভিযান, ৬ জন আটক


ঘাটারচরে নকল ওষুধ কারখানায় অভিযান, ৬ জন আটক

কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় অবস্থিত একটি ভুয়া ও অননুমোদিত ওষুধ তৈরির কারখানায় বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে এসআরবি-২। বিপুল পরিমাণ ভুয়া ওষুধ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসআরবি-২ এর মেজর এম মুবীন রহমান তাপস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে, জেলার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় একটি বাড়িতে একটি অসাধু ও প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভুয়া ওষুধের ট্রেডমার্ক, মোড়ক এবং লোগো ব্যবহার করে নিম্নমানের ও অননুমোদিত ওষুধ তৈরি করে আসছে। তারা এসব ওষুধ প্যাকেটজাত করে দেশের বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা বিক্রি করছে। এসআরবি-২ এর আভিযানিক দল গোপন সংবাদের সত্যতা যাচাই করে ঘাটারচর এলাকায় ভেজাল ওষুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, ৫ লাখ টাকা জরিমানা

অভিযানে মো. রাকিব দাড়িয়া (২৩), মো. আরাফাত হাওলাদার (২২), মো. ফারদিন হোসেন (২৪), মো. রাশেদুল ইসলাম (২২), মো. রুহান ইসলাম (২০) এবং মো. আল-আমিন খন্দকার (১৯)-কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরস্পর যোগসাজশে বস্তাভর্তি ট্যাবলেট এবং গ্যালনভর্তি লিকুইডকে বিভিন্ন গুণাগুণ সম্পন্ন ওষুধের নাম, পরিচয় ও লেবেল ব্যবহার করে নিজেই মেয়াদোত্তীর্ণের তারিখ বসিয়ে বাজারজাত করে আসছিল। উদ্ধারকৃত ওষুধের প্রকৃত পরিচয় ও প্যাকেটে উল্লেখিত ওষুধের মধ্যে অসামঞ্জস্য পরিলক্ষিত হওয়ায় Organic Nuroclean ট্যাবলেটের ৩১০টি কৌটা, লিউকোরিয়া বিনাশ ট্যাবলেটের ২৮৫টি কৌটা, লিউকোরিয়া বিনাশ সিরাপ ৩৬০টি বোতল, ডায়াবেটিস ক্লিন পাউডার ৪০টি কৌটা, Pain Care Oil ২৫ বোতল, লেবেল ছাড়া ট্যাবলেটের কৌটা ৪০০টি এবং পাউডারের কৌটা ৮৫টি, ১০৬ কেজি সাদা রঙের ট্যাবলেট, ০৪ কেজি সবুজ রঙের ট্যাবলেট, ০৩টি ড্রামে ১৪৫ কেজি তরল সিরাপ, বিভিন্ন ব্র্যান্ডের নামের লেবেল ০১ বস্তা, ০১ বস্তা খালি বোতল ও মোড়কের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে এসআরবি-২ এর আভিযানিক দল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীতে গড়ে ওঠা এ সকল অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এসআরবি-২ এর অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন: খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রবীন্দ্রবিরোধী পোস্টার সাঁটানো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার আহত শ্রমিকদের পাশে এমপি মজিবুর রহমান হাসপাতাল থেকে বাসভবনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


শুক্রবার আহত শ্রমিকদের পাশে এমপি মজিবুর রহমান হাসপাতাল থেকে বাসভবনে

গাজীপুর-১ আসনের এমপি মোঃ মজিবুর রহমান শুক্রবার (৬ নভেম্বর) দিনভর আহত শ্রমিকদের পাশে ছিলেন।

সকালে তিনি প্রথমে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের বেডের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নেন। তিনি জানতে চান, কার চিকিৎসা কেমন চলছে এবং কার কি প্রয়োজন। এরপর তিনি হাসপাতাল থেকে সরাসরি বিভিন্ন ওয়ার্ডের শ্রমিকদের বাসভবনে ছুটে যান। একে একে আহত শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

এ সময় তার সাথে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক, শ্রমিকদল, কোনাবাড়ী থানা ছিলেন। হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত শ্রমিকদের দেখলে বুকটা হাহাকার করে ওঠে। কেউ ব্যথায় কাতরাচ্ছে, কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না। যে ব্যক্তি সকাল হলেই কারখানায় যেতো এবং পরিবারের মুখে হাসি ফোটাতে মাথার ঘাম পায়ে ফেলতো, আজ সে হাসপাতালের বেডে অসহায় হয়ে পড়ে আছে।

বাড়িতে গিয়ে দেখা গেলো আরও হৃদয়বিদারক দৃশ্য। ঘরের এক কোণে শুয়ে আছে আহত শ্রমিক। পাশে বসে আছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং ছোট ছোট সন্তান। মায়ের চোখে পানি, স্ত্রীর মুখে দুশ্চিন্তার ছাপ। ছোট বাচ্চাটা বাবার দিকে তাকিয়ে আছে - বাবা কবে উঠে দাঁড়াবে, কবে আবার তাকে কোলে নেবে।

একজন আহত শ্রমিকের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, "সংসারটা এখন কিভাবে চলবে জানি না। মানুষটা ঘরে ফিরলেই আমাদের শান্তি।"

আরেক বাড়িতে গিয়ে দেখা যায়, আহত শ্রমিক ব্যথার যন্ত্রণায় ঠিকমতো বসতে পারছে না। তবুও এমপি সাহেবকে দেখে মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। সেই হাসির আড়ালে লুকিয়ে আছে কত কষ্ট, কত না বলা যন্ত্রণা।

আহত শ্রমিকরা এমপিকে নিজেদের বাড়িতে পেয়ে আনন্দের জোয়ার অনুভব করেন। অনেক শ্রমিক আনন্দের সাথে বলেন, "এমপি মজিবুর রহমান হচ্ছে মানবতার এমপি। বিপদের সময় যিনি শ্রমিকের বাড়িতে ছুটে আসেন, তিনিই সত্যিকারের জনপ্রতিনিধি।"

এত কষ্টের মধ্যেও এমপিকে দেখে তাদের মুখে যেন একটু স্বস্তির হাসি ফুটলো। মনে হলো, আমরা একা নই, আমাদের পাশে একজন আছে।

আহত শ্রমিকদের মধ্যে ছিলেন জসিম, জহিরুল ইসলাম জহির, রবিউল আলম রবি সহ অন্যান্যরা। রবিউল আলম রবি স্বেচ্ছাসেবক দল কোনাবাড়ী মেট্রো থানার সদস্য সচিব।

এমপি আহতদের চিকিৎসাসহ সার্বিক দেখাশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সাহস দেন, বলেন - "ভেঙে পড়বেন না, আমি আপনাদের পাশে আছি।"

শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা জানান, এমপি নিজে এসে খোঁজ নেওয়ায় তাদের মনোবল অনেক বেড়ে গেছে। এত বড় নেতা আমাদের এই ছোট ঘরে আসবেন, এটা আমরা ভাবতেও পারিনি। তিনি এসে আমাদের বুকে জড়িয়ে নিলেন, এটাই আমাদের বড় পাওয়া। আহতদের চোখের পানি মুছে দিয়ে এমপি যখন বাড়ি থেকে বেরিয়ে যান, তখন পেছনে থেকে যায় একটাই দোয়া - আল্লাহ যেন এই মানবতার এমপিকে ভালো রাখেন, আর আমাদের আহত ভাইদের দ্রুত সুস্থ করে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ জন বিদেশি নাগরিককে বিশেষ দায়রা আদালতে হাজির করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। দেশটির অভিবাসন বিভাগ তাদের আদালতে নিয়ে যায়।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোহরের পেকেনানাস অভিবাসন আটককেন্দ্রে স্থাপিত বিশেষ আদালতে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়।

জোহর রাজ্য অভিবাসন বিভাগের প্রসিকিউশন কার্যক্রমে সরকারি কৌঁসুলির দপ্তর অংশগ্রহণ করে। আদালতে হাজির হওয়া অভিযুক্তদের বয়স ১৯ থেকে ৫৬ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, নেপাল, পাকিস্তান ও চীনের নাগরিক।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ৩১২ জনের মধ্যে ১৯৬ জনের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট বা মালয়েশিয়ায় অবস্থানের অনুমতিপত্র না থাকার অভিযোগে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারায় মামলা করা হয়। আদালতে তারা সবাই নিজেদের দোষ স্বীকার করেন। পরে প্রত্যেককে গ্রেফতারের তারিখ থেকে কার্যকর চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে আরও ১১০ জনের বিরুদ্ধে একই আইনের ১৫(১)(সি) ধারায় অভিযোগ গঠন করা হয়। তারাও আদালতে দোষ স্বীকার করেন। আদালত প্রত্যেককে গ্রেফতারের তারিখ থেকে কার্যকর ছয় মাসের কারাদণ্ড দেন।

এছাড়া, প্রতিষ্ঠানে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ইন্দোনেশিয়ার এক নাগরিকের বিরুদ্ধে অভিবাসন আইনের ৫৫(১) ধারায় মামলা করা হয়। তিনিও দোষ স্বীকার করলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

তবে বৈধ পাসপোর্ট বা অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে একই আইনের ৬(১)(সি) ধারায় অভিযুক্ত বাংলাদেশের ও মিয়ানমারের দুই পুরুষ নাগরিক আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। পরে মামলার প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তরের জন্য আদালত তাদের মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ নভেম্বর ও ৩ ডিসেম্বর নির্ধারণ করেন।

আদালতের পুরো কার্যক্রম নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে জোহর রাজ্য অভিবাসন বিভাগ বা আইন প্রয়োগ শাখার পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

জোহর রাজ্য অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশটির অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। রাজ্যে অবৈধ অভিবাসীদের (পিএটিআই) উপস্থিতি ও তাদের অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না।

বিভাগটির মতে, এ ধরনের ধারাবাহিক বিচারিক কার্যক্রমের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি জোহর রাজ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে তাদের কঠোর অবস্থান প্রতিফলিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপাবলির অনুষ্ঠানে একে অপরের হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


দীপাবলির অনুষ্ঠানে একে অপরের হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া

মুম্বাইয়ের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দীপাবলির অনুষ্ঠানে বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন একে অপরের হাত ধরে উপস্থিত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিচ্ছেদের গুঞ্জনকে দূরে ঠেলে তারা একে অপরের প্রতি মুগ্ধতায় বিভোর ছিলেন।

অভিষেক ও ঐশ্বরিয়ার নতুন এই সম্পর্কের রসায়ন নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনুষ্ঠানের দিন ঐশ্বরিয়া সোনালি পাড়ের টকটকে লাল শাড়ি পরিধান করেন, যা সোনার গহনার সাথে মানিয়ে যায়। অন্যদিকে, অভিষেক কালো শেরওয়ানিতে সজ্জিত ছিলেন।

তারকা দম্পতি একসঙ্গে লাল গালিচায় হাঁটেন এবং একসঙ্গে ছবি তোলেন। তবে আলোকচিত্রীরা তাদের একক ছবি তোলার জন্য অনুরোধ করলে, তারা তাতে রাজি হননি। বরং, দু’জনের একসঙ্গে ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান।

এই ভিডিওটি অভিষেক ও ঐশ্বরিয়ার ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ভিডিওর মন্তব্যের ঘরে একজন অনুরাগী লিখেছেন, ‘দু’জনকে একসঙ্গে এতো খুশি দেখে ভালো লাগছে’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘২০০৮ সালের সেই পুরনো অভিষেক-ঐশ্বরিয়ার রসায়ন যেন ফিরে এসেছে। তাদের একে অপরের দিকে তাকানোর ভঙ্গি দেখে আবেগপ্রবণ হয়ে গেলাম’।

অভিষেক ও ঐশ্বরিয়ার পরিচয় ১৯৯৯-২০০০ সালের একটি ফটোশুটের মাধ্যমে ঘটে। এরপর ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। পরবর্তীতে তারা একসঙ্গে ‘উমরাও জান’, ‘গুরু’ এবং ‘ধুম ২’-এর মতো সিনেমায় অভিনয় করেন। কাজ করতে গিয়ে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে এবং ২০০৭ সালে অভিষেক ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেন। ওই বছরই ২০ এপ্রিল মুম্বাইয়ে বচ্চন পরিবারের বাসভবনে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে হয়।

২০১১ সালে তাদের সংসারে আসে মেয়ে আরাধ্য বচ্চন। যদিও তাদের সংসার সুখের, গত কয়েক বছর ধরে শোবিজে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। তবে এই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মনীশের দীপাবলি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন তারা। এতে করে দীর্ঘদিনের বিচ্ছেদের গুঞ্জনের আগুনে পানি ঢেলে দেন আলোচিত এই জুটি।

এছাড়া, মনীশ মালহোত্রার দীপাবলির অনুষ্ঠানে শুধু অভিষেক ও ঐশ্বরিয়া উপস্থিত ছিলেন না, বরং অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কাজল, জেনেলিয়া ডি’সুজার মতো আরও অনেক তারকা হাজির ছিলেন। তবে অভিষেক-ঐশ্বরিয়ার নতুন রসায়ন এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রী ইকরার স্মৃতি আজও কাঁদায় জাহের আলভীকে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


স্ত্রী ইকরার স্মৃতি আজও কাঁদায় জাহের আলভীকে

দীর্ঘ ১৬ বছরের সংসারজীবন অতিবাহিত হয়েছে। স্ত্রী ইকরার সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত আজও আলভীর স্মৃতিতে অমলিন রয়েছে। কিন্তু সেই সুন্দর স্মৃতিগুলো এখন অভিনেতা জাহের আলভীর মনে কষ্টের জন্ম দেয়। প্রিয় মানুষকে হারানোর শোক বুকে নিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, নিজের জীবনের কঠিন সময় এবং স্ত্রীকে হারানোর বেদনা নিয়ে আলভী কথা বলেন। তিনি জানান, ইকরার সঙ্গে কাটানো পুরোনো স্মৃতিগুলো মনে পড়লে এখনো কষ্ট অনুভব করেন। তবে তিনি এসব স্মৃতি ভুলে যেতে চান না। বরং সবসময় অনুভব করতে চান, যেন ইকরা তাদের সঙ্গেই আছেন এবং সন্তানের মা হিসেবে দূর থেকে আশীর্বাদ করছেন।

স্ত্রীকে হারানোর পর, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এখন একমাত্র সন্তান। ছেলেকে নেতিবাচক পরিবেশ ও ক্ষতিকর মানুষের প্রভাব থেকে দূরে রেখে সুন্দরভাবে বড় করার লক্ষ্য তার প্রধান। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও সন্তানের কাছে ফিরে যাওয়ার তাগিদ অনুভব করেন তিনি। দীর্ঘ সময় ছেলের কাছ থেকে দূরে থাকাও এখন তার জন্য কঠিন হয়ে উঠেছে।

সন্তানের মানসিক অবস্থার বিষয়েও আলভী সতর্ক রয়েছেন। চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞদের পরামর্শ মেনে, ছেলেকে কোনো কিছু জোর করে বোঝানোর চেষ্টা করছেন না। স্বাভাবিকভাবে যেন সে পরিস্থিতি বুঝতে পারে এবং শোক কাটিয়ে উঠতে পারে, সে জন্য প্রয়োজনীয় সময় দিচ্ছেন তারা।

নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে আলভী জানান, একপর্যায়ে প্রবল অস্থিরতা ও শ্বাসকষ্টের মতো অনুভূতি হচ্ছিল তার। কিন্তু সন্তানকে বুকে জড়িয়ে ধরার পর মনে হয়েছে, তিনি এখনো বেঁচে আছেন এবং ছেলের জন্য তাকে বেঁচে থাকতে হবে। আপাতত ভবিষ্যৎ নিয়ে বড় কোনো পরিকল্পনা নেই, বাবা-ছেলের একসঙ্গে এগিয়ে যাওয়া এবং নিজের অভিনয়জীবন নিয়েই ভাবছেন তিনি।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের নানা জটিলতা, কারাবাস ও আইনি প্রক্রিয়া শেষে, প্রায় সাত মাস বিরতি দিয়ে অক্টোবরের মাঝামাঝি আবারও নাটকের শুটিংয়ে ফেরেন জাহের আলভী। নতুন করে কাজ শুরু করে অভিনয়জগতে নিজের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%