ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: সিলেট জেলা পরিষদ প্রশাসক


পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: সিলেট জেলা পরিষদ প্রশাসক

সিলেট নগরীর তেলীরাইয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। তিনি বলেন, "দেশের অগ্রগতি এবং সামাজিক শান্তি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য অত্যন্ত জরুরি।"

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বিভেদ ভুলে সবাইকে একযোগে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

জনকল্যাণ যুব সংঘের উপদেষ্টা প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নিখিল মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ এবং দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দিপংকর দাস।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ এবং দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা

সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের মিশিগানের একজন কর্মীর পাশে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ। চার সন্তানের বাবা ওয়াল্ট জেরডের জন্য অনলাইনে তহবিল সংগ্রহ করে ২২ হাজার ৮০০ জনের বেশি ব্যক্তি প্রায় ৭ লাখ ৮৪ হাজার ডলার (প্রায় ৮ লাখ ডলার) অনুদান দিয়েছেন।

সম্প্রতি একটি মুদি দোকানে পিৎজা সরবরাহ ও পণ্য সাজানোর কাজ করার সময় দুই ব্যক্তি তার সঙ্গে ঠাট্টা করে একটি ভিডিও ধারণ করেন। সময় জানতে চাওয়ার পর তারা তার ফোনে টাকা লেনদেনের শব্দ বাজিয়ে ১০ ডলার চুরির মিথ্যা অভিযোগ তোলেন।

একপর্যায়ে বিরক্ত হয়ে ওয়াল্ট নিজের কষ্টের কথা জানান। তিনি বলেন, "নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করতে হয় আমাকে। বাড়িতে চার সন্তান অপেক্ষা করছে। পরিবারের দায়িত্ব সামলাতে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয় আমার।"

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সহানুভূতির সৃষ্টি হয়। এরপর অ্যারিজোনার লুক ওকেনশিল্ড গত ২৭ অক্টোবর তার সহায়তায় অনলাইনে তহবিল সংগ্রহ শুরু করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত ২২ হাজার ৮০০ জনের বেশি মানুষের অনুদানে জমা হয় ৭ লাখ ৮৪ হাজার ২৭৩ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৭৫ লাখ টাকা।

ওয়াল্টের নিয়োগদাতা প্রতিষ্ঠানও তার পাশে দাঁড়িয়েছে। মানুষের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এই সহায়তায় পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটানোর সুযোগ পেয়েছেন। তবে পরিবারের নিরাপত্তা ও গোপনীয়তার কথা বিবেচনা করে গণমাধ্যমের সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি তহবিল সংগ্রহ বন্ধের ঘোষণা দেন। একই সঙ্গে অন্যদের সাহায্য করতে আগ্রহীদের স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলীকদমে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রধান অতিথি ইউএনও মনজুর আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


আলীকদমে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রধান অতিথি ইউএনও মনজুর আলম

বান্দরবানের আলীকদমে আলীকদম ফাউন্ডেশনের উদ্যোগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শভিত্তিক সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার রূপমুহুরি রিসোর্ট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহবায়ক জনাব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মনজুর আলম।

প্রধান অতিথি জনাব মনজুর আলম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সমাজে মাদক, ক্যাসিনো এবং টিকটকের নেতিবাচক প্রভাব যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, "এসব অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করতে হবে।" বিশেষ করে মুসলিম পরিবারের সন্তানদের মহানবী (সা.)-এর জীবনের প্রতিটি দিক থেকে শিক্ষা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, "তাঁর আদর্শ অনুসরণ করতে পারলে পরিবার ও সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আসাদুজ্জামান এবং প্রভাষক জনাব মনজুর ইলাহি।

এ সময় ফাউন্ডেশনের সদস্য জনাব কামাল উদ্দিন, জনাব বদিউর রহমান রুস্তম ও জনাব রেজাউল করিম বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব জনাব আরিফ বিল্লাহ, জনাব আব্দুল কুদ্দুস, জনাব জুলকারনাইন, জনাব হাফেজ রহমতুল্লাহ, জনাব ইয়াকুব আলী, জনাব আবু সিদ্দিক, জনাব হোসাইন, জনাব রিদুয়ানুল ইসলাম মাসুদসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এদিন সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রবীন্দ্রবিরোধী পোস্টার সাঁটানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রবীন্দ্রবিরোধী পোস্টার সাঁটানো

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের প্রেক্ষাপটে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকিয়েছিল। এসব দেয়ালচিত্রে দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের চিত্র স্থান পেয়েছে। তবে নগরীর শিববাড়ী মোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি, প্রতিকৃতির পাশে কিছু পোস্টার সাঁটানো হয়েছে। এসব পোস্টারের বিষয়বস্তু নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিববাড়ী মোড়ের দেয়ালে আঁকা অন্যান্য মনীষীদের গ্রাফিতি অক্ষত রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালিতে ঢেকে দেওয়া হয়েছে। গ্রাফিতিটির মাথার কাছে দুটি পোস্টার লাগানো রয়েছে। পোস্টারগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা হয়েছে।

একটি পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশির ঠাঁই নাই, ভারত বন্দনার ঠাঁই নাই।’

তবে এই ঘটনার পেছনে কারা এবং কী উদ্দেশ্যে এটি ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ওই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কবি মাইকেল মধুসূদন দত্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের গ্রাফিতি রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর খুলনা সফর (বৃহস্পতিবার) উপলক্ষে কেসিসির উদ্যোগে আঁকা এসব দেয়ালচিত্র ইতিমধ্যে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই পরিবার নিয়ে ঘুরতে এসে এসব চিত্রের সামনে ছবি তুলেছেন। নগরীর সৌন্দর্যবর্ধনে এমন উদ্যোগের প্রশংসা করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞান ভিত্তিক আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকের চাষ পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


বিজ্ঞান ভিত্তিক আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকের চাষ পদ্ধতি

চিরাচরিত চার দেয়ালের শ্রেণিকক্ষের পরিবর্তে, ফসলের সবুজ মাঠকে পাঠশালা হিসেবে ব্যবহার করে নতুন দিনের কৃষি শিক্ষা কার্যক্রম চলছে। এলাকার প্রান্তিক কৃষক-কৃষাণীরা হাতে বই-খাতা নিয়ে এবং নতুন কিছু শেখার আগ্রহে সেখানে অংশগ্রহণ করছেন। কেউ নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল শিখছেন, আবার কেউ সুজলা-সুফলা পুষ্টিবাগান গড়ে তুলছেন। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামে এমন একটি ব্যতিক্রমী ‘পার্টনার ফিল্ড স্কুল’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে, যেখানে কম খরচে অধিক ফলন ফলানোর আধুনিক কলাকৌশল শেখানো হচ্ছে।

এই উদ্যোগের উদ্দেশ্য হলো অভিজ্ঞতার সঙ্গে আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়ে কৃষিকে আরও পরিবেশবান্ধব, পুষ্টিসমৃদ্ধ ও লাভজনক করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানারা খাতুন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের উৎসাহী প্রান্তিক কৃষক-কৃষাণীরা, যারা শুক্রবার দিনভর অংশগ্রহণ করেন।

মাঠের এই স্কুলে কেবল গতানুগতিক ফসল ফলানো নয়; বরং পুষ্টির উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদ এবং কৃষিকে কেন্দ্র করে নতুন উদ্যোক্তা তৈরি করার নানা কৌশল শেখানো হচ্ছে। এর ফলে চাষাবাদের পাশাপাশি অনেকেই নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের সুযোগ খুঁজে পাচ্ছেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে এলাকার অনেক কৃষাণী বাড়ির পাশের খালি জমিতে নজরকাড়া সবজির বাগান গড়ে তুলেছেন।

বানিয়াকান্দর গ্রামের কৃষাণী বিথী খাতুন জানান, “আগে তো আমরা শুধু নিজেদের পুরনো ধারণা আর খেয়ালখুশি অনুযায়ী চাষবাদ করতাম। কিন্তু এই প্রশিক্ষণে আসার পর সার, বীজ ও ফসলের সঠিক পরিচর্যা নিয়ে একেবারে নতুন অনেক কিছু জানতে পেরেছি। এখন সঠিক নিয়মে চাষ করায় কম খরচে অনেক ভালো ফলন পাওয়ার আশা তৈরি হয়েছে।”

কৃষক রিপন হোসেন বলেন, “এই স্কুল থেকে পুষ্টি ও বিজ্ঞানসম্মত উপায়ে সবজি চাষের ওপর অনেক কিছু শিখেছি। সেই জ্ঞান কাজে লাগিয়ে এখন নানা জাতের শাকসবজি চাষ করছি, যার ফলে অল্প খরচে অধিক ফলন ঘরে তোলা সম্ভব হচ্ছে।” শিক্ষার্থী নিশিতা বিশ্বাস বলেন, “পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ, ক্ষতিকর রোগবালাই দমন এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার কৌশলগুলো শিখছি। এতে কৃষকদের অযথাবাড়তি খরচ কমার পাশাপাশি শতভাগ নিরাপদ ফসল উৎপাদনে দারুণ উৎসাহ মিলছে।”

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “আমাদের প্রান্তিক কৃষক-কৃষাণীদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই পার্টনার ফিল্ড স্কুলের এই আয়োজন। কৃষকরা যেন তাদের বহুদিনের অভিজ্ঞতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ ফলন পেতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। কারণ উর্বর মাটি কিংবা উন্নত বীজ একা ভালো ফলন দিতে পারে না, তার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও দক্ষতা। মাঠের এই উন্মুক্ত পাঠশালা সেই ঘাটতি পূরণ করে কৃষিতে এক সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%