০৬:৪৪ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের প্রেক্ষাপটে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকিয়েছিল। এসব দেয়ালচিত্রে দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের চিত্র স্থান পেয়েছে। তবে নগরীর শিববাড়ী মোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি, প্রতিকৃতির পাশে কিছু পোস্টার সাঁটানো হয়েছে। এসব পোস্টারের বিষয়বস্তু নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিববাড়ী মোড়ের দেয়ালে আঁকা অন্যান্য মনীষীদের গ্রাফিতি অক্ষত রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালিতে ঢেকে দেওয়া হয়েছে। গ্রাফিতিটির মাথার কাছে দুটি পোস্টার লাগানো রয়েছে। পোস্টারগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা হয়েছে।
একটি পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশির ঠাঁই নাই, ভারত বন্দনার ঠাঁই নাই।’
আরও পড়ুন: মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন
তবে এই ঘটনার পেছনে কারা এবং কী উদ্দেশ্যে এটি ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ওই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কবি মাইকেল মধুসূদন দত্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের গ্রাফিতি রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর খুলনা সফর (বৃহস্পতিবার) উপলক্ষে কেসিসির উদ্যোগে আঁকা এসব দেয়ালচিত্র ইতিমধ্যে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই পরিবার নিয়ে ঘুরতে এসে এসব চিত্রের সামনে ছবি তুলেছেন। নগরীর সৌন্দর্যবর্ধনে এমন উদ্যোগের প্রশংসা করেছেন তারা।
আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের বিশাল শোডাউন ও পথসভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন