০৮:৪৪ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুদের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে আসা রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, "তোমরা দেশটাকে ভালোবাসবে। আমাদের দেশই আমাদের অস্তিত্ব। এই দেশই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবিকা ও আশ্রয় দেয়। দেশকে ভালোবেসে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।"
আরও পড়ুন: খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজন গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও মাদক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি আরও বলেন, "আজকের শিশুদের মধ্য থেকেই কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানি কিংবা সশস্ত্র বাহিনীর সদস্য হবে। কেউ সরকারি দায়িত্ব পালন করবে, আবার কেউ দেশ পরিচালনার দায়িত্ব নেবে।" এজন্য তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া করা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং দেশকে ভালোবাসার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, "বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করে। মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে শিশুদের বই পড়ার দিকে ফিরিয়ে আনতে হবে।"
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন
শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন ও সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, "তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।"
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কাছে বঙ্গভবন ঘুরে দেখার অভিজ্ঞতা জানতে চান। এ সময় শিক্ষার্থীরা তাদের পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘরে সংরক্ষিত মূল্যবান সামগ্রী, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখে তারা খুবই আনন্দিত হয়েছে।
একইসঙ্গে তারা রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের উৎসাহিত করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন